9.2 C
London
May 13, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে এনএইচএসের অর্ধেক হাসপাতালে নার্সরা ডাক্তারের ভূমিকায়ঃ বাড়ছে রোগী নিরাপত্তা শঙ্কা

ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) হাসপাতালগুলোর প্রায় অর্ধেকই নার্স, ফার্মাসিস্ট ও প্যারামেডিকদের দিয়ে ডাক্তারদের শিফট পূরণ করছে, যা এনএইচএসের নিজস্ব নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে। 
ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক জরিপে দেখা গেছে, ৮৫টি ট্রাস্টের মধ্যে ৪১টি (৪৮ শতাংশ) ‘অ্যাডভান্সড প্র্যাকটিশনার’ (এপি) নামে পরিচিত এই কর্মীদের দিয়ে জুনিয়র ও রেজিস্ট্রার পর্যায়ের ডাক্তারদের ডিউটি কভার করাচ্ছে।
এপিরা প্রধানত অতিরিক্ত প্রশিক্ষণপ্রাপ্ত নার্স হলেও তাদের মধ্যে ফার্মাসিস্ট, প্যারামেডিক ও ফিজিওথেরাপিস্টও রয়েছেন। গত মাসে এনএইচএস ইংল্যান্ড স্পষ্ট করে বলে যে, এপিরা “কখনোই ডাক্তারদের প্রতিস্থাপন করবেন না”। আর আগের নির্দেশনায় বলা ছিল তারা “পরিচিত পেশাজীবীদের বিকল্প নন”।
কিন্তু বিএমএর তথ্য অনুযায়ী, উত্তর কামব্রিয়া, ল্যাঙ্কাশায়ার ও রাদারহামের মতো ট্রাস্টগুলো এপিদের রেজিস্ট্রার (প্রশিক্ষণরত সবচেয়ে সিনিয়র ডাক্তার, কনসালটেন্টের নিচের স্তর) শিফটেও নিয়োগ দিচ্ছে। রাদারহাম এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট তো ‘সিনিয়র অ্যাডভান্সড প্র্যাকটিশনার’দের দিয়ে রেজিস্ট্রারের ভূমিকা নেওয়ানো হয়। ট্রাস্টের দাবি, লোকাম বা এজেন্সি ডাক্তারদের চেয়ে এপিরা রোগীদের জন্য “নিরাপদ” বলে তাদের নেওয়া হয়।
তবে এই নীতি ইতোমধ্যে গুরুতর রোগী নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। গত বছর রাদারহাম জেনারেল হাসপাতালে এক ‘কনসালটেন্ট নার্স’ (যিনি এপি) কর্তৃক জটিল এন্ডোস্কোপি পদ্ধতিতে ২৫ জন রোগী ক্ষতিগ্রস্ত হন, যার মধ্যে ৭ জন মারা যান। ওই নারী এখন ট্রাস্ট ছেড়েছেন। ট্রাস্ট জানিয়েছে, এখন এপিরা “কখনোই সবচেয়ে সিনিয়র ক্লিনিশিয়ান হন না” এবং অনস্ক ডাক্তারদের তত্ত্বাবধানে থাকেন।
বিএমএর পৃথক জরিপে ৫ হাজারের বেশি ডাক্তারের মধ্যে চার-পঞ্চমাংশ (৮০ শতাংশ) বলেছেন, এপিরা বর্তমানে যেভাবে কাজ করছেন তাতে রোগীর নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। ২৮ শতাংশ ডাক্তার তো বলেছেন এটি ‘সর্বদা’ ঝুঁকিপূর্ণ। তারা প্রায়-দুর্ঘটনা ও রোগী নিরাপত্তা ঘটনার কথা উল্লেখ করেছেন। আর তিন-চতুর্থাংশ ডাক্তার মনে করেন, জনসাধারণ ‘কনসালটেন্ট ক্লিনিক্যাল প্র্যাকটিশনার’-এর মতো বিভ্রান্তিকর পদবির কারণে এপি ও ডাক্তারের পার্থক্যই জানেন না।
বিএমএ কাউন্সিলের চেয়ারম্যান টম ডলফিন বলেন, “এই ফলাফল যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবায় সবার জন্য প্রাথমিক সতর্কতা সংকেত। অ্যাডভান্সড প্র্যাকটিশনাররা আমাদের মূল্যবান সহকর্মী, কিন্তু হাসপাতাল ব্যবস্থাপনা মেডিক্যাল রোটা পূরণ করতে না পারায় তাদের ওই অবস্থানে রাখা উচিত নয় যেখানে রোগী নিরাপত্তা ঘটনা ঘটে।”
অন্যদিকে, রয়্যাল কলেজ অফ নার্সিংয়ের (আরসিএন) চিফ নার্সিং অফিসার লিন উলসি বিএমএর সমালোচনা করে বলেন, তারা “পরিকল্পিত মিডিয়া হস্তক্ষেপের মাধ্যমে পেশাদার যুদ্ধ চালাচ্ছেন”। তিনি বলেন, অ্যাডভান্সড নার্স প্র্যাকটিশনাররা “তাদের নিজস্ব অধিকারে উচ্চ-দক্ষ বিশেষজ্ঞ এবং ডাক্তারের বিকল্প নন”। তাদের ছাড়া এনএইচএসের চাকা “স্থবির হয়ে যাবে” বলে মন্তব্য করেন তিনি।
উলসি বিএমএর জরিপকে ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে বলেন, “নার্স-নেতৃত্বাধীন সেবার নিরাপত্তা ও কার্যকারিতার ওপর প্রচুর স্বাধীন গবেষণা আছে”। তিনি কোক্রেন রিভিউয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, ডাক্তার প্রতিস্থাপনেও রোগীর ফলাফলে ‘সামান্য থেকে কোনো পার্থক্য নেই’। তবে ওই রিভিউয়ের লেখকরাই স্বীকার করেছেন প্রমাণের ওপর তাদের ‘মাঝারি থেকে সামান্য আস্থা’ রয়েছে।
ইংল্যান্ডের চিফ নার্সিং অফিসার ডানকান বার্টন এপিদের পক্ষে সাফ বলেন, “এপিরা কখনোই ডাক্তারদের প্রতিস্থাপন করবেন না – এবং এই ভূমিকাগুলো রোগীর নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে বলে ইঙ্গিত দেওয়া ভুল। অ্যাডভান্সড প্র্যাকটিশনাররা রোগীসেবার মান বাড়ায়।” তবে স্বাস্থ্য ও সামাজিক যত্ন বিভাগের একজন মুখপাত্র জানান, এপিরা “অত্যন্ত প্রশিক্ষিত এবং রোগীদের সেবায় কেন্দ্রীয় ভূমিকা রাখে, কিন্তু তারা অন্য ভূমিকার জন্য প্রতিস্থাপন বা বিকল্প নন”।
বিএমএর তথ্য অনুযায়ী, ৮৮টি ট্রাস্টের মধ্যে ৪৩টিই এখন এপিদকে আলাদা নার্সিং রোটার বদলে সরাসরি মেডিক্যাল রোটায় নিয়মিতভাবে রাখছে। বার্মিংহাম চিলড্রেনস ট্রাস্ট তো দাবি করেছে, তাদের এপিরা “মেডিক্যাল সহকর্মীদের মতো একই ভূমিকায়” কাজ করেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ডাক্তার সংকটের এই বাস্তবতায় এপিদের ভূমিকা বাড়লেও স্বচ্ছতা, সঠিক তত্ত্বাবধান ও রোগীর স্বার্থে স্পষ্ট নীতিমালা এখন সময়ের দাবি।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে মর্গেজের রেট বাড়ছে

অভিবাসন প্রত্যাশীদের জন্য দুঃসংবাদ দিল যুক্তরাজ্য

যুক্তরাজ্যে সহপাঠীদের ওপর নজরদারি চালায় চীনা শিক্ষার্থীরা!