20.1 C
London
June 23, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে কনজারভেটিভ ও লেবার পার্টির ঘাঁটিতে ভাঙনঃ রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশটির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে রিফর্ম পার্টি যুক্তরাজ্য, আর এতে চাপে পড়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি।

হ্যাভারিং নগর ভবনের বাইরে বক্তব্য দিতে গিয়ে রিফর্ম পার্টি যুক্তরাজ্যের নেতা নাইজেল ফারাজ বলেন, এই ফলাফল “ব্রিটিশ রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তনের” ইঙ্গিত বহন করছে।

তিনি বলেন,“এতদিন রাজনীতি বাম ও ডানপন্থার হিসাবেই দেখা হতো। কিন্তু এখন আমরা এমন এলাকাগুলোতে জয় পাচ্ছি, যেগুলো দীর্ঘদিন কনজারভেটিভ পার্টির ঘাঁটি ছিল। একইভাবে লেবার পার্টির বহু পুরোনো শক্ত ঘাঁটিতেও আমরা এগিয়ে যাচ্ছি।”

নাইজেল ফারাজ আরও বলেন,“সামনে আরও বড় সাফল্য অপেক্ষা করছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে শুধু প্রচলিত দুই দলের রাজনীতি নয়, বরং বহুমুখী রাজনৈতিক বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। গ্রীন পার্টি ও উদার গণতান্ত্রিক ধারার দলগুলোরও অগ্রগতি লক্ষ্য করা গেছে।

এদিকে ওয়ালসাল পরিষদে রক্ষণশীলদের ভোটব্যাংক ভেঙে পড়ে এবং তারা পরিষদের নিয়ন্ত্রণ হারায়। একইভাবে সাউথ টাইনসাইডে লেবার পার্টি ২৭টি আসন হারিয়ে পরিষদের নিয়ন্ত্রণ থেকে ছিটকে পড়ে।

অন্যদিকে রিফর্ম পার্টি যুক্তরাজ্য সেখানে ৪১টি আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

নির্বাচনের ফল প্রকাশের পর লেবার পার্টির
ভেতরেও অসন্তোষ প্রকাশ্যে এসেছে। লিভারপুল ওয়েস্ট ডার্বির সাংসদ ইয়ান বায়র্ন এই ফলাফলকে “নির্বাচনী বিপর্যয়” হিসেবে উল্লেখ করে কিয়ার স্টারমারের জবাবদিহি দাবি করেছেন।

তিনি বলেন, “এটি শুধু খারাপ একটি রাত নয়, এটি পুরো লেবার পার্টির জন্য রাজনৈতিক সংকট।”

ইয়ান বায়র্নের অভিযোগ, লেবার পার্টি শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের বাস্তব সমস্যা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় ব্যর্থতার কারণেই দলটির জনসমর্থন ধসে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া তিনি কিয়ার স্টারমারের পদত্যাগের সময়সূচি ঘোষণা এবং দলীয় প্রার্থী নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এবারের স্থানীয় নির্বাচন যুক্তরাজ্যের জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রচলিত দুই দলের বাইরে নতুন রাজনৈতিক শক্তির উত্থান আগামী সাধারণ নির্বাচনের সমীকরণ বদলে দিতে পারে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে

আরো পড়ুন

বৃটেনে ‘পরিবেশবান্ধব’ রমজানে মসজিদ হবে প্লাস্টিকমুক্ত

যুক্তরাজ্যে এনএইচএসের অর্ধেক হাসপাতালে নার্সরা ডাক্তারের ভূমিকায়ঃ বাড়ছে রোগী নিরাপত্তা শঙ্কা

ভেঙ্গে পড়তে পারে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন