ব্রিটেনের কনজারভেটিভ পার্টি ২১ থেকে ২৪ বছর বয়সী তরুণদের নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তাদের ন্যাশনাল ইনস্যুরেন্সের হার অর্ধেক করার প্রতিশ্রুতি দিয়েছে। দলটির নেতা কেমি বেডেনক ঘোষণা করেছেন, কনজারভেটিভ সরকার ক্ষমতায় এলে তরুণ কর্মীদের জন্য নিয়োগকর্তার ন্যাশনাল ইনস্যুরেন্স ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হবে।
কনজারভেটিভদের দাবি, এই পদক্ষেপের ফলে তরুণদের নিয়োগে ব্যবসাগুলোর খরচ কমবে এবং তারা আরও বেশি তরুণ কর্মী নিয়োগে উৎসাহিত হবে। দলটির হিসাব অনুযায়ী, একজন তরুণ কর্মীর জন্য নিয়োগকর্তা বছরে গড়ে প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড সাশ্রয় করতে পারবেন।
প্রস্তাবিত পরিবর্তনের আওতায় ২১ থেকে ২৪ বছর বয়সী কর্মীদের জন্য ন্যাশনাল ইনস্যুরেন্সের হার ৭.৫ শতাংশ হবে। তবে কোনো কর্মীর আয় ৫০ হাজার ২৭০ পাউন্ডের বেশি হলে তার ক্ষেত্রে প্রচলিত হার প্রযোজ্য থাকবে।
কনজারভেটিভ পার্টি জানিয়েছে, এই ন্যাশনাল ইনস্যুরেন্স কমানোর উদ্যোগ বাস্তবায়নে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন পাউন্ড খরচ হবে। কীভাবে এই অর্থের সংস্থান করা হবে, তা দলটি বুধবার ঘোষণা করবে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ব্রিটেনে প্রায় ১০ লাখ তরুণ কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে রয়েছে। কেমি বেডেনক দাবি করেছেন, লেবার সরকার ক্ষমতায় আসার পর তরুণদের বেকারত্ব বেড়ে প্রায় ৭ লাখ ৫০ হাজারে পৌঁছেছে।
তিনি বলেন, ২০০০ সালের পর এই প্রথম ব্রিটেনে তরুণদের বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গড় হারের চেয়ে বেশি হয়েছে। তার দাবি, তরুণদের নিয়োগে নিয়োগকর্তাদের ব্যয় বেড়ে যাওয়ায় তারা তরুণ কর্মী নিয়োগে আগ্রহ হারাচ্ছেন।
বর্তমানে নিয়োগকর্তাদের ন্যাশনাল ইনস্যুরেন্সের হার ১৫ শতাংশ। সাবেক অর্থমন্ত্রী র্যাচেল রিভস তার প্রথম বাজেটে এই হার ১৩ দশমিক ৮ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছিলেন।
কনজারভেটিভ পার্টির ছায়া অর্থমন্ত্রী অ্যান্ড্রু গ্রিফিথ বলেছেন, তরুণদের কর্মসংস্থানের ওপর কর অর্ধেক করে তাদের চাকরির সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দলটি নিয়োগসংক্রান্ত বিধিনিষেধ ও অন্যান্য ব্যয় কমানোর কথাও জানিয়েছে।
এদিকে কেমি বেডেনক আগামী নির্বাচনে রিফর্ম ইউকের সঙ্গে কোনো নির্বাচনী সমঝোতার সম্ভাবনাও নাকচ করেছেন। তিনি বলেছেন, কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট সরকার গঠনের পরিবর্তে নতুন নির্বাচন আয়োজনকে তিনি বেশি পছন্দ করবেন।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এমকে

