13.1 C
London
October 6, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে দুপুর ১২টার পর রাস্তায় বিন রাখলেই ৭০ পাউন্ড জরিমানা

ইংল্যান্ডের ডার্বি শহরে আবর্জনা সংগ্রহের পর নির্ধারিত সময়ের মধ্যে বিন বাড়ির ভেতরে না নিলে বাসিন্দাদের ৭০ পাউন্ড জরিমানার মুখে পড়তে হতে পারে। নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে ডার্বি সিটি কাউন্সিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বার্মিংহাম মেইল জানিয়েছে, ইস্ট মিডল্যান্ডসের ডার্বির বাসিন্দাদের আবর্জনা সংগ্রহের পর দুপুর ১২টার মধ্যে রাস্তা থেকে বিন সরিয়ে নিতে হতে পারে। এ বিষয়ে কাউন্সিল তিনটি নতুন ‘পাবলিক স্পেসেস প্রোটেকশন অর্ডার’ বা জনসাধারণের স্থান সুরক্ষা আদেশ বিবেচনা করছে।

প্রস্তাবিত নিয়ম অনুমোদিত হলে, সংগ্রহের পর দীর্ঘ সময় ফুটপাত বা রাস্তায় বিন রেখে দেওয়া বাসিন্দাদের জরিমানার মুখে পড়তে হবে। এর আগে ছয় মাসের একটি পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়। ওই সময়ে শহরের নয়টি রাস্তায় ফুটপাতে পড়ে থাকা বিন নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছিল।

কাউন্সিলের স্ট্রিটপ্রাইড বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ন্দুকওয়ে ওনুওহা বলেন, ডার্বির রাস্তা ও আবাসিক এলাকাগুলো সবার জন্য পরিষ্কার, নিরাপদ ও চলাচলের উপযোগী রাখতে তারা কাজ করছেন। অধিকাংশ বাসিন্দাই দায়িত্বশীল আচরণ করেন বলেও তিনি জানান।

কাউন্সিলের মতে, সংগ্রহের পর রাস্তায় পড়ে থাকা বিন পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে হুইলচেয়ার ব্যবহারকারী, চলাচলে সহায়ক যন্ত্র ব্যবহারকারী এবং শিশুদের ঠেলাগাড়ি নিয়ে চলাচলকারীরা এতে সমস্যায় পড়তে পারেন। পাশাপাশি বিন থেকে দুর্গন্ধ ছড়ানো, ইঁদুরসহ বিভিন্ন প্রাণী আকৃষ্ট হওয়া এবং বিন চুরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, বাসিন্দাদের আবর্জনা সংগ্রহের আগের দিন বিকেল ৫টার পর বিন বাইরে রাখতে হবে এবং সংগ্রহ শেষ হওয়ার পরের দিন দুপুর ১২টার আগে তা বাড়ির ভেতরে নিয়ে যেতে হবে।

কাউন্সিলর ওনুওহা বলেন, দীর্ঘ সময় ফুটপাতে বিন পড়ে থাকলে অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা তৈরি হয়। তাই কখন বিন বাইরে রাখা এবং কখন বাড়ির ভেতরে ফিরিয়ে নেওয়া উচিত, সে বিষয়ে আরও স্পষ্ট নিয়ম চালুর প্রস্তাব করা হয়েছে।

তবে পুরো যুক্তরাজ্যে বিন কখন সরিয়ে নিতে হবে—এমন কোনো একক জাতীয় আইন নেই। বিভিন্ন স্থানীয় কর্তৃপক্ষ নিজেদের নিয়ম অনুযায়ী সময় নির্ধারণ করে। অনেক কাউন্সিল সাধারণত আবর্জনা সংগ্রহের পর ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে বিন সরিয়ে নেওয়ার প্রত্যাশা করে। কোথাও আবার সংগ্রহের দিন সন্ধ্যা ৬টার মধ্যে বিন সরিয়ে নেওয়ার নির্দেশনা থাকে।

ডার্বি সিটি কাউন্সিল একইসঙ্গে কুকুরের মল পরিষ্কার না করা এবং ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণের বিষয়েও নতুন জনসাধারণের স্থান সুরক্ষা আদেশ বিবেচনা করছে।

সূত্রঃ বার্মিংহাম মেইল

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ট্যাক্সি শিল্প রক্ষায় TfL-এর অ্যাকশন প্ল্যান, ফের আশার আলো কালো ক্যাবে

যুক্তরাজ্যে স্ত্রীকে হত্যার দায়ে বাংলাদেশী হাবিবুর মাসুমের যাবজ্জীবন কারাদন্ডের সম্ভাবনা

নিউজ ডেস্ক

১০ বছরে লন্ডনের চিত্র বদলেছে উল্টো পথেঃ নতুন জরিপে অসন্তুষ্টির সুর ৫৫ শতাংশ বাসিন্দার