TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে দ্বৈত নাগরিকদের জন্য নতুন ভ্রমণ বিধিঃ মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট গ্রহণে বিবেচনার সুযোগ

যুক্তরাজ্যে প্রবেশে ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য নতুন বিধিনিষেধ কার্যকর হতে যাচ্ছে আগামী বুধবার থেকে। নতুন নিয়ম অনুযায়ী, যাদের ব্রিটিশ ও অন্য দেশের নাগরিকত্ব রয়েছে, তাদের যুক্তরাজ্যে ভ্রমণের সময় অবশ্যই একটি বৈধ ব্রিটিশ পাসপোর্ট প্রদর্শন করতে হবে। অন্যথায় বিদেশি পাসপোর্টের সঙ্গে ৫৮৯ পাউন্ড ফি দিয়ে সংগ্রহ করা “সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট” সংযুক্ত থাকতে হবে।

 

তবে এক বিবৃতিতে হোম অফিস জানিয়েছে, এয়ারলাইন ও অন্যান্য পরিবহন সংস্থা নিজেদের বিবেচনায় বৈধ বিদেশি পাসপোর্টের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ব্রিটিশ পাসপোর্ট বিকল্প নথি হিসেবে গ্রহণ করতে পারে। যদিও এটি বাধ্যতামূলক নয় এবং সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট পরিবহন সংস্থার ওপর নির্ভর করবে।

নতুন নিয়ম অনুযায়ী, গন্তব্য দেশে প্রবেশের বৈধ কাগজপত্র ছাড়া কোনো যাত্রীকে বহন করলে সংশ্লিষ্ট এয়ারলাইন বা পরিবহন সংস্থা জরিমানার মুখে পড়তে পারে। ফলে নিয়ম কার্যকর হওয়ার আগে বহু দ্বৈত নাগরিক উদ্বেগ ও অনিশ্চয়তায় পড়েছেন, বিশেষ করে যাদের ব্রিটিশ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা যারা কখনো ব্রিটিশ পাসপোর্ট নেননি। বিদেশে জন্ম নেওয়া শিশুদের পরিবারও এ পরিবর্তনে প্রভাবিত হয়েছে।

বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাট ক্ষতিগ্রস্তদের জন্য একটি ‘গ্রেস পিরিয়ড’ ঘোষণার দাবি জানিয়েছে। দলটির অভিবাসন ও আশ্রয়বিষয়ক মুখপাত্র উইল ফর্স্টার বলেন, হঠাৎ এই পরিবর্তনে অনেক দ্বৈত নাগরিক বিপাকে পড়েছেন। অসুস্থ স্বজনদের দেখতে যাওয়া বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার মতো জরুরি পরিস্থিতিতেও তারা ভ্রমণ করতে পারছেন না। তিনি কম খরচে বিকল্প ব্যবস্থারও আহ্বান জানান।

নতুন বিধি ব্রিটিশ ও আইরিশ দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সরকার বলছে, সীমান্ত নিয়ন্ত্রণে ব্রিটিশ ও বিদেশি নাগরিকদের পৃথক করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৪ সালের অক্টোবর থেকে সরকারি ওয়েবসাইটে “ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন” বা ইটিএ চালুর ঘোষণা দেওয়া হয়, যা আবাসিক অধিকারবিহীন বিদেশি নাগরিকদের জন্য বাধ্যতামূলক। নভেম্বরে জানানো হয়, নতুন নিয়মে ব্রিটিশ দ্বৈত নাগরিকরা বিদেশি পাসপোর্ট ব্যবহার করে ইটিএ পেতে পারবেন না।

অভিবাসন আইনজীবী মরগান রিড বলেন, ১৯৭১ সালের ইমিগ্রেশন অ্যাক্টে নাগরিকত্ব প্রমাণে বৈধ যুক্তরাজ্য পাসপোর্ট বাধ্যতামূলক—এমন কোনো শর্ত নেই। তার মতে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নাগরিকত্ব ও পরিচয় প্রমাণে ব্যবহারযোগ্য হতে পারে, যদিও সেটি এর মূল উদ্দেশ্য নয়।

বিদেশে বসবাসরত বহু ব্রিটিশ নাগরিক অভিযোগ করেছেন, ফেব্রুয়ারি ও মার্চের নির্ধারিত ভ্রমণের আগে নতুন পাসপোর্ট সংগ্রহের মতো সময় তাদের হাতে নেই। কেউ কেউ পারিবারিক স্মরণসভা বাতিল করেছেন, আবার অনেকে নিয়ম কার্যকর হওয়ার আগেই মৃত্যুপথযাত্রী স্বজনদের দেখতে যাওয়ার পরিকল্পনা এগিয়ে এনেছেন।

ব্রেক্সিট-পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নে বসবাসকারী অনেক ব্রিটিশ নাগরিক দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেন এবং এতদিন তারা ইউরোপীয় পাসপোর্ট ব্যবহার করেই যুক্তরাজ্যে যাতায়াত করেছেন। নতুন নিয়ম কার্যকর হলে তাদের ভ্রমণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

মেয়র নির্বাচনে পোলিং স্টেশন হতে বের করে দেয়া হল সাবেক প্রধানমন্ত্রীকে

ব্রিটিশ বাংলাদেশি শাহনূর হত্যাকাণ্ডে ৬ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে ২০ মিলিয়ন ডলার মানবিক সহায়তার ঘোষণা ঋষি সুনাকের