23.6 C
London
September 25, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে পুলিশের সিস্টেমে বড় সাইবার হামলাঃ কর্মীদের তথ্য ফাঁসের আশঙ্কা

যুক্তরাজ্যের ওয়েলসে ডাইফেড-পাওয়িস পুলিশের সিস্টেমে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। হামলার পর পুলিশের কর্মীদের সঙ্গে সম্পর্কিত তথ্য অ্যাক্সেস বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস বা ফাঁস হওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

২৫ সেপ্টেম্বর প্রকাশিত ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, হামলার কারণে পুলিশের কিছু অ-জরুরি সিস্টেমে সাময়িকভাবে বিঘ্ন ঘটে। পরিস্থিতি মোকাবিলায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছে ডাইফেড-পাওয়িস পুলিশ।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলাকালে তাদের বিভিন্ন সিস্টেমে সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করতে সিস্টেমগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডাইফেড-পাওয়িস পুলিশের এক মুখপাত্র বলেন, এখন পর্যন্ত পরিচালিত তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এই ঘটনার কারণে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে পুলিশের কর্মীদের তথ্য নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। হামলাকারীরা বাহিনীর কর্মীদের সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য অ্যাক্সেস বা হাতিয়ে নিতে পেরেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্মীদের যথাযথ পরামর্শ দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে ১৪ সেপ্টেম্বর। পুলিশ বলেছে, সাইবার হামলার পরও তাদের জরুরি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জরুরি পরিস্থিতিতে পুলিশের সাড়াদান ব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি এবং বাহিনী পুরোপুরি কার্যকর রয়েছে।

৯৯৯ ও ১০১ নম্বরের টেলিফোন সেবাও হামলার কারণে বন্ধ হয়নি। তবে অনলাইন ও ই-মেইলের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন ছিল। পরবর্তীতে এসব যোগাযোগব্যবস্থা পুনরায় চালু করা হয়।

ঘটনাটি যুক্তরাজ্যের তথ্য অধিকার ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ইনফরমেশন কমিশনারস অফিসকে (আইসিও) জানানো হয়েছে। ডাইফেড-পাওয়িস পুলিশ জানিয়েছে, হামলার পর থেকে তাদের সিস্টেমের ওপর নজরদারি আরও জোরদার করা হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় মানুষের মধ্যে সম্ভাব্য উদ্বেগের বিষয়টি তারা বুঝতে পারছে। তথ্য সুরক্ষা এবং নিজেদের সিস্টেমের নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কর্মীদের তথ্য আদৌ অ্যাক্সেস বা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ। তদন্তের অগ্রগতি সম্পর্কে পরবর্তীতে আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে ডাইফেড-পাওয়িস পুলিশ।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে এসাইলাম প্রার্থীদের ইলেকট্রনিক ট্যাগ পরানোর প্রস্তাব

লন্ডনে চীনের প্রস্তাবিত ‘সুপার দূতাবাস’ নিয়ে সিদ্ধান্ত স্থগিত করল লেবার সরকার

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে রাষ্ট্রীয় হুমকি মোকাবিলায় কঠোর আইন কার্যকরঃ সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান