TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন প্রসঙ্গঃ আর নয় গ্রেপ্তার, প্রমাণ সংগ্রহে জোর লন্ডন পুলিশের

আজ সকালে উচ্চ আদালত-এর এক রায়ের পর লন্ডন মহানগর পুলিশ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে জানানো হয়, প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে। ফলে সংগঠনটির পক্ষে প্রকাশ্যে সমর্থন জানানো আইন অনুযায়ী এখনো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

পুলিশ স্বীকার করেছে, আদালতের এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে জনসাধারণের মধ্যে পরবর্তী করণীয় নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। এ অবস্থায় মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন প্রকাশসংক্রান্ত আইনভঙ্গের ঘটনা শনাক্ত করার কাজ অব্যাহত রাখবেন।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করার পরিবর্তে সংশ্লিষ্ট ঘটনার তথ্য-প্রমাণ সংগ্রহে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। পুলিশের মতে, এর মাধ্যমে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ আরও সুদৃঢ় হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আদালতের সিদ্ধান্তকে সম্মান জানানো এবং বিচারিক কার্যক্রম এখনো পুরোপুরি শেষ না হওয়াকে বিবেচনায় রেখে এই পদক্ষেপই সবচেয়ে যুক্তিসংগত ও সামঞ্জস্যপূর্ণ।

তবে এই নীতিগত অবস্থান কেবল প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন প্রকাশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে স্পষ্ট করেছে পুলিশ। কেউ যদি শান্তিপূর্ণ প্রতিবাদের সীমা অতিক্রম করে ভয়ভীতি প্রদর্শন, সম্পত্তি ধ্বংস, সহিংসতা, জাতিগত বিদ্বেষ উসকে দেওয়া কিংবা অন্য কোনো অপরাধে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে তাৎক্ষণিক হস্তক্ষেপ ও গ্রেপ্তার আগের মতোই কার্যকর থাকবে।

এই ঘোষণার ফলে যুক্তরাজ্যে প্রতিবাদ আন্দোলন, নাগরিক অধিকার ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সবার দৃষ্টি আদালতের চূড়ান্ত রায় এবং পরবর্তী রাষ্ট্রীয় পদক্ষেপের দিকে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে অতিরিক্ত কুয়াশা বিঘ্ন ঘটাচ্ছে বিমান যাত্রায়

ইংল্যান্ডে গৃহহীনতার প্রকৃত চিত্র সরকারি হিসাবের চেয়ে ভয়াবহ — ক্রাইসিসের প্রতিবেদন

খুব শিগগিরই ব্যাংকের যেসব শাখা বন্ধ হতে যাচ্ছে