TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বাজারে এলো ওয়েগোভি ওজন কমানোর পিলঃ নকল ঔষধ নিয়ে কড়া সতর্কবার্তা

যুক্তরাজ্যে প্রথমবারের মতো হাই স্ট্রিট ও অনলাইন ফার্মেসিতে বিক্রি শুরু হয়েছে বহুল আলোচিত ওজন কমানোর ওষুধ ওয়েগোভি পিল। দিনে একবার সেবনযোগ্য এই ট্যাবলেটটি স্থূলতা বা অতিরিক্ত ওজনের মানুষের জন্য নতুন একটি বিকল্প হিসেবে বাজারে এলেও আপাতত এটি ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর মাধ্যমে পাওয়া যাচ্ছে না।

ডেনমার্কভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্ক তৈরি করেছে এই ওষুধ। সোমবার থেকে যুক্তরাজ্যজুড়ে হাজারো মানুষ তাদের প্রথম চালান গ্রহণ করতে শুরু করেছেন। এতে ব্যবহৃত হয়েছে সেমাগ্লুটাইড নামের একই সক্রিয় GLP-১ উপাদান, যা আগে থেকেই ওয়েগোভি ইনজেকশনে ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে, ট্যাবলেটটির কার্যকারিতাও ইনজেকশনের প্রায় সমপর্যায়ের।

গত ১১ জুন যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (MHRA) ওয়েগোভি পিলের অনুমোদন দেয়। তবে এটি কেবল ব্যক্তিগত প্রেসক্রিপশনের মাধ্যমে পাওয়া যাবে। চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য মূল্যায়ন, সুষম খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের পাশাপাশি অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

বর্তমানে এনএইচএসের প্রেসক্রিপশনের আওতায় ওষুধটি অন্তর্ভুক্ত হয়নি। ফলে রোগীদের নিজ খরচে বেসরকারি ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে হবে।

ওয়েগোভি পিল বাজারে আসার সঙ্গে সঙ্গেই জনসাধারণকে নকল ও ভেজাল ওষুধের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মেধাস্বত্ববিষয়ক আইন প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড ক্লার্কের বিশেষজ্ঞ মেগান রানার্ড বলেন, বর্তমানে অসংখ্য ভুয়া ওয়েবসাইট নিজেদের বৈধ অনলাইন ফার্মেসি দাবি করে অত্যন্ত কম দামে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে।

তার মতে, এসব ওয়েবসাইট থেকে নকল ওষুধ কেনার ঝুঁকি রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হতে পারে। অনেক ক্ষেত্রে এসব সাইট প্রতারণা কিংবা ফিশিং চক্রেরও অংশ।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে বাজারে আসার পর ওয়েগোভি পিল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরে এপ্রিল মাসে মার্কিন প্রতিষ্ঠান এলি লিলি তাদের ওজন কমানোর পিল ফাউন্ডায়ো (Orforglipron) বাজারে আনে। বিশেষজ্ঞদের মতে, উভয় পিলই ওজন কমানোর ইনজেকশনের তুলনায় তুলনামূলক কম ব্যয়বহুল।

যুক্তরাজ্যে কিছু দীর্ঘমেয়াদি চিকিৎসা পরিকল্পনায় ওয়েগোভি পিলের দৈনিক খরচ প্রায় ২.৩০ পাউন্ড। তিন মাসের প্যাকেজে ১.৫ মিলিগ্রাম শুরুর ডোজের এক মাসের মূল্য ৬৯ পাউন্ড, আর সর্বোচ্চ ২৫ মিলিগ্রাম ডোজের এক মাসের মূল্য ১৮৯ পাউন্ড।

অন্যদিকে অনলাইন ফার্মেসিতে ওয়েগোভি ইনজেকশনের মাসিক মূল্য ডোজ অনুযায়ী ৭৯ থেকে ২৫০ পাউন্ড। আর মাউনজারো ইনজেকশনের দাম ৫৪ থেকে ৩০০ পাউন্ড পর্যন্ত।

সিম্পল অনলাইন ফার্মেসির প্রধান ক্লিনিক্যাল কর্মকর্তা আবদাল আলভি বলেন, যারা নিজে ইনজেকশন নিতে অস্বস্তি বোধ করেন, নিয়মিত ভ্রমণ করেন অথবা সাপ্তাহিক ইনজেকশনের পরিবর্তে প্রতিদিন ট্যাবলেট গ্রহণ করতে চান, তাদের জন্য ওয়েগোভি পিল একটি গুরুত্বপূর্ণ নতুন বিকল্প।

তবে তিনি সতর্ক করে বলেন, ওষুধটি সঠিকভাবে কাজ করার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে খেতে হবে। অন্তত আট ঘণ্টা না খেয়ে থাকার পর খালি পেটে অল্প পানি দিয়ে ট্যাবলেটটি গ্রহণ করতে হবে এবং এরপর অন্তত ৩০ মিনিট পর্যন্ত কোনো খাবার, পানীয় বা অন্য ওষুধ গ্রহণ করা যাবে না।

অনলাইন ফার্মেসি জুনিপার ইউকে জানিয়েছে, পিলটি বাজারে আসার আগেই প্রাথমিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য কয়েক হাজার মানুষ অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধন করেছিলেন, যা ওষুধটির প্রতি মানুষের ব্যাপক আগ্রহেরই প্রমাণ।

ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, প্রতিদিন ২৫ মিলিগ্রাম ওয়েগোভি পিল সেবনকারী রোগীরা ৬৪ সপ্তাহে তাদের শরীরের মোট ওজনের ১৪ থেকে ১৭ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম হয়েছেন। তবে ফলাফল নির্ভর করেছে নিয়মিত ওষুধ সেবন ও জীবনযাপনের পরিবর্তনের ওপর।

ওয়েগোভি পিলের সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ও বমি। এমএইচআরএ জানিয়েছে, ওষুধ গ্রহণের পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে রোগীদের দ্রুত চিকিৎসক, ফার্মাসিস্ট বা নার্সের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনে ইয়েলো কার্ড স্কিমে তা রিপোর্ট করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ওজন নিয়ন্ত্রণে নতুন যুগের সূচনা করতে পারে ওয়েগোভি পিল। তবে এটি কোনো ‘ম্যাজিক ট্যাবলেট’ নয়। কাঙ্ক্ষিত ফল পেতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক ব্যায়াম বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

ইমিগ্র্যান্ট সংখ্যা কমছে, তবু ব্রিটেনে অভিবাসন ইস্যু এখনো রাজনীতির কেন্দ্রবিন্দু

ব্রেক্সিটে তীব্র শ্রমিক সংকট, দুধ উৎপাদন কমছে যুক্তরাজ্যে

ব্রিটেনের ওয়াটফোর্ডে মুসলিম কবরস্থানে ৮৫টি কবর ভাঙচুর, তদন্তে পুলিশ