যুক্তরাজ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর) তীব্র শীত ও ভারী তুষারপাতের আশঙ্কায় বাসিন্দাদের আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় মোবাইল ফোন পুরোপুরি চার্জ রাখা, জরুরি খাবার ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাত থেকে দুপুর ১২টা পর্যন্ত যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে হলুদ সতর্কতা জারি থাকবে। ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস থেকে দক্ষিণ স্কটল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষারপাতের আশঙ্কা রয়েছে। কোনো কোনো এলাকায় প্রায় ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) পর্যন্ত বরফ জমতে পারে।
ভারী তুষারপাতের কারণে কোনো কোনো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এতে কয়েক দিন পর্যন্ত খাবার, বিদ্যুৎ ও ঘর গরম রাখার ব্যবস্থা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন, যানবাহন চলাচলে দীর্ঘসূত্রতা এবং কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। মোবাইল ফোনের নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়তে পারে।
এ পরিস্থিতিতে বাসিন্দাদের টর্চলাইট, অতিরিক্ত ব্যাটারি, মোমবাতি, দিয়াশলাই অথবা লাইটার, কম্বল, গরম পোশাক এবং মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে কয়েক দিনের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখতেও বলা হয়েছে।
আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ এইডান ম্যাকগিভার্ন জানিয়েছেন, সোমবার সন্ধ্যা থেকে মধ্য ও উত্তর ওয়েলসের উঁচু এলাকায় তুষারপাত অথবা বরফবৃষ্টি হতে পারে। নিচু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরে মঙ্গলবার ভোরে ঠান্ডা বায়ুপ্রবাহের প্রভাবে উত্তর ইংল্যান্ড ও দক্ষিণ স্কটল্যান্ডের উঁচু এলাকায় উল্লেখযোগ্য তুষারপাত হতে পারে।
তার পূর্বাভাস অনুযায়ী, উত্তর ইংল্যান্ডের ৩০০ মিটারের বেশি উচ্চতার এলাকায় এবং দক্ষিণ স্কটল্যান্ডের ১৫০ থেকে ২০০ মিটার উচ্চতার এলাকাগুলোতে তুষারপাতের ঝুঁকি বেশি। এর সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে তুষারঝড়, বরফ জমে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়া এবং প্রবল বাতাসে তুষার সরে গিয়ে রাস্তা ঢেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
যেসব এলাকায় তুষারপাতের সতর্কতা রয়েছেঃ
ইংল্যান্ডের ইয়র্কশায়ার ও হাম্বার অঞ্চলের নর্থ ইয়র্কশায়ার, সাউথ ইয়র্কশায়ার ও ওয়েস্ট ইয়র্কশায়ার; উত্তর-পূর্ব ইংল্যান্ডের ডার্লিংটন, ডারহাম, গেটসহেড, নিউক্যাসল ও নর্থাম্বারল্যান্ড; উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কামব্রিয়া, ল্যাঙ্কাশায়ার, গ্রেটার ম্যানচেস্টার, চেশায়ার ইস্ট এবং ব্ল্যাকবার্ন উইথ ডারওয়েন।
এ ছাড়া ইস্ট মিডল্যান্ডসের ডার্বিশায়ার ও নটিংহ্যামশায়ার এবং ওয়েস্ট মিডল্যান্ডসের স্ট্যাফোর্ডশায়ার ও স্টোক-অন-ট্রেন্টে সতর্কতা রয়েছে। স্কটল্যান্ডের স্ট্র্যাথক্লাইড, ডামফ্রিজ অ্যান্ড গ্যালোওয়ে, মিডলোথিয়ান ও স্কটিশ বর্ডার্স এলাকাও এর আওতায় রয়েছে।
গাড়ি নিয়ে যাতায়াত একান্ত প্রয়োজন না হলে তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বের হলে যাত্রার আগে রাস্তার অবস্থা যাচাই, বিকল্প পথ পরিকল্পনা এবং স্বাভাবিকের চেয়ে বেশি সময় হাতে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে যাত্রার আগে মোবাইল ফোন সম্পূর্ণ চার্জ করে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে আবহাওয়া দপ্তর।
প্রতিবেদনটি প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইয়র্কশায়ার লাইভ (হাডার্সফিল্ড এক্সামিনার)। তথ্যসূত্র হিসেবে তারা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং ডেইলি স্টারের প্রতিবেদন উল্লেখ করেছে।
সূত্রঃ ইয়র্কশায়ার লাইভ
এমকে

