22.3 C
London
August 15, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে রিফর্ম ইউকের নতুন পরিকল্পনাঃ অবৈধ কর্মী ধরিয়ে দিলে মিলবে পুরস্কার

যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করা কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে বিরোধী দল রিফর্ম ইউকে। দলটি ক্ষমতায় এলে ‘তুর্কিশ বার্বার টিপ লাইন’ নামে একটি হটলাইন চালুর প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে সাধারণ মানুষ অবৈধ কর্মসংস্থানের তথ্য দিলে সফল অভিযানের পর আর্থিক পুরস্কার পাবেন।

দলটির নেতা নাইজেল ফারাজ ও স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ এই পরিকল্পনা তুলে ধরে বলেন, অবৈধ কর্মসংস্থান মানবপাচারকে উৎসাহিত করছে এবং ব্রিটিশ শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। তাদের দাবি, পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষকে প্রতিটি বিশ্বাসযোগ্য অভিযোগ তদন্ত করতে আইনগতভাবে বাধ্য করা হবে।

রিফর্ম ইউকের প্রস্তাব অনুযায়ী, বড় কোনো কোম্পানি অবৈধ কর্মী নিয়োগ করলে তাদের বার্ষিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হবে। শুধু প্রতিষ্ঠান নয়, প্রধান নির্বাহী ও পরিচালকদেরও ব্যক্তিগতভাবে ফৌজদারি দায়ে অভিযুক্ত করা হবে। দলটি এই প্রস্তাবকে ‘ডেলিভারু আইন’ নামে উল্লেখ করেছে।

দলটি আরও বলেছে, জরিমানার অর্থের একটি অংশ সফল তথ্যদাতাদের পুরস্কার হিসেবে দেওয়া হবে এবং বাকি অর্থ অভিবাসন-সংশ্লিষ্ট অপরাধের শিকার ব্যক্তিদের সহায়তা ও হাই স্ট্রিট পুনরুজ্জীবনের কাজে ব্যবহার করা হবে।

তবে পরিকল্পনাটি প্রকাশের পর থেকেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অনেক তুর্কিশ স্টাইলের নরসুন্দর অভিযোগ করেছেন, ‘তুর্কিশ বার্বার’ নাম ব্যবহার করে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অন্যায়ভাবে সন্দেহের মুখে ফেলা হচ্ছে। ব্রিস্টলের এক নরসুন্দর বলেছেন, এই প্রচারণার পর কিছু গ্রাহক তাদের দোকানে আসা কমিয়ে দিয়েছেন, যদিও তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করেন এবং নিয়মিত কর পরিশোধ করেন।

সমালোচকদের অভিযোগ, এ ধরনের নামকরণ বৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অযথা সন্দেহ ও বৈষম্য উসকে দিতে পারে। তবে রিফর্ম ইউকের দাবি, তাদের লক্ষ্য কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠী নয়; বরং অবৈধ কর্মসংস্থান ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

এদিকে যুক্তরাজ্যের হোম অফিস এই পরিকল্পনার কিছু অংশকে রাজনৈতিক প্রচারণা বলে উল্লেখ করেছে। সরকারের দাবি, অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে অভিযান ইতোমধ্যেই জোরদার করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান ও গ্রেপ্তারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বর্তমানে প্রতি অবৈধ কর্মীর জন্য সর্বোচ্চ ৬০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে অনলাইন জালিয়াতি রোধে নতুন আইন করবে পরবর্তী সরকার

লন্ডনের পরই খাদ্য স্বাস্থ্যবিধিতে পিছিয়ে পশ্চিম মিডল্যান্ডসঃ বার্মিংহামের অবস্থানও উদ্বেগজনক

প্রধানমন্ত্রী নিজের দায় প্রাক্তন স্বরাষ্ট্রসচিবের উপর চাপিয়েছেন বলে মনে করেন রাজনীতিবিদেরা

নিউজ ডেস্ক