26.7 C
London
August 17, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ‘সংখ্যালঘুরাই বেশি খুনি’—এমন ধারণা ভুলঃ গবেষণায় উঠে এলো বাস্তব চিত্র

ইংল্যান্ড ও ওয়েলসে হত্যাকারীদের জাতিগত পরিচয় এবং বিদেশি অপরাধীর সংখ্যা নিয়ে জনমনে বাস্তবতার চেয়ে অনেক বেশি ভুল ধারণা রয়েছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। কিংস কলেজ লন্ডন ও ইউগভের যৌথ এই গবেষণায় বলা হয়েছে, অপরাধ সম্পর্কে মানুষের ধারণা অনেক ক্ষেত্রে তথ্যের বদলে আবেগ, উদ্বেগ এবং সামাজিক ও রাজনৈতিক বার্তার প্রভাবে গড়ে উঠছে।

ইংল্যান্ড ও ওয়েলসের এক হাজার ৮০০ জনের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীরা মনে করেন দোষী সাব্যস্ত হত্যাকারীদের ৫৫ শতাংশই সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর সদস্য। অথচ সরকারি তথ্য অনুযায়ী প্রকৃত হার ৩৫ শতাংশ। একইভাবে অনেকের ধারণা ছিল হত্যাকাণ্ডের মাত্র ৪৫ শতাংশ শ্বেতাঙ্গদের দ্বারা সংঘটিত হয়, কিন্তু বাস্তবে এই হার ৬৪ শতাংশ।

গবেষণায় আরও দেখা গেছে, রিফর্ম দলের সমর্থকদের ধারণা বাস্তবতা থেকে সবচেয়ে বেশি বিচ্যুত। তারা বিশ্বাস করেন হত্যাকারীদের ৭০ শতাংশই সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর, যা অন্য যেকোনো দলের সমর্থকদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বিদেশি অপরাধীদের নিয়েও একই ধরনের ভুল ধারণা পাওয়া গেছে। জরিপে অংশগ্রহণকারীরা মনে করেন কারাগারের বন্দিদের ২৫ শতাংশই বিদেশি নাগরিক, অথচ প্রকৃত হার ১২ শতাংশ। যৌন অপরাধের ক্ষেত্রেও অনেকের ধারণা ছিল ৩০ শতাংশ অপরাধ বিদেশিদের দ্বারা সংঘটিত হয়, যদিও সরকারি তথ্য অনুযায়ী প্রকৃত হার ১৫ শতাংশ।

রিফর্ম দলের সমর্থকদের মধ্যে এই ভুল ধারণা আরও প্রবল। তাদের ধারণা ছিল বিদেশি নাগরিকরা ৫০ শতাংশ যৌন অপরাধের জন্য দায়ী, যা কনজারভেটিভ সমর্থকদের ধারণার তুলনায় ২০ শতাংশ বেশি।

কিংস কলেজ লন্ডনের অধ্যাপক ববি ডাফি বলেন, মানুষের ভুল ধারণার পেছনে দুটি বিষয় কাজ করে—একটি হলো তারা কীভাবে চিন্তা করেন, অন্যটি হলো তারা কী ধরনের তথ্য দেখেন বা শোনেন। তার মতে, যারা অভিবাসন ও বৈচিত্র্য নিয়ে বেশি উদ্বিগ্ন, তারা সেই উদ্বেগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অপরাধসংক্রান্ত খবর ও সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তাকে বেশি গুরুত্ব দেন।

গবেষণায় আরও উঠে এসেছে, ৫২ শতাংশ মানুষ মনে করেন জাতিগত বা ধর্মীয় সংখ্যালঘুরা বিচারব্যবস্থায় ভিন্নভাবে সাজা পান। এর মধ্যে ২৯ শতাংশ মনে করেন তারা তুলনামূলক কম সাজা পান, আর ২৩ শতাংশ বিশ্বাস করেন তারা বেশি কঠোর সাজা পান। তবে গবেষকরা বলেছেন, এই ধারণার পক্ষে বাস্তব প্রমাণ পাওয়া যায়নি।

অপরাধের শিকার হওয়ার হার নিয়েও জনমনে বড় ধরনের বিভ্রান্তি রয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যম ধারণা ছিল ২৭ শতাংশ মানুষ সম্প্রতি অপরাধের শিকার হয়েছেন। অথচ ২০২৪-২৫ সালের সরকারি হিসাবে প্রকৃত হার ছিল ৯ দশমিক ৭ শতাংশ।

গবেষকরা সতর্ক করে বলেছেন, এ ধরনের ভ্রান্ত ধারণা বিচারব্যবস্থার প্রতি জনআস্থা ক্ষুণ্ন করতে পারে এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ নীতিগত সিদ্ধান্তের পথ তৈরি করতে পারে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

ফ্রড বা জালিয়াতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ব্রিটিশ সরকার

ইসলাম গ্রহণ করেছেন ব্রিটিশ অভিনেতা ও গায়ক

যুক্তরাজ্যে ডাউনিং স্ট্রিটে বড় রদবদলঃ স্টারমারের দলে ব্লেয়ার আমলের অভিজ্ঞদের প্রত্যাবর্তন