TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সেন্ট অ্যান্ড্রুজ হেলথকেয়ারে ধর্ষণ–অবহেলার অভিযোগ, দুই রোগীর মৃত্যু ঘিরে তদন্ত

যুক্তরাজ্যের নর্থ্যাম্পটনে অবস্থিত বিশেষায়িত মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সেন্ট অ্যান্ড্রুজ হেলথকেয়ারে নির্যাতন, অবহেলা ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগে ১৫ জন কর্মীকে গ্রেপ্তার করেছে নর্থামটনশায়ার পুলিশ। দুই রোগীর মৃত্যুসহ একাধিক হামলার অভিযোগে বর্তমানে তিনটি পৃথক তদন্ত চলছে।

প্রতিষ্ঠানটি জটিল মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা প্রায় ৬০০ রোগীকে সেবা দেয়। পরিচালনাকারী দাতব্য সংস্থা জানিয়েছে, অভিযোগ ওঠার পর সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে জরুরি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পূর্ণ স্বচ্ছতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

গত বছর যুক্তরাজ্যের স্বাস্থ্যখাত নিয়ন্ত্রক সংস্থা সিকিউসি হাসপাতালটিকে ‘অপর্যাপ্ত’ হিসেবে মূল্যায়ন করে এবং নিবন্ধনে জরুরি শর্ত আরোপ করে। এর ফলে নতুন রোগী ভর্তি সীমিত করা হয়।

পুলিশ জানায়, অক্টোবর ২০২৪ থেকে সংঘটিত বিভিন্ন ঘটনার তদন্তে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আটজনকে জুলাই ২০২৫-এ এক মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত ব্যক্তির ওপর কথিত হামলার ঘটনায় ইচ্ছাকৃত অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগে আটক করা হয়। একজনকে ধর্ষণের সন্দেহেও গ্রেপ্তার করা হয়েছে। সবাই বর্তমানে জামিনে রয়েছেন।

ফেব্রুয়ারি ২০২৫-এ এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চরম অবহেলাজনিত হত্যার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। চারজনের বিরুদ্ধে আর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তবে একজন এখনো ইচ্ছাকৃত অবহেলার অভিযোগে জামিনে আছেন। এছাড়া জুন ২০২৫-এ এক ঘটনার পর এক নারীকে হামলা ও অবহেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অক্টোবর ২০২৪-এ এক কিশোরীর মৃত্যুর ঘটনায় একজনকে আটক করা হলেও পরে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত হয়।

রোগীদের পরিবার ও সাবেক কর্মীদের অভিযোগে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। এক মায়ের দাবি, তার মেয়েকে চারজন কর্মী মিলে চেপে ধরেছিল এবং এক পর্যায়ে একজন পুরুষ কর্মী তার ওপর হাঁটু গেড়ে বসেন। দীর্ঘদিনের পৃথকীকরণে থাকার সময় তার ওজন অর্ধেকে নেমে আসে, অপুষ্টির লক্ষণ দেখা দেয় এবং হাতের কার্যক্ষমতা হারায়। এছাড়া দুইবার গরম কফিতে দগ্ধ হওয়ার অভিযোগও রয়েছে।

সাবেক এক কর্মী অভিযোগ করেন, প্রতিষ্ঠানে “গুরুতর সুরক্ষা সংকট” রয়েছে। তার দাবি, কিছু সিনিয়র নার্স রোগীদের উসকানি দিতেন, শয্যাশায়ী রোগীরা চিৎকার করলেও উপেক্ষিত হতেন এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়া যথাযথ নিয়ম না মেনে প্রয়োগ করা হতো। একাধিক ঘটনায় আত্মক্ষতি প্রতিরোধে ব্যর্থতার কথাও উঠে এসেছে।

২০২১ সালে সেখানে চিকিৎসাধীন থাকা এক সাবেক রোগী জানান, কর্মীরা দায়িত্বে অবহেলা করতেন এবং কখনো কখনো ঘুমিয়ে পড়তেন। একবার জরুরি অ্যালার্মের পর তাকে চেপে ধরার সময় তার কবজি সরে যায় বলে অভিযোগ করেন তিনি।

দাতব্য সংস্থাটির বেশিরভাগ সেবা এনএইচএসের মাধ্যমে কমিশনকৃত। মার্চ ২০২৪ সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল প্রায় ২২০ মিলিয়ন পাউন্ড। একটি ফাঁস হওয়া বৈঠকের রেকর্ডিংয়ে মেডিক্যাল ডিরেক্টর সঞ্জিথ কামাথ আর্থিক চাপের কথা উল্লেখ করলেও কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চ ২০২৫ সমাপ্ত বছরে তারা সামান্য উদ্বৃত্ত করেছে এবং প্রতিষ্ঠানটিকে ছোট ও অধিকতর কার্যকর কাঠামোয় পুনর্গঠন করা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সব অভিযোগ পুলিশকে অবহিত করা হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্ত চলছে। ফ্রন্টলাইন কর্মীদের জন্য নতুন প্রশিক্ষণ চালু, এজেন্সি কর্মী কমানো এবং অধিকাংশ ওয়ার্ডে সিসিটিভি স্থাপন করা হয়েছে বলে তারা জানিয়েছে। পাশাপাশি তারা স্বীকার করেছে, সেবা সব সময় রোগীদের প্রাপ্য মানে পৌঁছায়নি এবং ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

সংসার ঠেকাতে কি করলেন ব্রিটিশ বক্সার

যুক্তরাজ্যে ২০২৪ সাল হতে হ্রাস পেয়েছে কেয়ার ওয়ার্কার ভিসা এবং আশ্রয় মঞ্জুরের হার

মাল্টি ইউনিট প্রপার্টির জন্য মর্গেজ

নিউজ ডেস্ক