TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে হোম অফিসের হোটেল কেলেঙ্কারিঃ ২ বিলিয়ন পাউন্ডের চুক্তি, তারপর নিখোঁজ ব্যবসায়ীরা

সরকারি চুক্তির আওতায় অভিবাসী হোটেল পরিচালনা করে কোটিপতি বনে যাওয়া দুই ব্যবসায়ী যুক্তরাজ্য ছেড়ে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

কাবাব দোকানদার সফওয়ান আদম এবং সুশি ব্যবসায়ী বাসাম গিলিনি “স্টে বেলভেদেরে হোটেলস লিমিটেড” (SBHL) নামের প্রতিষ্ঠানের মাধ্যমে অভিবাসী আবাসন ব্যবস্থাপনায় হোম অফিসের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ পেয়েছিলেন।

২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে তারা অন্তত ৪৭.৪ মিলিয়ন পাউন্ড ডিভিডেন্ড হিসেবে উত্তোলন করেছেন।

সরকারি হিসাবে SBHL বর্তমানে যুক্তরাজ্যজুড়ে ৫১টি হোটেল পরিচালনা করছে। তবে চলতি বছরের মার্চে ঘোষণা করা হয় যে ২০২৬ সালের সেপ্টেম্বরের পর তাদের চুক্তি নবায়ন করা হবে না।

এসেক্সের চিগওয়েলে গিলিনির ২০ লাখ পাউন্ড মূল্যের বাড়ির প্রতিবেশীরা জানিয়েছেন, তাকে দীর্ঘদিন দেখা যাচ্ছে না।

পূর্ব লন্ডনের ওয়ানস্টেডে সফওয়ান আদমের এক আত্মীয় বলেন, তিনি এখন দেশে নেই।

তবে কোম্পানির ঘনিষ্ঠ এক সূত্র দাবি করেছে, তারা এখনও যুক্তরাজ্যেই আছেন এবং এখান থেকেই কাজ করছেন।

চুক্তি বাতিলের কারণ জানতে ‘দ্য সান’ পত্রিকার ফ্রিডম অব ইনফরমেশন আইনের আওতায় আবেদনও প্রত্যাখ্যান করেছে হোম অফিস।

সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেলা ঈগল এক সংসদীয় কমিটিতে বলেন, SBHL-এর সঙ্গে “পারফরম্যান্স-সংক্রান্ত নয়, বরং অন্যান্য সমস্যা” ছিল।

এ নিয়ে ট্যাক্সপেয়ার্স অ্যালায়েন্স জানিয়েছে, “সংসদীয় পর্যায়ে গুরুতর প্রশ্ন উঠলেও হোম অফিসের এড়িয়ে যাওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়।”

উল্লেখ্য, পলাতক দুই পরিচালকও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

সূত্রঃ দ্য সান

এম.কে
২৮ জুন ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে ঘরের ফাঁকা রুম থেকে আয় করুন লাখ টাকা, Moovable-এর নতুন ‘লাইফ বুস্ট’ অফার

যুক্তরাজ্যে রেকর্ড পরিমান ত্বকের ক্যান্সার রোগী সনাক্ত

ব্রিটেনে একদিনে কোভিড সনাক্ত ২৪ হাজার, মৃত্যু ৬৫