TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ১৬ বছর বয়সীদের চাকরিতে নতুন কড়াকড়িঃ নিতে হবে কাউন্সিলের অনুমতিপত্র

ব্রিটেনে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের শনিবারের খণ্ডকালীন চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে লেবার সরকার। নতুন প্রস্তাব কার্যকর হলে কোনো নিয়োগকর্তা স্কুলে পড়াশোনা করা ১৬ বছর বয়সীদের কাজে নেওয়ার আগে স্থানীয় কাউন্সিলের অনুমতি নিতে বাধ্য হবেন।

বর্তমান নিয়মে স্কুল ছাড়ার বয়সের নিচে থাকা কিশোর-কিশোরীদের নিয়োগ দিতে পারেন নিয়োগকর্তারা। প্রথম কর্মদিবসের এক সপ্তাহের মধ্যে স্থানীয় কাউন্সিলকে নিয়োগের বিষয়টি জানিয়ে অনুমতিপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। তবে নতুন প্রস্তাবে চাকরি শুরুর আগেই অনুমতির আবেদন করতে হবে।

প্রস্তাব অনুযায়ী, আবেদন করার সময় নিয়োগকর্তাকে কিশোর-কিশোরীর সম্ভাব্য কর্মসূচি ও কাজের সময়সূচি জানাতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে ঝুঁকি মূল্যায়ন যথাযথভাবে সম্পন্ন হয়েছে, তার প্রমাণও দিতে হবে। সংশ্লিষ্ট কিশোর-কিশোরীর বাবা-মায়ের কাছ থেকেও একটি বিবৃতি নিতে হবে, যেখানে কাজে যোগ দেওয়ার জন্য তার শারীরিক সক্ষমতার বিষয়টি নিশ্চিত করা হবে।

তবে কাউন্সিল কত দিনের মধ্যে আবেদন পর্যালোচনা করে অনুমতি দেবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। অনুমতি ছাড়া ১৬ বছর বয়সী কাউকে কাজে নিয়োগ দিলে সংশ্লিষ্ট নিয়োগকর্তা ফৌজদারি অপরাধে অভিযুক্ত হতে পারেন।

চিলড্রেনস ওয়েলবিয়িং অ্যান্ড স্কুলস অ্যাক্টের আওতায় চলতি মাসের শুরুতে প্রকাশিত এক সরকারি পরামর্শপত্রে এসব প্রস্তাব তুলে ধরেছে লেবার সরকার।

সরকারের এই পরিকল্পনার সমালোচনা করেছেন বিরোধী কনজারভেটিভ পার্টির ছায়া ব্যবসা বিষয়ক মন্ত্রী জুলিয়া লোপেজ। তিনি বলেন, তরুণদের প্রথম চাকরির সুযোগ বাড়ানোর পরিবর্তে লেবার সরকার ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন কর্মী নিয়োগ আরও কঠিন করে তুলছে।

দ্য টেলিগ্রাফকে তিনি বলেন, ক্যাফে, দোকান কিংবা সংবাদপত্র বিলির মতো প্রথম দিকের চাকরি তরুণদের দায়িত্ববোধ, দক্ষতা, সময়ানুবর্তিতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করে। প্রথমবার নিজের উপার্জন করার অভিজ্ঞতাও তাদের জন্য গুরুত্বপূর্ণ। শনিবারের একটি চাকরি পেতে কিশোর-কিশোরীদের কাউন্সিলের দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, এই প্রস্তাবের পাশাপাশি দীর্ঘদিন ধরে বেকার থাকা তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনাও নিয়েছে সরকার। ইউনিভার্সাল ক্রেডিট ভাতা পাওয়ার পর টানা ১২ মাস কর্মহীন থাকা ১৮ থেকে ২৪ বছর বয়সীদের জন্য ছয় মাসের সম্পূর্ণ সরকারি অর্থায়নে চাকরির সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। ২০২৯ সালের মার্চের মধ্যে ৯০ হাজারের বেশি তরুণকে এই কর্মসূচির আওতায় কাজে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

লেবারের এই কর্মসূচির সমালোচনা করে বিরোধী দলের ছায়া কর্ম ও পেনশন বিষয়ক মন্ত্রী হেলেন হোয়েটলি বলেন, তরুণদের বেকারত্বের মূল কারণ দূর না করে সরকার সমস্যার উপসর্গ মোকাবিলা করছে। তরুণদের কর্মজীবন শুরু করার জন্য প্রকৃত সহায়তা প্রয়োজন, আরেকটি সরকারি অর্থায়নের অপেক্ষাকেন্দ্র নয়।

তবে শিক্ষা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি এখনো পরামর্শ গ্রহণের পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে সবার মতামত চাওয়া হচ্ছে। শিশুদের কর্মসংস্থানের অনুমতিপত্রের নিয়ম নতুন নয় উল্লেখ করে তিনি বলেন, প্রস্তাবের উদ্দেশ্য হলো কাজ শুরুর আগেই অনুমতি নিশ্চিত করা, যাতে প্রথম দিন থেকেই কাজটি নিরাপদ ও উপযুক্ত থাকে।

সরকারের মতে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের শোষণ বা ঝুঁকি থেকে রক্ষা করা এবং কাজের কারণে পড়াশোনায় যেন ব্যাঘাত না ঘটে, সেটিই প্রধান লক্ষ্য। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে বিদ্যমান ভিন্ন ভিন্ন নিয়মের পরিবর্তে সারা দেশে অভিন্ন নীতিমালা চালুর প্রস্তাবও রয়েছে।

সূত্রঃ জিবি নিউজ \ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভঃ আটক প্রায় ৫০

কনজারভেটিভ পার্টি পুনরায় ফিরে আসার জন্য লড়াই করতে হবেঃ কেটি বলস

আয়ভিত্তিক স্টুডেন্ট লোন ব্যবস্থায় ফি বৃদ্ধির প্রভাব নিয়ে উত্তর আয়ারল্যান্ডে চলছে তীব্র বিতর্ক