যুক্তরাজ্যে ২০২৭ সালের এপ্রিল থেকে ন্যূনতম মজুরির হার বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। প্রস্তাবিত নতুন হার অনুযায়ী, ২১ বছর বা তার বেশি বয়সী কর্মীদের ন্যাশনাল লিভিং ওয়েজ (এনএলডব্লিউ) ঘণ্টাপ্রতি ৩.৯ শতাংশ বেড়ে ১৩.২১ পাউন্ড হবে। একই সঙ্গে ১৮ থেকে ২০ বছর বয়সী কর্মী এবং ১৬ থেকে ১৭ বছর বয়সী কর্মীদের পাশাপাশি শিক্ষানবিশদের ন্যূনতম মজুরিও বাড়ানো হবে।
নতুন হার কার্যকর হলে ১৮ থেকে ২০ বছর বয়সীদের ঘণ্টাপ্রতি মজুরি হবে ১১.২৭ পাউন্ড। আর ১৬ থেকে ১৭ বছর বয়সী কর্মী ও যোগ্য শিক্ষানবিশদের জন্য ঘণ্টাপ্রতি মজুরি নির্ধারণ করা হয়েছে ৮.৩১ পাউন্ড।
সরকারের এই সিদ্ধান্তে নিম্ন মজুরি কমিশনের (লো পে কমিশন) সুপারিশ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। নতুন হার ২০২৭ সালের এপ্রিল থেকে কার্যকর হয়ে পরবর্তী এক বছর, অর্থাৎ ২০২৮ সালের মার্চ পর্যন্ত প্রযোজ্য থাকবে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ১ এপ্রিল থেকে নতুন মজুরির হার কার্যকর হবে। ২১ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে ঘণ্টাপ্রতি মজুরি ৫০ পেন্স, ১৮–২০ বছর বয়সীদের ৪২ পেন্স এবং ১৬–১৭ বছর বয়সী ও যোগ্য শিক্ষানবিশদের ৩১ পেন্স বাড়বে।
নিম্ন মজুরি কমিশন জানিয়েছে, নতুন হার ২০২৭ সালের এপ্রিল থেকে ২০২৮ সালের মার্চ পর্যন্ত মূল্যস্ফীতির পূর্বাভাসের চেয়ে বেশি হওয়ায় কর্মীদের প্রকৃত ক্রয়ক্ষমতা সুরক্ষায় সহায়তা করবে। তবে ২১ বছরোর্ধ্ব কর্মীদের ন্যূনতম মজুরি এখনো গড় ঘণ্টাপ্রতি আয়ের দুই-তৃতীয়াংশের লক্ষ্যমাত্রায় পৌঁছাবে না। অর্থনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে ভবিষ্যতে সেই লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টা চালানো হবে।
সূত্রঃ ইউকে.গভ \ নিম্ন মজুরি কমিশন
এমকে

