TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিলঃ ভোগান্তিতে ব্রিটেনের যাত্রীরাও

যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় ধরনের কারিগরি বিপর্যয়ের কারণে দেশজুড়ে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল বিমান চলাচল। এতে প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ যাত্রী। এর প্রভাব পড়েছে ব্রিটেনের বিমানবন্দরগুলোতেও।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে দেশটির সব বিমানবন্দরে উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয়। যুক্তরাজ্যের সময় অনুযায়ী তখন রাত ৯টা। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রায় পাঁচ ঘণ্টা পর শনিবার ভোরে নিষেধাজ্ঞা তুলে নেয় এফএএ। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও ফ্লাইটের সময়সূচি স্বাভাবিক হয়নি। বাতিল ও বিলম্বিত ফ্লাইটের কারণে বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো থেকে আসা-যাওয়ার প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ডেল্টা এয়ারলাইনস ও আমেরিকান এয়ারলাইনসের প্রত্যেকটির দুই হাজার ২০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ইউনাইটেড এয়ারলাইনসের বাতিল হয়েছে প্রায় এক হাজার ৮০০ এবং সাউথওয়েস্টের প্রায় এক হাজার ৪০০ ফ্লাইট।

যুক্তরাষ্ট্রের এই বিপর্যয়ের প্রভাব পড়েছে যুক্তরাজ্যের বিমান চলাচলেও। লন্ডনের হিথ্রো বিমানবন্দরের ওয়েবসাইটে আমেরিকান এয়ারলাইনসের ডালাসগামী, ইউনাইটেড এয়ারলাইনসের হিউস্টনগামী এবং ব্রিটিশ এয়ারওয়েজের নিউইয়র্কগামী ফ্লাইট বাতিলের তথ্য দেখা গেছে।

ম্যানচেস্টার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে ভার্জিন আটলান্টিকের নিউইয়র্ক, অরল্যান্ডো ও আটলান্টাগামী তিনটি ফ্লাইট সামান্য বিলম্বের মুখে পড়েছে। তবে বড় ধরনের বিলম্বের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এদিকে এডিনবরা বিমানবন্দরেও যুক্তরাষ্ট্রগামী ও যুক্তরাষ্ট্র থেকে আসা ফ্লাইটে বিলম্ব দেখা দিয়েছে। ফিলাডেলফিয়া থেকে আসা আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট নির্ধারিত সকাল ৯টা ৫ মিনিটের পরিবর্তে সকাল ১১টা ২৫ মিনিটে অবতরণের কথা রয়েছে। একইভাবে নিউইয়র্ক থেকে আসা কয়েকটি ফ্লাইটের সময়সূচিতেও পরিবর্তন হয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে আসা তাদের ফ্লাইটগুলো বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থার সমস্যার কারণে বিলম্বিত হতে পারে। যাত্রীদের নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে নিয়মিত আপডেট দেখার আহ্বান জানিয়েছে।

বিমান চলাচলে এই বিপর্যয়ের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের ২২টি বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-সমর্থিত প্রযুক্তি চালু করা হয়েছিল। এর নাম স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অব এয়ারস্পেস বা ‘স্মার্ট’ (SMART)।

প্রযুক্তিটি প্রায় ২০০টি তথ্যের উৎস থেকে পাওয়া ফ্লাইটের গতিপথ, সময়সূচি, আবহাওয়া ও অন্যান্য তথ্য একটি প্ল্যাটফর্মে একত্র করে। তবে নতুন এই প্রযুক্তি চালুর সঙ্গে শুক্রবারের কারিগরি বিপর্যয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি।

যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী শন ডাফি জানিয়েছেন, বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর রাউটার অতিরিক্ত তথ্যের চাপে পড়ে এবং অসংগত তথ্য সরবরাহ করতে শুরু করে। তার ভাষ্য অনুযায়ী, পুরোনো বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে নতুন প্রযুক্তি যুক্ত করার ফলে এই পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে।

তবে সরকারের দেওয়া ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন বিমান চলাচল নিয়ন্ত্রক। ওয়াশিংটন এক্সামিনারের জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রতিবেদক আনা জিয়ারিতেল্লি সিএনএনকে জানিয়েছেন, তিনি প্রায় ৬০ জন বিমান চলাচল নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেছেন। তাদের কেউই সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট নন বলে দাবি করেছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে সাইবার হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মাইক্রোসফটের সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়ের সঙ্গেও এই ঘটনার কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে এনবিসি নিউজকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়নে গত বছর কংগ্রেস ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছিল। পুরোনো তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক সংযোগ এবং পুরোনো রেডিও ব্যবস্থা বদলের কাজ চলছে। তবে এই আধুনিকায়ন সম্পন্ন করতে আরও প্রায় ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী শন ডাফি।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

‘ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে দেবার ঘোষণা’— ইরানের সেনাপ্রধানের

ইরানে বিক্ষোভে নিহত ৬, ট্রাম্পের হুঁশিয়ারিঃ ‘গুলি চললে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে’

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিল ভারত

নিউজ ডেস্ক