14.1 C
London
March 3, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত ঘিরে ভিন্ন তথ্যযুদ্ধঃ সামাজিক মাধ্যমে মার্ক এ শ্রাইকের বিশ্লেষণ ভাইরাল

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী লেখাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। মার্কিন বিশ্লেষক মার্ক এ শ্রাইক তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত দীর্ঘ পোস্টে দাবি করেছেন, পশ্চিমা গণমাধ্যমে যুদ্ধ পরিস্থিতির পূর্ণ চিত্র তুলে ধরা হচ্ছে না এবং বিকল্প আন্তর্জাতিক সূত্রে ভিন্ন বাস্তবতা উঠে আসছে।

 

পোস্টে তিনি উল্লেখ করেন, ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ-এর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে যে, সংঘাত শুরুর অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতালীয় মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে উল্লেখ করা হয়। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একই ধরনের নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

মার্ক এ শ্রাইক তার লেখায় আরও দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির শাসনব্যবস্থা ভেঙে পড়বে—এমন ধারণা বাস্তবে কার্যকর হয়নি। তার ভাষ্য অনুযায়ী, ইরানে একটি অন্তর্বর্তী নেতৃত্ব কাঠামো গঠিত হয়েছে এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এখনো পাল্টা হামলা সমন্বয় করতে সক্ষম রয়েছে বলে বিভিন্ন অ-পশ্চিমা সূত্রে উল্লেখ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতির বিষয়েও তিনি প্রশ্ন তুলেছেন। পেন্টাগনের স্বীকারোক্তি অনুযায়ী কয়েকজন মার্কিন সেনা হতাহত হওয়ার তথ্য তুলে ধরে পোস্টে দাবি করা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোতে হামলার প্রভাব পশ্চিমা গণমাধ্যমে সীমিতভাবে তুলে ধরা হচ্ছে। তবে এসব ঘটনার অনেক তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলেও বিশ্লেষকরা সতর্কতা জানিয়েছেন।

লেখাটিতে ইরানের সামরিক কৌশল পরিবর্তনের কথাও উল্লেখ করা হয়েছে। একক বড় হামলার পরিবর্তে ধারাবাহিক ছোট আকারের আঘাতের মাধ্যমে অর্থনৈতিক চাপ সৃষ্টি করাই তেহরানের বর্তমান কৌশল বলে দাবি করা হয়। এর ফলে উপসাগরীয় অঞ্চলের বিমান চলাচল, জাহাজ পরিবহন এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে বলে পোস্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মার্ক এ শ্রাইক আরও বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও যুদ্ধটি ব্যাপক জনপ্রিয়তা পায়নি বলে বিভিন্ন জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একই সঙ্গে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে বিক্ষোভ, কূটনৈতিক উদ্বেগ এবং জরুরি বৈঠকের খবর উল্লেখ করে তিনি বৈশ্বিক প্রতিক্রিয়াকে ক্রমবর্ধমান সংকট হিসেবে তুলে ধরেছেন।

তার পোস্টে পাকিস্তান, ইরাক ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে মার্কিন কূটনৈতিক স্থাপনাকে ঘিরে বিক্ষোভের কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহর হামলার দাবি তুলে ধরে তিনি সতর্ক করেন যে সংঘাত আঞ্চলিক যুদ্ধের দিকে বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি করছে।

বিশ্লেষণের শেষাংশে মার্ক এ শ্রাইক পাঠকদের পশ্চিমা গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও আঞ্চলিক সূত্র অনুসরণের আহ্বান জানান। তবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যুদ্ধকালীন সময়ে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যের একটি বড় অংশই যাচাইবিহীন থাকতে পারে, ফলে এসব দাবিকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

গাজায় আন্তর্জাতিক ত্রাণ বহর রক্ষায় ইসরায়েলের বিরুদ্ধে স্পেনের সামরিক উদ্যোগ

দ্য ওয়াশিংটন পোস্টের জরিপঃ অধিকাংশ আমেরিকান ভেনেজুয়েলায় ট্রাম্পের পদক্ষেপ সমর্থন করে না

নিউজ ডেস্ক

আদালতের নথিতে প্রকাশ পেল মোদি-মাস্কের বিরোধ