6.4 C
London
March 21, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুদ্ধবাজ খ্রিষ্টান নেতাদের গির্জায় গিয়ে পাপ স্বীকার করতে বললেন পোপ লিও

যুদ্ধবাজ খ্রিষ্টান নেতাদের গির্জায় গিয়ে ‘পাপস্বীকার’ বা কনফেশন করার আহ্বান জানিয়েছেন পোপ লিও। শুক্রবার (১৩ মার্চ) ভ্যাটিকানে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

 

পোপ বলেন, এই নেতাদের উচিত যিশুর শিক্ষা সঠিকভাবে অনুসরণ করছেন কি না, তা খতিয়ে দেখা। তবে যাজকদের উদ্দেশে দেওয়া এই ভাষণে তিনি কোনো নির্দিষ্ট নেতা বা যুদ্ধের নাম উল্লেখ করেননি।

পোপ বলেন, যুদ্ধ শুরু করা খ্রিষ্টান নেতাদের উচিত পাপ স্বীকার করা। এই ধর্মীয় আচারের মাধ্যমে ব্যক্তিগত শুদ্ধি ঘটে এবং সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠিত হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পোপ লিও তার ভাষণে সরাসরি কোনো যুদ্ধ বা কোনো যুদ্ধবাজ নেতার নাম মুখে না নিলেও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ঠিক কাদের উদ্দেশে তিনি এই কথা বলেছেন তা স্পষ্টতই বোঝা যাচ্ছে।

যিশুর অহিংসার নীতি অনুসরণ করে ক্যাথলিক চার্চ সাধারণত যুদ্ধের বিরোধিতা করে থাকে। তবে শতাব্দীকাল ধরে চার্চ ‘জাস্ট ওয়ার’ বা ন্যায়সংগত যুদ্ধের ঐতিহ্য অনুসরণ করে আসছে। এই নীতি অনুযায়ী কোনো সংঘাত নৈতিকভাবে সমর্থনযোগ্য কি না, তা যাচাই করা হয়। যেমন—কোনো অন্যায্য আক্রমণ প্রতিহত করা।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের সূচনা হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটন ডিসির কার্ডিনাল রবার্ট ম্যাক এল-রয়ও বলেছিলেন, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘নৈতিকভাবে বৈধ নয়’। কারণ এটি চার্চের ‘জাস্ট ওয়ার’ মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে।

সূত্রঃ রয়টার্স

এম.কে

আরো পড়ুন

এপিকে ‘অ্যাসোসিয়েটেড প্রোপাগান্ডা’ বললেন ইলন মাস্ক

নিউজ ডেস্ক

কানাডা থেকে ‘ভুল করে’ যুক্তরাষ্ট্রে ঢুকে বন্দিশালায় বাংলাদেশের মাহিন

কিডনি বেচাকেনায় জড়িয়েছে ভারতের অ্যাপোলো হাসপাতাল