6.1 C
London
February 19, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকবাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল, করবেন ইফতারও

জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল এখন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। তার সঙ্গে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেকমোদ্দিন বিলাল এরদোয়ান।

 

রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক ফুটবলার মেসুত ওজিল ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শিরোপাজয়ী জার্মানি দলের সদস্য ছিলেন। ২০১৮ সালে জাতীয় দলকে বিদায় বলে দেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ওজিল খেলেছেন ৬৪৫ ম্যাচ, গোল করেছেন ১১৪টি।

আজ বৃহস্পতিবার দুপুরে নেকমোদ্দিন এরদোয়ানের নেতৃত্বে ওজিলসহ একটি প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আসেন। তারকা এই ফুটবলারকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত রোহিঙ্গা তরুণেরা। অনেকে সেলফি তুলেছেন তার সঙ্গে। নিরাপত্তার কড়াকড়ির কারণে দূর থেকে ওজিলকে একনজর দেখেছেন অনেকে। আজ সারা দিনই আশ্রয়শিবিরে ব্যস্ত সফরসূচি রয়েছে ওজিলদের। রোহিঙ্গা নারী, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের বিষয় নিয়ে কথা বলবেন তারা। ঘুরে দেখবেন রোহিঙ্গা শিশুদের কয়েকটি স্কুল। সন্ধ্যায় একটি রোহিঙ্গা পরিবারের সঙ্গে সারবেন ইফতার।

আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বিশেষ উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান নেকমোদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদলটি। বিমানবন্দরে প্রতিনিধিদলের সদস্যদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

তুর্কি সরকারের সহযোগী সংস্থা ‘টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির’ (টিকা) একটি প্রকল্পের অধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মুর্তজা মেডিকেল সেন্টারের আধুনিকায়নের কাজ চলছে। এই প্রকল্পে ২ কোটি ৭৫ লাখ টাকার সহায়তা দিয়েছে তুর্কি সরকার। প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্যই গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল।

কক্সবাজার বিমানবন্দরে পৌঁছার পর প্রতিনিধিদলের সদস্যরা যান শহরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে। সেখানে তাঁদের স্বাগত জানান আরআরআরসি ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। দুপুর পৌনে ১২টা পর্যন্ত প্রায় ৪০ মিনিটের বৈঠক শেষ করে প্রতিনিধিদলের সদস্যরা সড়ক পথে ৪০ কিলোমিটার দূরের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের উদ্দেশে রওনা দেন।

বৈঠকে নেকমোদ্দিন বিলাল এরদোয়ানকে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্তমান অবস্থা তুলে ধরেন আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, উখিয়া-টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে ১৪ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করলেও গত ৮ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। দেশটির রাখাইন রাজ্যও বর্তমানে সেখানকার একটি সশস্ত্র গোষ্ঠীর দখলে রয়েছে।

এমন পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। অন্যদিকে ১৪ লাখ রোহিঙ্গাদের খাদ্যসহায়তাও কমে যাচ্ছে। তহবিলসংকটে রোহিঙ্গা শিশুদের স্কুলগুলো বন্ধ, শিশুরা রাস্তার রাস্তার ঘুরে ফিরে সময় কাটাচ্ছে। রোহিঙ্গা মেয়েশিশুরা পাচারের ঝুঁকিতে রয়েছে।

এই প্রসঙ্গে আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার খুবই আন্তরিক, এই কথা প্রতিনিধিদলকে তুলে ধরেছি। পাশাপাশি আশ্রয়শিবিরে বন্ধ রোহিঙ্গা শিশুদের স্কুলগুলো পুনরায় চালু করতে তুরস্ক সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। নেকমোদ্দিন এরদোয়ান বন্ধ শিক্ষাকেন্দ্র চালুর ক্ষেত্রে আশ্বাস দিয়েছেন।’

মোহাম্মদ মিজানুর রহমান আরও বলেন, উখিয়ার আশ্রয়শিবিরে তুরস্ক সরকারে অর্থায়নের বর্তমানে ৯টি স্কুল চালু রয়েছে। আরও স্কুল চালু করা দরকার। দাতাগোষ্ঠীর অর্থসহায়তা বন্ধ থাকায় কয়েক মাস ধরে উখিয়া ও টেকনাফের ৩৩ আশ্রয়শিবিরে অন্তত দুই হাজার লার্নিংসেন্টার (শিশুশিক্ষাকেন্দ্র) বন্ধ রয়েছে। জাতিসংঘের ইউনিসেফের অর্থায়নে চালু আছে দুই হাজারের বেশি শিক্ষাকেন্দ্র।

আশ্রয়শিবিরে আরআরআরসি কার্যালয়ে বৈঠক শেষে কথা বলেন নেকমোদ্দিন বিলাল এরদোয়ান। তিনি বলেন, ‘২০১৭ সালের রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক সরকার রোহিঙ্গাদের পাশে ছিল এবং আছে। আমার মা-বাবাও রোহিঙ্গাদের পাশে দাঁড়ান। তাদের জন্মভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে নেকমোদ্দিন এরদোয়ান বলেন, ‘রোহিঙ্গারা নানা সংকটে রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা নারী–শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য ব্যাহত হচ্ছে। তুরস্ক সরকার পাশে থাকবে।’

নেকমোদ্দিন বিলাল এরদোয়ান আর মেসুত ওজিল রোহিঙ্গা পরিবারের সঙ্গে ইফতার করবেন আজ। এ প্রসঙ্গে বালুখালী আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা কামাল আহমদ বলেন, মেসুত ওজিলের সঙ্গে তারা আজ ইফতার করবেন। সেখানে থাকবে রোহিঙ্গাদের পছন্দের ইফতারি ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি ও লেবুর শরবত।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তুরস্কে প্রথম রোজার ইফতার অসহায় মানুষের সঙ্গে করার রেওয়াজ রয়েছে। সে হিসেবে নেকমোদ্দিন এরদোয়ান ও বিশ্বখ্যাত তারকা ফুটবলার মেসুত ওজিল রোহিঙ্গা পরিবারের সঙ্গে প্রথম রোজার ইফতার সারছেন। তাতে রোহিঙ্গারাও মহাখুশি।

সূত্রঃ প্রথম আলো

এম.কে

আরো পড়ুন

নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

গ্রিসে পাসপোর্টহীন বাংলাদেশিদের জন্য সুখবর

ইসরাইল ও নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার পক্ষে বেশিরভাগ কানাডিয়ান