14.5 C
London
August 31, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের পরই খাদ্য স্বাস্থ্যবিধিতে পিছিয়ে পশ্চিম মিডল্যান্ডসঃ বার্মিংহামের অবস্থানও উদ্বেগজনক

লন্ডনের পরই খাদ্য স্বাস্থ্যবিধিতে পিছিয়ে পশ্চিম মিডল্যান্ডস, বার্মিংহামের অবস্থানও উদ্বেগজনক
যুক্তরাজ্যের পশ্চিম মিডল্যান্ডস অঞ্চলে খাদ্য স্বাস্থ্যবিধির মান নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে নতুন এক প্রতিবেদনে। অনলাইনে খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান হাই স্পিড ট্রেনিংয়ের বিশ্লেষণে দেখা গেছে, লন্ডন ছাড়া যুক্তরাজ্যের অঞ্চলগুলোর মধ্যে পশ্চিম মিডল্যান্ডসের গড় খাদ্য স্বাস্থ্যবিধি রেটিং সবচেয়ে কম।

প্রতিবেদনটি তৈরি করতে খাদ্য মান নিয়ন্ত্রণ সংস্থার তথ্য ব্যবহার করে যুক্তরাজ্যের প্রায় ২ লাখ ৪০ হাজার খাদ্য প্রতিষ্ঠানের রেটিং বিশ্লেষণ করা হয়েছে। এতে পশ্চিম মিডল্যান্ডসের ১৮ হাজার ১৮১টি খাদ্য প্রতিষ্ঠানের গড় রেটিং দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৭। ২০২৫ সালের তুলনায় এই স্কোর সামান্য বেড়েছে, তবে জাতীয় গড় ৪ দশমিক ৫৮-এর চেয়ে এখনো কম।

খাদ্য স্বাস্থ্যবিধির রেটিংয়ে ৪ বা তার বেশি স্কোরকে সাধারণভাবে ভালো হিসেবে বিবেচনা করা হয়। তবে অঞ্চলটির বিভিন্ন শহর ও প্রতিষ্ঠানের মধ্যে রেটিংয়ের উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

পশ্চিম মিডল্যান্ডসের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রুসবেরি ও টেলফোর্ড। দুই এলাকারই গড় রেটিং ৪ দশমিক ৭৪। ৩৫০টির বেশি খাদ্য প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে পাওয়া এই স্কোর তাদের জাতীয় তালিকায় যৌথভাবে ১৩তম অবস্থানে রেখেছে।

অন্যদিকে, ২০২৫ সালের তুলনায় সবচেয়ে বেশি উন্নতি করেছে লিচফিল্ড। এক বছরে শহরটির গড় রেটিং শূন্য দশমিক ১৮ পয়েন্ট বেড়েছে। এর ফলে পশ্চিম মিডল্যান্ডসের আঞ্চলিক তালিকায় লিচফিল্ড তৃতীয় অবস্থানে উঠে এসেছে।

তবে তালিকার সবচেয়ে নিচের দিকে রয়েছে ওয়ালসল। শহরটির গড় খাদ্য স্বাস্থ্যবিধি রেটিং মাত্র ৪ দশমিক ০৩, যা জাতীয় তালিকায় যৌথভাবে ৫৫তম অবস্থান তৈরি করেছে। ফলে পশ্চিম মিডল্যান্ডসের পাশাপাশি পুরো যুক্তরাজ্যের খাদ্য স্বাস্থ্যবিধি পরিস্থিতির তুলনাতেও ওয়ালসলের অবস্থান বেশ নিচে।

বার্মিংহামের অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক নয়। পশ্চিম মিডল্যান্ডসের শহরগুলোর মধ্যে বার্মিংহাম ১৪তম এবং জাতীয় তালিকায় ৫৩তম অবস্থানে রয়েছে। শহরটির খাদ্য প্রতিষ্ঠানের গড় রেটিং ৪ দশমিক ১৬।

প্রতিবেদনে টেকঅ্যাওয়ে ব্যবসাগুলো নিয়ে বিশেষ উদ্বেগের কথা উঠে এসেছে। পশ্চিম মিডল্যান্ডসের প্রায় ২৩ দশমিক ৪ শতাংশ টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠানের খাদ্য স্বাস্থ্যবিধি রেটিং ৩ অথবা তার নিচে। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশে খাদ্য নিরাপত্তার মান আরও উন্নত করার সুযোগ রয়েছে।

তবে সামগ্রিক চিত্র পুরোপুরি নেতিবাচক নয়। পশ্চিম মিডল্যান্ডসের ৮৫ দশমিক ৬৯ শতাংশ খাদ্য প্রতিষ্ঠান ৪ অথবা ৫ রেটিং পেয়েছে। রেস্তোরাঁ ও ক্যাফেগুলোর ক্ষেত্রে এই হার আরও বেশি—৮৬ দশমিক ৯৮ শতাংশ।

এছাড়া অঞ্চলটির মোট খাদ্য প্রতিষ্ঠানের ৬৯ দশমিক ৪৮ শতাংশ সর্বোচ্চ ৫ রেটিং পেয়েছে। অর্থাৎ অধিকাংশ প্রতিষ্ঠানের খাদ্য স্বাস্থ্যবিধি মান ভালো হলেও অপেক্ষাকৃত কম রেটিং পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ঘিরে নজরদারি ও উন্নয়ন কার্যক্রমের প্রয়োজন রয়েছে।

বিশেষ করে বার্মিংহাম ও ওয়ালসলের তুলনামূলক কম রেটিং খাদ্য ব্যবসাগুলোতে স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা আরও কঠোরভাবে নিশ্চিত করার প্রয়োজনীয়তা সামনে এনেছে। একই সঙ্গে টেকঅ্যাওয়ে খাতের প্রায় এক-চতুর্থাংশ প্রতিষ্ঠানের কম রেটিং ভোক্তাদের জন্যও সতর্কতার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনটির সামগ্রিক ফলাফল বলছে, পশ্চিম মিডল্যান্ডসে ভালো রেটিং পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হলেও অঞ্চলটির গড় স্কোর জাতীয় গড়ের নিচে রয়েছে। ফলে খাদ্য নিরাপত্তার মান আরও উন্নত করতে স্থানীয় কর্তৃপক্ষ, ব্যবসা প্রতিষ্ঠান এবং খাদ্য কর্মীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে সংশ্লিষ্ট তথ্য থেকে প্রতীয়মান হচ্ছে।

সূত্রঃ বার্মিংহাম সিক্রেট

এম.কে

আরো পড়ুন

সোশ্যাল হাউজিং 

নিউজ ডেস্ক

ভুল তথ্যের ওপর ভর করে HMRC-এর শিশু ভাতা অভিযানঃ ৬৩% পরিবারই ছিলেন বৈধ দাবিদার

যুক্তরাজ্যের আশ্রয়ব্যবস্থায় ডেনমার্ক মডেলঃ বড় পরিবর্তনের ঘোষণা দিতে যাচ্ছেন শাবানা মাহমুদ