TV3 BANGLA
লন্ডনের মেয়র সাদিক খান। ছবি: স্কাই নিউজ
যুক্তরাজ্য (UK)

লন্ডনে প্রতিবন্ধীদের চাকরির সুযোগ বাড়াতে মেয়র সাদিক খানের হাতে আরও ক্ষমতা

লন্ডনে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মেয়র স্যার সাদিক খানের হাতে আরও ক্ষমতা ও দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করছে ব্রিটিশ সরকার। দক্ষতা উন্নয়ন, চাকরির প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সহায়তা কার্যক্রম স্থানীয় পর্যায়ে আরও কার্যকর করতে কেন্দ্রীয় সরকারের কিছু ক্ষমতা লন্ডনের মেয়রের কাছে হস্তান্তরের পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে।

মাই লন্ডনের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রতিবন্ধীবিষয়ক প্রতিমন্ত্রী স্যার স্টিফেন টিমস বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বৈষম্য দূর করতে শুধু কেন্দ্রীয় সরকারের পক্ষে কাজ করা যথেষ্ট নয়। এ জন্য স্থানীয় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মসংস্থান কেন্দ্র এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন।

স্টিফেন টিমস স্থানীয় গণতন্ত্রবিষয়ক প্রতিবেদক সেবার (এলডিআরএস) সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জানান, লন্ডনের মেয়র সাদিক খানসহ বিভিন্ন অঞ্চলের মেয়রদের সঙ্গে সরকারের এ বিষয়ে আলোচনা চলছে। কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের দায়িত্ব স্থানীয় পর্যায়ে হস্তান্তর করা হলে সংশ্লিষ্ট এলাকার প্রয়োজন অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে বলে মনে করছে সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের দায়িত্ব গ্রহণের পর ক্ষমতা বিকেন্দ্রীকরণের সুফল সম্পর্কে আরও স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। বিশেষ করে কর্মসংস্থান সহায়তার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাজ্যের কর্ম ও পেনশন বিভাগ বা ডিডব্লিউপির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, লন্ডনে বর্তমানে প্রায় ১১ লাখ ৬০ হাজার প্রতিবন্ধী ব্যক্তি বসবাস করছেন। তাদের মধ্যে প্রায় ৬ লাখ ৫০ হাজার, অর্থাৎ ৫৫ দশমিক ৮ শতাংশ কর্মসংস্থানে রয়েছেন।

অন্যদিকে প্রতিবন্ধী নন এমন লন্ডনবাসীর কর্মসংস্থানের হার ৭৯ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ দুই জনগোষ্ঠীর কর্মসংস্থানের হারের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লন্ডনে ১৬ থেকে ২৪ বছর বয়সী প্রায় ১ লাখ ২৫ হাজার তরুণ-তরুণী শিক্ষা, চাকরি কিংবা প্রশিক্ষণের বাইরে রয়েছেন। এ পরিস্থিতিকে কর্মসংস্থান সংকটের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

সাদিক খান এক দশকেরও বেশি সময় ধরে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কার্যক্রমের ওপর আরও নিয়ন্ত্রণ চেয়ে আসছেন। ২০১৬ সালে তিনি বলেছিলেন, এ বিষয়ে বেশি স্বায়ত্তশাসন পেলে লন্ডনবাসীদের চাকরি পেতে সহায়তা করা সহজ হবে। গত বছরও তিনি দক্ষতা ও কর্মসংস্থান কার্যক্রম তদারকিতে মেয়র ও সিটি হলের ভূমিকা বাড়ানোর দাবি জানান।

চলতি বছরের জুলাইয়ে লন্ডন অ্যাসেম্বলির সদস্যদের সঙ্গে আলোচনায় তিনি বলেছিলেন, তরুণদের শিক্ষা, চাকরি ও প্রশিক্ষণের বাইরে থাকার সংখ্যা কমাতে সিটি হল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিবন্ধী কর্মীদের চাকরি ধরে রাখা এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের অ্যাকসেস টু ওয়ার্ক কর্মসূচি রয়েছে। শারীরিক প্রতিবন্ধকতা কিংবা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত সমস্যার কারণে কর্মক্ষেত্রে যাদের বিশেষ সহায়তা প্রয়োজন, তারা এ কর্মসূচির মাধ্যমে ব্যবহারিক ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সহায়তার জন্য অনুদান পেতে পারেন।

তবে সাম্প্রতিক সময়ে এ অনুদানের আবেদনের সংখ্যা ব্যাপক বেড়ে যাওয়ায় দীর্ঘ অপেক্ষা ও আবেদন নিষ্পত্তিতে জট তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্টিফেন টিমস।

তিনি জানান, এ সমস্যা সমাধানে অতিরিক্ত ৫০০ কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ তাদের নিয়োগ সম্পন্ন হবে। এরপর প্রশিক্ষণ দিয়ে আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে অনুদানের আবেদনসংক্রান্ত জমে থাকা জট দূর করার লক্ষ্য রয়েছে সরকারের।

স্টিফেন টিমস বলেন, বর্তমানে স্বাস্থ্যগত ও প্রতিবন্ধিতাসংক্রান্ত বিভিন্ন কারণে ব্রিটেনে প্রায় ২৮ লাখ মানুষ কর্মসংস্থানের বাইরে রয়েছেন। তাদের মধ্যে কয়েক লাখ মানুষ চাকরি করতে আগ্রহী। প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে তারা কর্মজীবনে ফিরতে পারবেন, যা ব্যক্তি ও দেশের অর্থনীতি উভয়ের জন্য ইতিবাচক হবে।

২০২৪ সালে ব্রিটিশ সরকার প্রতিবন্ধী ও স্বাস্থ্যগত সমস্যায় থাকা ব্যক্তিদের টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ‘কানেক্ট টু ওয়ার্ক’ নামে একটি স্বেচ্ছামূলক কর্মসূচি চালু করে। লন্ডনের বিভিন্ন এলাকায় চারটি অংশীদার সংস্থা এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

স্টিফেন টিমস জানিয়েছেন, কর্মসূচির প্রাথমিক ফলাফল উৎসাহব্যঞ্জক। স্থানীয় কর্তৃপক্ষ নিজেরাই উপযুক্ত প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা, কলেজ ও অন্যান্য সেবাদানকারী সংস্থা নির্বাচন করতে পারছে। ফলে স্থানীয় চাহিদা অনুযায়ী কর্মসংস্থান সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে।

এদিকে লন্ডনের মেয়র সিটি হলের মাধ্যমে প্রথমবারের মতো ‘ডেফ অ্যান্ড ডিজেবল্ড লন্ডনার্স অ্যাকশন প্ল্যান’ চালু করেছেন। এতে প্রতিবন্ধী ও শ্রবণপ্রতিবন্ধী লন্ডনবাসীর কর্মসংস্থান এবং সামাজিক অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মেয়রের ইনক্লুসিভ ট্যালেন্ট স্ট্র্যাটেজি এবং গেট লন্ডন ওয়ার্কিং পরিকল্পনাও কর্মসংস্থানের বৈষম্য কমানোর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্টিফেন টিমস বলেন, প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের ব্যবধান ২০১০ সাল থেকেই রয়েছে। সরকার এখন এ ব্যবধান কমানোকে অগ্রাধিকার দিচ্ছে।

সূত্রঃ মাই লন্ডন

এমকে

আরো পড়ুন

রমজান উপলক্ষে বার্মিংহামে কঠোর অবস্থানে প্রশাসন

তাপপ্রবাহে বিপদ বাড়াতে পারে ৩ পানীয়ঃ ব্রিটিশদের সতর্ক করল এনএইচএস

লন্ডনের মেয়র সাদিক খানের হজ পালন, বললেন— ‘হজ জীবন বদলে দেয়’