12.6 C
London
October 7, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

লোনা পানির ইলিশ সিলেটের মিঠাপানির হাওরেঃ হাকালুকিতে এবার বড় চমক

লোনা পানির ইলিশ এখন সিলেটের মিঠাপানির হাওরে। এশিয়ার বৃহত্তম মিঠাপানির জলাভূমি হিসেবে পরিচিত হাকালুকি হাওরে এবার জেলেদের জালে অন্য বছরের তুলনায় কয়েকগুণ বেশি ইলিশ ধরা পড়ছে। হাওরে ইলিশের এমন উপস্থিতিতে স্থানীয় জেলেদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।

হাকালুকি হাওরে আগেও বিচ্ছিন্নভাবে ইলিশ ধরা পড়েছে। তবে স্থানীয় জেলে ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের মতে, কয়েক বছরের তুলনায় এবার ইলিশের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রায় পাঁচ বছর আগে হাওরটিতে তুলনামূলক বেশি ইলিশ পাওয়া গিয়েছিল। এরপর কয়েক বছর তেমন দেখা না গেলেও চলতি মৌসুমে আবারও জেলেদের জালে ইলিশ উঠছে।

সম্প্রতি কুলাউড়া-বড়লেখা-চান্দগ্রাম সড়কের আছুরিঘাট এলাকায় হাওর থেকে মাছ নিয়ে বসা কয়েকজন জেলের কাছে দেশি বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ইলিশও দেখা গেছে। স্থানীয় বাজারগুলোতেও এসব ইলিশ বিক্রি হচ্ছে।

কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের জেলে রাহুল মিয়া, মো. উমর আলী, সুফিয়ান আহমদ, জমির মিয়া ও আহাদ মিয়া জানান, গত ৯ সেপ্টেম্বর রাতে কয়েকজন মিলে হাওরে বেড়জাল দিয়ে মাছ ধরছিলেন। কয়েকবার জাল টানার পর তাদের জালে ইলিশ ধরা পড়ে। তাদের ভাষ্য, কয়েক দিন ধরে হাওরের বিভিন্ন জেলের জালেই ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে।

কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ বলেন, মেঘনা ও কুশিয়ারা নদীর সঙ্গে হাকালুকি হাওরের সংযোগ রয়েছে। সাধারণত প্রতি বছর হাওরে ছোট আকারের দুই থেকে চারটি ইলিশ ধরা পড়লেও এবার ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশ তুলনামূলক বেশি পরিমাণে ধরা পড়ছে।

মৎস্য বিভাগের এই কর্মকর্তা জানান, আগাম বন্যা ও পাহাড়ি ঢলের সময় হাকালুকি হাওরের পানি কুশিয়ারা নদী হয়ে পদ্মায় গিয়ে মেশে। এ সময় ইলিশ প্রজননের জন্য স্রোতের বিপরীতে চলাচল করতে গিয়ে হাকালুকি হাওরে প্রবেশ করে। ফলে আগাম বন্যার সময় হাওরটিতে ইলিশের উপস্থিতি দেখা যায়।

তার মতে, নদ-নদী ও হাওরের মধ্যে পানির প্রবাহ ও সংযোগের কারণে মিঠাপানির জলাভূমিতেও ইলিশের বিচরণ সম্ভব হচ্ছে। হাকালুকি হাওরে আগামী কয়েক বছরের মধ্যে ইলিশের উৎপাদন রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

হাকালুকি হাওর মূলত মিঠাপানির জলাভূমি হলেও নদীর সঙ্গে এর সংযোগ থাকায় সেখানে ইলিশের প্রবেশ নতুন করে স্থানীয়দের আগ্রহের বিষয় হয়ে উঠেছে। চলতি মৌসুমে হাওরের বিভিন্ন স্থানে জেলেদের জালে ইলিশ ধরা পড়ায় স্থানীয় বাজারেও এখন মিলছে সাগরের এই রুপালি মাছ।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

সাবেক মন্ত্রী ডা. দীপু মনি আটক

হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও বিএনপিকে এখন খুঁজে পাওয়া যায় না: কাদের

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবে সিলেটের সন্তানের মালিকানা, বিশ্বমঞ্চে বাঙালির গৌরব

নিউজ ডেস্ক