TV3 BANGLA
আন্তর্জাতিক

শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল

বিশ্বজুড়ে ‘অ্যান্টিসেমিটিজম বা ইহুদি-বিদ্বেষ’ আশঙ্কাজনক হারে বেড়েছে বলে ধারণা করছে ইসরায়েল। সম্প্রতি দেশটির ডায়াসপোরা অ্যাফেয়ার্স অ্যান্ড কমব্যাটিং অ্যান্টিসেমিটিজম মন্ত্রণালয় প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে ২০২৫ সালের ১০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা দেয়া হয়েছে। প্রতিবেদনে এসব প্রভাবশালীদের কর্মকাণ্ড এবং প্রচারণাকে ইহুদি-বিদ্বেষী ও ইসরায়েল-বিরোধী প্রচারের জন্য দায়ী করা হয়।

প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রকাশ্য বক্তৃতার মাধ্যমে ষড়যন্ত্র তত্ত্ব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইসরায়েল এবং ইহুদিদের প্রতি বিদ্বেষ উসকে দিচ্ছেন এই প্রভাবশালী ব্যক্তিরা।

তালিকায় রয়েছে যেসব শীর্ষ প্রভাবশালীঃ

গ্রেটা থুনবার্গঃ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা না জানিয়ে তিনি কেবল ইসরায়েল-বিরোধী অবস্থান নিয়েছেন। গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের ক্ষেত্রে তিনি ‘গণহত্যা’, ‘অবরোধ’ এবং ‘গণ-ক্ষুধা’র মতো শব্দ ব্যবহার করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।

টাকার কার্লসনঃ মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনের বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয়, তিনি তার অনলাইন কার্যক্রমের মাধ্যমে ইহুদিদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করছেন। বিশেষ করে মিডিয়া, ফিন্যান্স এবং মার্কিন পররাষ্ট্রনীতিতে ইহুদিদের নিয়ন্ত্রণ নিয়ে তার বক্তব্যগুলো বিদ্বেষ ছড়াতে সহায়তা করছে বলে অভিযোগ করা হয়।

ক্যান্ডেস ওয়েন্সঃ মার্কিন এই ধারাভাষ্যকারও রয়েছেন ইসরায়েলের প্রকাশিত তালিকায়। তার বিরুদ্ধে ‘জায়নবাদী মিডিয়া সাম্রাজ্য’ নিয়ে কথা বলা এবং ইহুদি গোষ্ঠীগুলোকে নিয়ে বিভ্রান্তিকর তত্ত্ব প্রচারের অভিযোগ আনা হয়েছে। উগ্র ডানপন্থি এই মার্কিন রাজনৈতিক কর্মীকে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের প্রচারক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি হলোকাস্ট বা ইহুদি নিধনযজ্ঞকে অস্বীকার বা ছোট করে দেখান বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

তালিকায় আরও রয়েছেন ড্যানিশ ইনফ্লুয়েন্সার আনাস্তাসিয়া মারিয়া লুপিস, মার্কিন ইনফ্লুয়েন্সার ড্যান বিলজেরিয়ান, মিশরীয়-আমেরিকান কমেডিয়ান বাসেম ইউসুফ, ব্রিটিশ-ফিলিস্তিনি সাংবাদিক আবদেল বারি আতওয়ান, মুসলিম ধর্ম প্রচারক ওমর সুলেমান এবং মার্কিন কন্টেন্ট ক্রিয়েটন আইয়ান ক্যারল।

এ ব্যাপারে ইসরায়েলের ডায়াসপোরা অ্যাফেয়ার্স মন্ত্রী আমিচাই চিকলি বলেন, ‘এই প্রতিবেদনটি গভীর প্রবণতাগুলোকে প্রতিফলিত করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে রাজনীতির সমালোচনা করতে গিয়ে অনেক সময় ষড়যন্ত্রমূলক ও ইহুদি-বিদ্বেষী বক্তব্যের আশ্রয় নেয়া হচ্ছে।’ সময়মতো এই প্রবণতাগুলো শনাক্ত করে ব্যবস্থা নেয়া তাদের দায়িত্ব বলেও জানান তিনি।

সূত্রঃ আলজেমেইনার

এম.কে

আরো পড়ুন

গাজা গণহত্যা মামলায় ইসরায়েলের বিরুদ্ধে হেগে নতুন মোড়

ইলন মাস্ককে সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নেওয়ার পরামর্শ

নেতানিয়াহু মঞ্চে উঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ