জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করার আবেদন করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের বৈধ উৎস নিয়ে অসঙ্গতি থাকায় তদন্তের স্বার্থে সেগুলো জব্দের আবেদন করা হয়।
আদালতের আদেশ অনুযায়ী, তার নামে থাকা ১৮টি প্লট ক্রোকের আওতায় এসেছে। পাশাপাশি তার নামে থাকা দুটি ব্যাংক হিসাবে মোট ৩৭ হাজার টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী এসব সম্পদের সঙ্গে তার ঘোষিত ও বৈধ আয়ের সামঞ্জস্য পাওয়া যায়নি। এ কারণে তদন্তের অংশ হিসেবে সম্পদগুলো জব্দ ও হিসাব অবরুদ্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে ইসলামি ব্যাংক লুটপাটের অভিযোগে দায়ের করা একটি মামলাতেও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আসামি করা হয়েছিল।
সূত্রঃ এনটিভি অনলাইন
এম.কে

