17.7 C
London
September 9, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হওয়ার মর্যাদা অর্জন করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হন।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় এলিজা আজাদ বলেন, দলীয় সমর্থনের পাশাপাশি কাউন্সিলরদের সরাসরি ভোটে এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় নাগরিকদের প্রতি তার দায়বদ্ধতা ও কাজের পরিধি আরও বেড়েছে।

অস্ট্রেলিয়ার নাগরিক এলিজা আজাদ রহমানের পৈতৃক নিবাস বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনায়। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলামের মেয়ে।

দুই দশকের বেশি সময় আগে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় যান এলিজা আজাদ। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এরপর স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার মধ্যেই এবার কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হলেন।

এলিজা আজাদ বলেন, একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না। নারীরা যেন রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও এগিয়ে আসতে পারেন, সেটিই তার অন্যতম প্রত্যাশা।

রাজনৈতিক জীবনের এই যাত্রায় স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিরবচ্ছিন্ন সহযোগিতা পাওয়ার কথাও জানান এলিজা আজাদ। পাশাপাশি বাংলাদেশি ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক কমিউনিটির সমর্থন তার জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে জানান তিনি।

এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় সিডনির বাংলাদেশি কমিউনিটিতেও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সিডনির ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমন বলেন, এলিজা আজাদ দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করছেন। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই পদে তার অবস্থান প্রবাসী বাংলাদেশিদের দাবিদাওয়া তুলে ধরার পাশাপাশি সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে এর আগেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশি সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। মাসুদ খলিলও ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ছিলেন। বর্তমানে আরেক বাংলাদেশি মাসুদ চৌধুরী ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

এলিজা আজাদের নির্বাচনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে বাংলাদেশি নারীর নেতৃত্বের নতুন দৃষ্টান্ত তৈরি হলো।

সূত্রঃ ক্যামডেন কাউন্সিলের অফিসিয়াল ফেসবুক পোস্ট

এম.কে

আরো পড়ুন

আগামী তিনদিন পুড়বে সিলেট

অনেকের জীবনের হুমকি আছে, আমরা তাদের আশ্রয় দিয়েছিঃসেনাপ্রধান

সিলেটের ছাত্রলীগ ক্যাডারদের হাতে এমদাদুল হক মিজান লাঞ্ছিত, বিএনপির তৃণমূলের ক্ষোভ