হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক উত্তেজনার মধ্যে ইউরোপীয় মিত্রদের ওপর নতুন চাপ সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবরে বলা হয়েছে, প্রণালীটি পুনরায় খুলে দিতে পরিচালিত সামরিক অভিযানে ইউরোপ অংশ না নিলে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ট্রাম্প ন্যাটো সদস্য দেশগুলোর নৌবাহিনীকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে ইউরোপের প্রধান দেশগুলো এ প্রস্তাবে সাড়া না দিয়ে আপত্তি জানায়।
ফাইন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় রাজধানীগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প কঠোর অবস্থান নেন। তিনি হুঁশিয়ারি দেন, ন্যাটোর মাধ্যমে ইউক্রেনের জন্য যে অস্ত্র কেনা হয়েছে, তার সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে।
এ অবস্থায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলো এক যৌথ প্রতিক্রিয়ায় জানায়, তারা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে “উপযুক্ত প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত”। তবে তারা সরাসরি সামরিক অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট সম্মতি দেয়নি।
বিশ্লেষকদের মতে, এই অবস্থান ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত মতপার্থক্যকে আরও স্পষ্ট করেছে। একদিকে ওয়াশিংটন সরাসরি সামরিক সহায়তা চাইলেও, অন্যদিকে ইউরোপীয় দেশগুলো সতর্ক অবস্থান বজায় রাখতে চায়।
বর্তমান পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং ন্যাটো জোটের ঐক্য—এই তিনটি ইস্যু একসঙ্গে জটিল রূপ নিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই টানাপোড়েন দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এম.কে

