TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

১২ বছরের শিশুসহ ৭ নারীকে ধর্ষণ, যুক্তরাজ্যে ইমামের যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা

লন্ডনের এক ইমাম তরুণী ও শিশু মেয়েদের ওপর যৌন নির্যাতন চালিয়ে তাদেরকে ‘কালো জাদু’ এবং ‘জিন’ দিয়ে ভয় দেখিয়ে চুপ করে রাখার ঘটনা আদালতে প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

 

আব্দুল হালিম খান (৫৪) নামে ওই ইমাম ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত সাতজন নারী ও মেয়েকে তার শিকারে পরিণত করেন। তিনি ভুক্তভোগীদের নির্জন স্থানে দেখা করতে রাজি করিয়ে যৌন নির্যাতন চালাতেন। আদালতে বলা হয়, নির্যাতনের পর তিনি ভুক্তভোগীদের হুমকি দিতেন যে, তারা পরিবার বা বন্ধুদের কাছে ঘটনা জানালে ‘কালো জাদু’র শিকার হবে এবং ‘জিন’ দ্বারা আক্রান্ত হবে। ইসলামী বিশ্বাসে জিন এক প্রকার অদৃশ্য শক্তি বা আত্মা হিসেবে পরিচিত, যা দিয়ে তিনি তাদের ভয় দেখাতেন।

২০১৭ সালে তার সর্বকনিষ্ঠ ভুক্তভোগী স্কুলের এক শিক্ষকের কাছে ঘটনা খুলে বললে পুলিশ তদন্ত শুরু করে এবং ইমামকে গ্রেপ্তার করে। মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দারা এই তদন্তে ৫০ জনেরও বেশি সাক্ষীর সাক্ষাৎকার নেন। দীর্ঘ তদন্তে বেরিয়ে আসে কীভাবে তিনি তার ধর্মীয় মর্যাদা ও বিশ্বস্ততার অপব্যবহার করে এই জঘন্য কাজ করেছেন।

আদালতে খান নিজেকে নির্দোষ দাবি করে ভুক্তভোগীদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ আনেন। তবে আদালতে তার সমস্ত যুক্তি খারিজ হয়ে যায় এবং তাকে ধর্ষণ, যৌন নির্যাতন ও শিশু যৌন অপরাধসহ ২১টি পৃথক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তাকে ইতোমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে এবং আগামী ১৪ মে তার সাজার মাত্রা ঘোষণা করা হবে।

রায়ের পর এক ভুক্তভোগী তার অনুভূতি জানিয়ে বলেন, তার ওপর হামলা শেষ হলেও নির্যাতনের প্রভাব কখনো শেষ হয়নি। তিনি বলেন, “যার কখনো আমার ক্ষতি করা উচিত ছিল না, সে আমার ভরসা লঙ্ঘন করেছে। এই বিশ্বাসঘাতকতার প্রভাব আমি বহু বছর ধরে বহন করেছি এবং এখনও সেই ট্রমা আমার সঙ্গে রয়েছে।”

তিনি আরও বলেন, তদন্তের সময় তাকে বিশ্বাস করায় ও সম্মান দেখানোয় তার হারানো আস্থার কিছু অংশ ফিরিয়ে দিয়েছে।

তদন্তকারী কর্মকর্তা ডিটেকটিভ সার্জেন্ট সারা ইয়েমস বলেন, বিশেষ করে বিশ্বস্ত ব্যক্তির বিরুদ্ধে নির্যাতনের ঘটনা রিপোর্ট করা অসাধারণ সাহসের কাজ। তিনি সাত ভুক্তভোগীর প্রশংসা করে বলেন, তাদের এই সাহস অন্যান্য নির্যাতিতাদের জন্য অনুপ্রেরণা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে পোষা প্রাণীর জন্য ৫০০ পাউন্ড জরিমানার বিধান রেখে নতুন আইন

যুক্তরাজ্যের ই-ভিসা পরিবর্তন কি অর্থ বহন করে

ঝড় ‘এমি’র তাণ্ডবে ব্রিটেন-আয়ারল্যান্ড বিপর্যস্ত, বিদ্যুৎবিচ্ছিন্ন হাজারো মানুষ