যুক্তরাজ্যে স্কিল্ড ওয়ার্কার ভিসাধারীদের জন্য পাঁচ বছরের পরিবর্তে ১৫ বছর পর ইনডেফিনিট লিভ টু রিমেইন (ILR) পাওয়ার সম্ভাব্য পরিবর্তন নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। এ বিষয়ে বর্তমান স্কিল্ড ওয়ার্কারদের জন্য বিদ্যমান পাঁচ বছরের ILR-এর পথ বহাল রাখার দাবি জানিয়েছেন লেবার এমপি ক্লাইভ লুইস।
নিজের ফেসবুক পোস্টে ক্লাইভ লুইস বলেন, অনেক স্কিল্ড ওয়ার্কার নিজেদের সর্বস্ব বিক্রি করে যুক্তরাজ্যে এসেছেন দেশের বয়স্ক ও ঝুঁকিপূর্ণ মানুষের সেবা দিতে। তারা কঠোর পরিশ্রম করেন, নিয়মিত কর পরিশোধ করেন এবং No Recourse to Public Funds (NRPF) শর্তের কারণে কোনো ধরনের সরকারি ভাতা গ্রহণের সুযোগও পান না।
তিনি অভিযোগ করেন, এই কর্মীরা পাঁচ বছর পর স্থায়ী বসবাসের সুযোগ পাবেন—এমন প্রত্যাশা ও নীতির ভিত্তিতেই যুক্তরাজ্যে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলেছেন। কিন্তু এখন যদি সেই সময়সীমা ১৫ বছরে বাড়ানো হয়, তাহলে তা হবে তাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতির পরিপন্থী।
ক্লাইভ লুইস এ ধরনের সম্ভাব্য পরিবর্তনকে “লজ্জাজনক” আখ্যা দিয়ে বলেন, যারা দেশের অর্থনীতি ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের সঙ্গে এভাবে আচরণ করা উচিত নয়।
তিনি আরও জানান, স্কিল্ড ওয়ার্কারদের বিদ্যমান পাঁচ বছরের ILR-এর পথ বহাল রাখার দাবিতে ইউনিসন ইস্টার্ন রিজিয়ন পরিচালিত Fair Visa Campaign-এর সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করছেন। পাশাপাশি, এ বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়ে লেবার এমপি নীল ডানকান-জর্ডান উত্থাপিত সংসদীয় প্রস্তাবেও তিনি স্বাক্ষর করেছেন।
ওই সংসদীয় প্রস্তাবে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে, বর্তমানে স্কিল্ড ওয়ার্কার ভিসায় থাকা ব্যক্তিদের জন্য পাঁচ বছরের ILR-এর বিদ্যমান ব্যবস্থা অপরিবর্তিত রাখা হোক এবং নতুন কোনো পরিবর্তন কার্যকর করা হলে তা যেন পূর্ববর্তী ভিসাধারীদের ওপর প্রযোজ্য না হয়।
ক্লাইভ লুইসের মতে, যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা, সামাজিক পরিচর্যা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কর্মরত বিদেশি দক্ষ কর্মীরা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাই তাদের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিত করা এবং পূর্বের নীতিগত অঙ্গীকার রক্ষা করা সরকারের দায়িত্ব।
স্কিল্ড ওয়ার্কারদের ILR নীতিতে সম্ভাব্য পরিবর্তন নিয়ে ইতোমধ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন এবং অভিবাসী অধিকারকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা বলছেন, নীতিগত স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈধভাবে কর্মরত অভিবাসীদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থার প্রতি আস্থা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

