TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

‘৪০ বছরের সবচেয়ে বড় পরিবর্তনের’ প্রতিশ্রুতিঃ শুরুতেই সমালোচনার মুখে বার্নহাম সরকার

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের নেতৃত্বে সরকারের প্রথম সপ্তাহই রাজনৈতিক বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে। ক্ষমতায় এসে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিলেও তার ঘোষিত প্রথম দিকের পদক্ষেপগুলোকে অপর্যাপ্ত ও প্রতীকী বলে সমালোচনা করেছেন বিশ্লেষক এবং বিরোধী রাজনীতিকরা।

সোমবার ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহাম বলেন, তিনি চান তার নেতৃত্বে ব্রিটেনে একটি নতুন অধ্যায়ের সূচনা হোক এবং গত চার দশকের সবচেয়ে বড় পরিবর্তনের ভিত্তি তৈরি হোক।

তবে সেই পরিবর্তনের প্রথম ঘোষণা ছিল বিদ্যুৎ বিলের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানো। সরকারের হিসাব অনুযায়ী, এতে একটি গড় পরিবার বছরে প্রায় ৪৫ পাউন্ড সাশ্রয় করবে।

এই পদক্ষেপকে কটাক্ষ করে রিফর্ম ইউকের চেয়ারম্যান জিয়া ইউসুফ বলেন, বছরে ৪৫ পাউন্ড সাশ্রয়ে সপ্তাহে মাত্র একটি সেলারির প্যাকেট কেনা সম্ভব। তার মতে, এমন পদক্ষেপ দেশের গভীর অর্থনৈতিক ও সামাজিক সংকট সমাধানের জন্য যথেষ্ট নয়।

রাজনৈতিক বিশ্লেষক আমির কোটেচাও একই ধরনের সমালোচনা করেছেন। তার মতে, নতুন সরকারের প্রথম সপ্তাহে এমন কোনো ইঙ্গিত এখনো দেখা যায়নি, যা জনগণকে বড় ধরনের পরিবর্তনের ব্যাপারে আশাবাদী করতে পারে।

তিনি বলেন, বর্তমানে ব্রিটেনের সাধারণ মানুষের মধ্যে দুটি অনুভূতি প্রবলভাবে কাজ করছে। প্রথমত, অনেকের বিশ্বাস দেশের বিভিন্ন সরকারি ব্যবস্থা কার্যকরভাবে কাজ করছে না। দ্বিতীয়ত, একটি ধারণা তৈরি হয়েছে যে রাষ্ট্র পরিশ্রমী ও নিয়ম মেনে চলা মানুষের চেয়ে সুযোগসন্ধানী ও নিয়ম ভঙ্গকারীদের প্রতিই বেশি সহনশীল।

আমির কোটেচার মতে, এমন বাস্তবতায় ছোটখাটো কর-ছাড় বা সীমিত আর্থিক সুবিধা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। বরং স্বাস্থ্যসেবা, অভিবাসন, আইনশৃঙ্খলা, জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো বড় বড় ইস্যুতে কার্যকর সংস্কারই নতুন সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠবে।

তিনি আরও বলেন, নিজেকে উত্তর ইংল্যান্ডের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করা অ্যান্ডি বার্নহামের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তব নীতিতে রূপ দেওয়া। এখন পর্যন্ত সরকারের ঘোষিত অনেক পদক্ষেপকে তিনি বাস্তব পরিবর্তনের পরিবর্তে প্রতীকী উদ্যোগ বলেই মনে করছেন।

বিশ্লেষকদের মতে, নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই আগামী কয়েক মাসে অর্থনীতি, জনসেবা, করনীতি এবং জীবনযাত্রার ব্যয় কমানোর মতো গুরুত্বপূর্ণ খাতে সরকার কতটা দৃশ্যমান পরিবর্তন আনতে পারে, তার ওপরই নির্ভর করবে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের নেতৃত্বের সাফল্য এবং জনগণের আস্থা।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের আহ্বান

ডোভারে নতুন ইইউ সীমান্ত ব্যবস্থা স্থগিত—ব্যাংক হলিডেতে চরম ভোগান্তি

ট্যাক্স ফাঁকি দিতেই কী নিজেকে ‘নন-ডমিসাইল’ দাবি করলেন সুনাকের স্ত্রী?