14.7 C
London
June 29, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

৪১ ডিগ্রির তাপমাত্রার শঙ্কাঃ যুক্তরাজ্যে ভাঙতে পারে সর্বকালের গরমের রেকর্ড

যুক্তরাজ্যে ভয়াবহ তাপপ্রবাহে স্বস্তির কোনো লক্ষণ নেই। প্রচণ্ড গরমে ইতোমধ্যেই দেশের বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড ওয়ার্নিং’। এদিকে আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই দেশটিতে নতুন করে তীব্র তাপপ্রবাহ আঘাত হানতে পারে, যা যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও ভেঙে দিতে পারে।

সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ৮ জুলাই থেকে ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে। ওই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এমনটি হলে ২০২২ সালের জুলাইয়ে রেকর্ড হওয়া ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হবে।

গত সপ্তাহেও যুক্তরাজ্যে নজিরবিহীন তাপপ্রবাহ বয়ে গেছে। টানা তিন দিন জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে দেশটি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা যুক্তরাজ্যের ইতিহাসে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের ব্যবহৃত আধুনিক মডেলিং বিশ্লেষণে দেখা যাচ্ছে, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে তাপপ্রবাহ আরও ভয়াবহ রূপ নিতে পারে। শুধু দক্ষিণ-পূর্বাঞ্চলই নয়, মধ্য ও দক্ষিণ ইংল্যান্ডের প্রায় সব এলাকাতেই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে। এমনকি উত্তরাঞ্চলের ইয়র্কশায়ারেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী এই তাপপ্রবাহ জনস্বাস্থ্য, পরিবহন ব্যবস্থা এবং শিক্ষা কার্যক্রমের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত গরমে শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকার আশঙ্কা রয়েছে। এজন্য প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং সরকারি স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমান পূর্বাভাস সত্যি হলে চলতি জুলাই মাসটি যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ সময়গুলোর একটি হিসেবে রেকর্ডে স্থান পাবে। একই সঙ্গে ২০২২ সালের তাপমাত্রার রেকর্ডও ভেঙে যেতে পারে, যা দেশটির জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করবে।

সূত্রঃ ইয়োকশ্যায়ার লাইভ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে হাজার পাউন্ডের ফি দিয়ে ভুয়া সমকামী পরিচয়ে আশ্রয় দাবিঃ হোম অফিসের সতর্কতা

ব্রিটিশ রাজনীতিতে ফিলিস্তিনপন্থী পাঁচ স্বতন্ত্র এমপির উত্থানঃ পুরনো ব্যবস্থায় বড় চ্যালেঞ্জ

যুক্তরাজ্যে ২০২৪ সালে আশ্রয়কেন্দ্রে ৫১ জনের মৃত্যু, প্রথমে গোপন করেছিল হোম অফিস