TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

৪ নভেম্বর থেকে সিলেটসহ সারাদেশে গ্যাস সরবরাহে বিঘ্নঃ কমবে জাতীয় গ্রিডের সরবরাহ

এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে টানা চার দিন সিলেটসহ সারাদেশে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এ সময়ে জালালাবাদ গ্যাসের আওতাধীন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করার আশঙ্কা রয়েছে। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানার গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হতে পারে।

 

সোমবার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহে এই বিঘ্ন থাকতে পারে।

জালালাবাদ গ্যাস জানিয়েছে, কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। ফলে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমে যাবে। এর প্রভাব পড়বে জালালাবাদ গ্যাসের আওতাধীন সিলেট অঞ্চলের বিতরণ ব্যবস্থাতেও। দৈনিক জালালাবাদ |

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় ৯২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। সামিটের এলএনজি টার্মিনালের কার্যক্রম বন্ধ থাকলে তা কমে প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ প্রতিদিন সরবরাহ কমবে প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট।

এই ঘাটতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের চাপ কমে যেতে পারে। সিলেট অঞ্চলেও বাসাবাড়িতে রান্নাবান্না, হোটেল-রেস্তোরাঁ, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় গ্যাস ব্যবহারে সাময়িক সমস্যা দেখা দিতে পারে।

তবে বিষয়টি পুরো সিলেট অঞ্চলে নির্ধারিত সময়জুড়ে গ্যাস সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা নয়; বরং জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ার কারণে গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহে বিঘ্নের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও পরিস্থিতি বেশি গুরুতর হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা।

সূত্রঃ জালালাবাদ গ্যাসের গণবিজ্ঞপ্তি, পেট্রোবাংলা

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের ডেপুটি প্রধানমন্ত্রী রেইনারের কর ফাঁকি কেলেঙ্কারি, লেবার সরকারে চাপ বাড়ল

যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের পদত্যাগ দাবি ঘনিষ্ঠ মিত্রেরঃ নির্বাচনী ভরাডুবিতে চাপে লেবার পার্টি

পোস্ট-স্টাডি ভিসা কমলেও যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার আবেদনে রেকর্ড বৃদ্ধি