21.8 C
London
September 19, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনজুড়ে মোবাইল নেটওয়ার্কে ভয়াবহ ধীরগতিঃ ব্যস্ত সময়ে কল,ডেটা সংযোগে বিপর্যয়

লন্ডনজুড়ে মোবাইল নেটওয়ার্কের ধীরগতি ও অস্থিতিশীলতা নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ বাড়ছে। ধীরগতির মোবাইল ডেটা, কল সংযোগে ব্যর্থতা এবং হঠাৎ নেটওয়ার্ক বিচ্ছিন্নতার কারণে ব্যস্ত এলাকাগুলোতে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। বিবিসির জন্য করা ডেটা বিশ্লেষণে দেখা গেছে, লিভারপুল স্ট্রিট ও কোভেন্ট গার্ডেনের মতো এলাকায় রাশ আওয়ারে নেটওয়ার্কের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

বিশেষজ্ঞদের মতে, সমস্যার অন্যতম কারণ নেটওয়ার্ক ক্যাপাসিটির ওপর অতিরিক্ত চাপ। ফোনে সিগন্যাল বার পূর্ণ থাকলেও একই সময়ে বিপুলসংখ্যক মানুষ নেটওয়ার্ক ব্যবহার করায় ডেটা আদান-প্রদান, কল ও মেসেজ ব্যর্থ হতে পারে।

আরেকটি বড় কারণ নতুন ভবন নির্মাণ। ভার্জিন মিডিয়া ও O2 জানিয়েছে, নতুন নির্মাণ প্রকল্পের কারণে অনেক সময় বিদ্যমান অ্যান্টেনা সরিয়ে নিতে হয়। নতুন সাইট খুঁজে পেতে অপারেটরদের নির্ধারিত সময় দেওয়া হলেও বাস্তবে নতুন অ্যান্টেনা স্থাপনে প্রায় দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। এতে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে নেটওয়ার্কের ‘হোল’ তৈরি হচ্ছে।

নেটওয়ার্ক বিশ্লেষক প্রতিষ্ঠান ইনাকালামের প্রধান ফিলিপ ম্যাগুয়ের জানিয়েছেন, সন্ধ্যার পর কোভেন্ট গার্ডেন এলাকায় নির্ভরযোগ্য সংযোগ পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তার জরিপে চারটি বড় নেটওয়ার্কের প্রায় এক-চতুর্থাংশ ডেটা পরীক্ষা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং সফল পরীক্ষাগুলোর মধ্যেও অনেক ক্ষেত্রে গতি ছিল ১৫ এমবিপিএসের নিচে।

দুর্বল নেটওয়ার্কের প্রভাব পড়ছে ব্যবসা ও কর্মক্ষেত্রেও। সাউথওয়ার্কের এক ব্যবসায়ী জানিয়েছেন, অফিসে মোবাইল সংযোগ এতটাই দুর্বল যে গুরুত্বপূর্ণ ফোনকল করতে তাকে বাইরে যেতে হয়। অন্যদিকে বারমন্ডসির এক কর্মী অভিযোগ করেছেন, নেটওয়ার্ক সমস্যার কারণে কাজের কল মিস করার পাশাপাশি ফোনে ক্লক-ইন করতে না পারায় তার বেতনও কমেছে।

মোবাইল ইউকে জানিয়েছে, লন্ডনের নেটওয়ার্ক উন্নয়নে অপারেটররা বিপুল বিনিয়োগ করেছে। তবে নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন ও পরিকল্পনা সংক্রান্ত নিয়মে আরও সংস্কার প্রয়োজন বলে তারা মনে করছে।

সরকার জানিয়েছে, দ্রুত ও নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যের সব জনবসতিপূর্ণ এলাকায় উচ্চমানের স্ট্যান্ডঅ্যালোন ফাইভ-জি পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে ব্যস্ত শহরগুলোতে নেটওয়ার্কের ওপর বাড়তে থাকা চাপ মোকাবিলায় পরিকল্পনা নীতি পর্যালোচনা ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

ব্রেক্সিট পরবর্তী পাসপোর্টনীতির কারণে ২ হাজার পাউন্ড খোয়ালেন যাত্রী

অনলাইন ডেস্ক

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষককে হত্যা

কাজিন বিয়ে নিষিদ্ধ না করার সিদ্ধান্তে অনড় লেবারঃ যুক্তরাজ্যের ওপর মার্কিন চাপ