19.5 C
London
September 19, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডে কিশোর অপরাধ ঠেকাতে অভিভাবকদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগ

ইংল্যান্ড ও ওয়েলসে সন্তান অপরাধে জড়ালে অভিভাবকদের সরকারি ভাতা বন্ধ, জরিমানা এমনকি চরম ক্ষেত্রে কারাদণ্ড দেওয়ার সুযোগ তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাজ্য সরকারের যুব বিচারবিষয়ক মন্ত্রী জেক রিচার্ডস জানিয়েছেন, তরুণ অপরাধীদের আচরণ পরিবর্তনের প্রক্রিয়ায় অভিভাবকদের আরও সক্রিয়ভাবে যুক্ত করতে প্যারেন্টিং অর্ডার ব্যবস্থা শক্তিশালী ও সম্প্রসারণ করা হবে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পরিকল্পনার আওতায় এমন অভিভাবকদের জবাবদিহির মধ্যে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, যারা সন্তানের অপরাধমূলক আচরণ মোকাবিলায় প্রয়োজনীয় দায়িত্ব পালনে ব্যর্থ হন। তবে কোনো অভিভাবকের বিরুদ্ধে কারাদণ্ডের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি না, তা আদালতের বিবেচনার ওপর নির্ভর করবে।

জেক রিচার্ডস বলেছেন, যুব বিচারব্যবস্থার এমন একটি ব্যবস্থা থাকা উচিত যেখানে শিশু বা কিশোরকে অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকের দায়িত্বও আনুপাতিকভাবে বিবেচনা করা হবে। তিনি নতুন ব্যবস্থাকে ‘ক্যারট অ্যান্ড স্টিক’, অর্থাৎ সহায়তা ও শাস্তি—দুই ধরনের পদ্ধতির সমন্বয় হিসেবে বর্ণনা করেছেন।

বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসে প্যারেন্টিং অর্ডারের মাধ্যমে কোনো শিশুর আচরণ সংশোধনে অভিভাবককে নির্দিষ্ট কিছু কার্যক্রমে অংশ নিতে বাধ্য করা যায়। এর মধ্যে কাউন্সেলিং সেশন থেকে শুরু করে আবাসিক কোর্সে অংশগ্রহণের নির্দেশও থাকতে পারে। আদালতের দেওয়া আদেশ অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার পাউন্ড জরিমানা হতে পারে।

নতুন প্রস্তাবে এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি গুরুতর ক্ষেত্রে অভিভাবকের সরকারি ভাতা থেকে অর্থ কেটে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। জেক রিচার্ডস জানিয়েছেন, সবচেয়ে চরম পরিস্থিতিতে কারাদণ্ডের ব্যবস্থাও থাকতে পারে। তবে তিনি স্পষ্ট করেছেন, এ ধরনের কারাদণ্ড খুব সীমিত ক্ষেত্রে এবং বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োগ করা হবে।

এর আগে তৎকালীন বিচারমন্ত্রী ডেভিড ল্যামিও প্যারেন্টিং অর্ডার শক্তিশালী করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সন্তানের আচরণ সংশোধনের প্রচেষ্টায় ইচ্ছাকৃতভাবে সহযোগিতা না করা অভিভাবক ও যত্নদাতাদের ক্ষেত্রে বাস্তব পরিণতি থাকা প্রয়োজন। একই সঙ্গে কোনো অভিভাবক সমস্যায় থাকলে আদালত হস্তক্ষেপ করে পরিবারকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে পারবে বলেও তিনি উল্লেখ করেছিলেন।

তবে সরকারের প্রস্তাব নিয়ে ফৌজদারি বিচারব্যবস্থা ও শিশু আচরণবিষয়ক বিশেষজ্ঞদের মধ্যে সমালোচনা রয়েছে। ডারহাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিকি রাটার বিবিসিকে বলেছেন, প্যারেন্টিং অর্ডার কার্যকর হওয়ার পক্ষে উল্লেখযোগ্য প্রমাণ নেই। তার মতে, এ কারণেই পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে এসব ব্যবস্থার ব্যবহার কমেছে।

জরিমানার পরিমাণ বাড়ানোর সম্ভাবনাও প্রশ্নের মুখে পড়েছে। নিকি রাটারের বক্তব্য অনুযায়ী, দারিদ্র্য অনেক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত এবং অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক জরিমানা চাপানো হলে পরিবারের আর্থিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

সরকারি পরিসংখ্যানেও প্যারেন্টিং অর্ডারের ব্যবহার কমে যাওয়ার চিত্র দেখা যায়। ২০০৯-১০ সালে ১ হাজারের বেশি প্যারেন্টিং অর্ডার দেওয়া হলেও ২০২২-২৩ সালে তা কমে মাত্র ৩৩টিতে নেমে আসে।

বর্তমান আইনি কাঠামো অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী কোনো শিশু অপরাধে দোষী সাব্যস্ত হলে আদালতকে প্যারেন্টিং অর্ডার দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হয়। ১৬ ও ১৭ বছর বয়সীদের ক্ষেত্রেও আদালত এমন আদেশ দিতে পারে, যদি মনে করা হয় এতে ভবিষ্যতে অপরাধ প্রতিরোধে সহায়তা হবে।

একটি প্যারেন্টিং অর্ডারের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস হতে পারে। আদালতের নির্দেশ ভঙ্গ করা ফৌজদারি অপরাধ এবং এর জন্য সর্বোচ্চ ১ হাজার পাউন্ড জরিমানার বিধান রয়েছে।

এদিকে ইয়ুথ জাস্টিস জার্নাল-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৮ সালে নিউ লেবার সরকারের সময় প্যারেন্টিং অর্ডার চালু হওয়ার পর থেকে এর কার্যকারিতা নিয়ে গবেষণা এখনও সীমিত। প্রতিবেদনে অভিভাবকদের সহায়তামূলক কার্যক্রমে অংশগ্রহণ যতটা সম্ভব স্বেচ্ছামূলক রাখার পক্ষেও যুক্তি দেওয়া হয়েছে।

সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে ইংল্যান্ড ও ওয়েলসে কিশোর অপরাধের ক্ষেত্রে শুধু তরুণ অপরাধীর আচরণ নয়, তার পরিবার ও অভিভাবকের ভূমিকার বিষয়টিও আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হতে পারে। তবে ভাতা কর্তন, জরিমানা বা কারাদণ্ডের মতো ব্যবস্থা কোন পরিস্থিতিতে প্রয়োগ করা হবে এবং এর চূড়ান্ত আইনি কাঠামো কী হবে, তা সরকারের পরবর্তী সিদ্ধান্ত ও আদালতের প্রয়োগের ওপর নির্ভর করবে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান\বিবিসি

এমকে

আরো পড়ুন

তিন ব্রিটিশ বিমানবন্দরে বড় সাইবার হামলাঃ ৮৭ লাখ গ্রাহকের তথ্য হ্যাকারদের হাতে

ইংল্যান্ডের অপেরা মঞ্চে রাজনৈতিক বার্তাঃ ফিলিস্তিনের পতাকা ঘিরে উত্তেজনা

ইস্ট লন্ডনে ছুরিকাঘাতে যুবক নিহত