19.5 C
London
September 19, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে মেটফর্মিন সেবনে পার্শ্বপ্রতিক্রিয়াঃ খাবারের স্বাদ বদলে যাওয়ার সতর্কবার্তা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে বহুল ব্যবহৃত ওষুধ মেটফর্মিন সেবনকারীদের মধ্যে মুখে অস্বাভাবিক বা ধাতব স্বাদ অনুভূত হওয়ার বিষয়টি নিয়ে সতর্ক করেছেন এক ফার্মাসিস্ট। তার দাবি, মেটফর্মিন ব্যবহারের কারণে কারও কারও খাবার ও পানীয়ের স্বাদে পরিবর্তন আসতে পারে।

ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে প্রায় ৬০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাদের মধ্যে বিপুলসংখ্যক রোগী মেটফর্মিন ব্যবহার করেন। ২০২৪ সালে ইংল্যান্ডে এই ওষুধের ২ কোটি ৬০ লাখের বেশি প্রেসক্রিপশন সরবরাহ করা হয়েছিল। ডায়াবেটিসের চিকিৎসায় মেটফর্মিনকে বহুল ব্যবহৃত প্রথম সারির ওষুধ হিসেবে বিবেচনা করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, মেটফর্মিন ব্যবহারের শুরুতে বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা এবং ক্ষুধামন্দার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর পাশাপাশি কিছু রোগীর ক্ষেত্রে খাবার বা পানীয়ের স্বাদ পরিবর্তিত হওয়ার সমস্যাও দেখা যেতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফার্মাসিস্ট হেলথ রাজ’ নামে পরিচিত ফার্মাসিস্ট রাজ আর প্যাটেল জানান, মেটফর্মিন গ্রহণের পর মুখে হঠাৎ করে কয়েনের মতো ধাতব স্বাদ অনুভূত হলে সেটিকে কেবল কল্পনা বলে উড়িয়ে দেওয়া উচিত নয়। তার ভাষ্য অনুযায়ী, মেটফর্মিনের যুক্তরাজ্যের প্রেসক্রাইবিং তথ্যে স্বাদের পরিবর্তনকে একটি স্বীকৃত সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডায়াবেটিস ইউকের তথ্যেও মেটফর্মিন ব্যবহারকারীদের মধ্যে মুখে ধাতব স্বাদ অনুভূত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ফলে মেটফর্মিন শুরু করার পর কফি বা খাবারের স্বাদ অস্বাভাবিক মনে হলে ওষুধটির সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াও কারণ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে মুখে ধাতব স্বাদ হওয়ার পেছনে শুধু মেটফর্মিনই দায়ী নয়। ফার্মাসিস্ট রাজের মতে, দাঁত বা মাড়ির সমস্যা, সর্দি বা সাইনাসের সমস্যা, বদহজম, গর্ভাবস্থা, ঘ্রাণশক্তির পরিবর্তন এবং অন্যান্য ওষুধ থেকেও একই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

এ কারণে স্বাদের পরিবর্তন কখন শুরু হয়েছে, তা লক্ষ্য করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে মেটফর্মিন শুরু করার পর অথবা চিকিৎসার ধরন পরিবর্তনের পর সমস্যাটি দেখা দিয়েছে কি না, সেই তথ্য চিকিৎসক বা ফার্মাসিস্টকে জানানো গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনএইচএসের মেটফর্মিন-সংক্রান্ত নির্দেশনায়ও স্বাদের পরিবর্তনকে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, শরীর ওষুধের সঙ্গে মানিয়ে নেওয়ার পর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া প্রথম কয়েক সপ্তাহের মধ্যে কমে যেতে পারে। তবে কিছু ক্ষেত্রে এগুলো দীর্ঘস্থায়ীও হতে পারে।

মুখে ধাতব স্বাদের সমস্যা মোকাবিলায় কিছু রোগীর ক্ষেত্রে চিনি ছাড়া চুইংগাম উপকারী হতে পারে বলে ডায়াবেটিস ইউকের পরামর্শের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে স্বাদের পরিবর্তন দেখা দিলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া মেটফর্মিন বন্ধ না করার পরামর্শ দেওয়া হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়াটি বিরক্তিকর হলে বা দীর্ঘদিন ধরে থাকলে চিকিৎসক কিংবা ফার্মাসিস্টের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে।

ডায়াবেটিস ইউকের হিসাবে, যুক্তরাজ্যে প্রায় ৬০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে ৪৭ লাখের বেশি মানুষের রোগ শনাক্ত হয়েছে, আর আনুমানিক ১৩ লাখ মানুষ তাদের ডায়াবেটিস সম্পর্কে এখনও জানেন না।

অন্যদিকে, ইংল্যান্ডে আনুমানিক ৩৯ লাখ মানুষ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রক্তে শর্করা কমানোর ওষুধ ব্যবহার করেন। এসব ওষুধের মধ্যে মেটফর্মিন সবচেয়ে বেশি ব্যবহৃত প্রথম সারির চিকিৎসাগুলোর একটি।

সূত্রঃ ডেইলি মিরর, এনএইচএস ও ডায়াবেটিস ইউকে

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারে অভিবাসীবিরোধী উত্তাল বিক্ষোভঃ হোটেল আশ্রয়ে ক্ষুব্ধ স্থানীয় জনতা

যুক্তরাজ্যে সময়মত আদালতে আসামী হাজির না করায় বিলম্বিত হচ্ছে বিচার

পাঁচ বছরের বদলে নিয়মিত পর্যালোচনাঃ কঠোর হচ্ছে ব্রিটেনের আশ্রয়নীতি