TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের যে এলাকায় রাতে একা বের হতে ভয়ঃ ছুরি হামলা-মাদকে একাকার

যুক্তরাজ্যে বসবাসের জন্য সবচেয়ে অসুখী এলাকা হিসেবে নির্বাচিত হয়েছে পূর্ব লন্ডনের বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম। ছুরি হামলা, মাদক ব্যবসা, পকেটমার, ছিনতাই, দোকানপাট বন্ধ হয়ে যাওয়া এবং নিরাপত্তাহীনতার কারণে এলাকাটির বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। সম্প্রতি প্রকাশিত রাইটমুভের ‘হ্যাপি অ্যাট হোম ইনডেক্স’ জরিপে যুক্তরাজ্যের সবচেয়ে অসুখী বসবাসের স্থান হিসেবে উঠে এসেছে এই এলাকা।

গত ২১ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদন অনুযায়ী, বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যামে প্রায় ২ লাখ ৩৮ হাজার মানুষের বসবাস। এর আগে ২০২৪ সালে একই জরিপে এলাকাটি যুক্তরাজ্যের তৃতীয় অসুখী স্থান হিসেবে বিবেচিত হয়েছিল। পরবর্তী সময়ে অবস্থানের আরও অবনতি হয়। অন্য একটি জরিপে একাকিত্ব, স্থানীয় মানুষের পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক কর্মকাণ্ডের বিবেচনায় এলাকাটিকে যুক্তরাজ্যের সবচেয়ে কম বন্ধুত্বপূর্ণ স্থান হিসেবেও চিহ্নিত করা হয়।

এবারের জরিপে যুক্তরাজ্যের ২২১টি এলাকার ২৪ হাজারের বেশি মানুষ অংশ নেন। স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক, সবুজ জায়গা, কর্মসংস্থান, দোকানপাট, রেস্তোরাঁ এবং প্রতিবেশীদের বন্ধুত্বপূর্ণ আচরণসহ ১৫টি বিষয় বিবেচনায় নেওয়া হয়।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বার্কিংয়ের প্রধান সড়কের অনেক দোকান বন্ধ হয়ে গেছে। কিছু দোকান পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বিভিন্ন স্থানে আবর্জনা, ভাঙা প্লাস্টিকের বাক্স এবং মাদকদ্রব্য ব্যবহারের চিহ্ন দেখা যায়। পাশাপাশি ফাস্টফুড, বিশেষ করে ফ্রাইড চিকেনের দোকান, ভেপ শপ এবং বন্ধকী দোকানের সংখ্যা বেড়েছে।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলায় পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর পরিবেশ বদলে যায়। মাদকসেবী, মাদক বিক্রেতা, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আনাগোনা বেড়ে যায়। ফলে অনেকেই অন্ধকারের পর একা বাইরে বের হতে ভয় পান।

৭৪ বছর বয়সী স্থানীয় হোটেল ব্যবসায়ী আলী ঘোলঘি বলেন, সন্ধ্যার পর এলাকায় মাদকাসক্ত, মাদক বিক্রেতা, যৌনকর্মী ও ছিনতাইকারীদের উপস্থিতি দেখা যায়। তার ভাষায়, একসময় এখানে চমৎকার মানুষ বসবাস করতেন, কিন্তু এখন এলাকার পরিবেশ অনেক বদলে গেছে।

৬১ বছর বয়সী পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মী শাকা মাফতুহের মতে, মাদকই এলাকার অন্যতম বড় সমস্যা। তার অভিযোগ, তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে মাদক ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী আদনান তারিক অবশ্য এলাকার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ২০০২ সাল থেকে তিনি বার্কিং হাই স্ট্রিটে ব্যবসা করছেন। তার মতে, এখানকার পরিবহন ব্যবস্থা ভালো, খাবারের বৈচিত্র্য রয়েছে এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও আছে। তবে তার দোকানে দুইবার চুরির ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন তিনি।

৬০ বছর বয়সী ডনিকা নামের এক বাসিন্দা জানান, প্রায় ৩০ বছর ধরে তিনি এই এলাকায় বসবাস করছেন। সম্প্রতি আশপাশে একাধিক ছুরিকাঘাতের ঘটনা ঘটলেও তিনি এলাকাটি ছেড়ে যেতে চান না। তার কর্মস্থল বাড়ির কাছেই এবং স্থানীয় সুযোগ-সুবিধার কারণে এখানেই থাকতে পছন্দ করেন।

অন্যদিকে, ৬২ বছর বয়সী স্থানীয় ব্যবসায়ী ডিনের অভিযোগ, একের পর এক বড় দোকান বন্ধ হয়ে যাওয়ায় এলাকার বাণিজ্যিক পরিবেশ নষ্ট হয়েছে। বিশেষ করে মার্কস অ্যান্ড স্পেনসারের দোকান বন্ধ হয়ে যাওয়ার পর ভালো কেনাকাটার সুযোগ কমেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম লন্ডনের সবচেয়ে কম বাড়ির দামের এলাকাগুলোর একটি। এখানে গড় বাড়ির দাম প্রায় ৩ লাখ ৭৬ হাজার পাউন্ড এবং গড় বার্ষিক মোট আয় ৩৮ হাজার ৪৬৭ পাউন্ড।

তবে স্থানীয় কাউন্সিলের দাবি, অপরাধ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হচ্ছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকসংক্রান্ত অপরাধ ৩ দশমিক ৬ শতাংশ, ছুরিসংক্রান্ত অপরাধ ১৭ দশমিক ৬ শতাংশ এবং ব্যক্তিগত ছিনতাই ১৮ দশমিক ২ শতাংশ কমেছে।

কাউন্সিল জানিয়েছে, এলাকার পরিবেশ উন্নয়নে ৪ কোটি পাউন্ডের ‘প্রাইড ইন প্লেস’ তহবিল থেকে দুটি নেইভারহুড উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন যুবকেন্দ্র স্থাপন, ১ লাখ ৫০ হাজারের বেশি গাছ লাগানো এবং পার্কগুলোর উন্নয়নের উদ্যোগ রয়েছে।

এলাকাটির ঐতিহাসিক স্থাপনা, বার্কিং অ্যাবে, ইস্টবারি ম্যানর হাউস এবং ভালেন্স হাউস মিউজিয়ামও এর অন্যতম আকর্ষণ। নতুন আবাসিক এলাকা বার্কিং রিভারসাইডেও উন্নয়ন কার্যক্রম চলছে।

তবে উন্নয়ন পরিকল্পনা সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের বড় উদ্বেগ নিরাপত্তা। ডেইলি মেইলের প্রতিবেদনে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করা অনেক মানুষ নিজেদের বাড়ি ও এলাকার প্রতি ভালোবাসা ধরে রাখলেও অপরাধ, মাদক এবং সন্ধ্যার পর নিরাপত্তাহীনতার কারণে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

সূত্রঃ ডেইলি মেইল

এমকে

আরো পড়ুন

ব্রিটেনের রাস্তায় কার্যকর হলো ৭টি নতুন আইন

অনলাইন ডেস্ক

অবৈধ পথে আসলেই আটক ও ফেরত পাঠানো হবেঃ কড়া হুঁশিয়ারি ব্রিটিশ সরকারের

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে নির্বাচনের আগে ডাক বিতরণে বিতর্কঃ রিফর্ম ইউকের প্রচারপত্র নষ্টের অভিযোগ