TV3 BANGLA
বাংলাদেশ

ফরিদপুরের পদ্মবিলে লুকিয়ে কোটি টাকার সম্ভাবনাঃ এক কেজি সুতা বিক্রি হতে পারে সাড়ে ৩ হাজার ডলারে

বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে পদ্মফুলের ডাঁটা থেকে তৈরি বিশেষ ধরনের সুতা ‘লোটাস সিল্ক’। ফরিদপুরের একটি পদ্মবিলের গোলাপি পদ্মের ডাঁটা ব্যবহার করে পরিবেশবান্ধব এই সুতা তৈরি করছেন স্থানীয় নারীরা। আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান এই সুতা উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণ করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের ঐতিহ্যবাহী চাঁপাই বিল বা পদ্মবিল ঘিরে গড়ে উঠেছে এই সম্ভাবনাময় উদ্যোগ। একসময় বিলটি মূলত প্রাকৃতিক সৌন্দর্য ও পদ্মফুলের জন্য পরিচিত থাকলেও এখন এর পদ্মের ডাঁটা হয়ে উঠেছে মূল্যবান শিল্পের কাঁচামাল। আন্তর্জাতিকভাবে ‘লোটাস সিল্ক’ বা পদ্মরেশম নামে পরিচিত এই সুতা তৈরি করে নতুন আয়ের পথ খুঁজছেন গ্রামের নারীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গবেষণা প্রতিষ্ঠান বিপিআরডির ‘পদ্মফুলের বৈচিত্র্য, ব্যবহার উপযোগিতা ও সংরক্ষণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই উদ্যোগের সূচনা হয়। পদ্মগবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দীনের উদ্যোগে রনকাইল গ্রামের নারীদের পদ্মের ডাঁটা থেকে সুতা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। মাত্র তিন দিনের প্রশিক্ষণেই তারা সুতা তৈরির প্রাথমিক কৌশল আয়ত্ত করেন। পরবর্তী সময়ে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আরও মিহি ও উন্নত মানের সুতা উৎপাদনে দক্ষতা অর্জন করেন।

এই সুতা দিয়ে সোনারগাঁয়ের অভিজ্ঞ জামদানি কারিগরদের মাধ্যমে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন স্কার্ফ ও কাপড়। ফলে পদ্মরেশম শুধু কাঁচামাল হিসেবে নয়, বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের সঙ্গে যুক্ত করেও আন্তর্জাতিক বাজারে নতুন পণ্য হিসেবে পরিচিত করার সুযোগ তৈরি হয়েছে।

পদ্মের ডাঁটা থেকে সুতা তৈরির প্রক্রিয়াটিও বেশ ব্যতিক্রমী। তাজা পদ্মের ডাঁটা প্রতি এক ইঞ্চি পরপর আলতোভাবে ভেঙে টান দিলে এর ভেতরের ক্ষুদ্র প্রকোষ্ঠ থেকে আঠালো প্রাকৃতিক তন্তু বেরিয়ে আসে। বাতাসের সংস্পর্শে এসে এই তন্তু দ্রুত শুকিয়ে যায়। এরপর হাতের তালুতে ঘুরিয়ে ও পাকিয়ে তৈরি করা হয় মিহি সুতা। এভাবে কোনো রাসায়নিক উপাদান ব্যবহার ছাড়াই প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি হয় উজ্জ্বল হলুদাভ রঙের পদ্মরেশম।

উদ্যোক্তাদের মতে, এই উৎপাদনপ্রক্রিয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো পরিবেশবান্ধব উপাদান ও হাতে তৈরি করার পদ্ধতি। এতে রাসায়নিক ব্যবহার করতে হয় না। ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমিয়ে প্রাকৃতিক সম্পদকে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে।

ফরিদপুর ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের তথ্যমতে, মিয়ানমার, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় এক কেজি পদ্মরেশম সুতা উৎপাদন করতে প্রায় ৩০ হাজার পদ্মের ডাঁটা প্রয়োজন হয়। তবে ফরিদপুরের উর্বর পলিমাটিতে জন্মানো পদ্মের ডাঁটা থেকে তুলনামূলক কম কাঁচামাল ব্যবহার করেই একই পরিমাণ সুতা উৎপাদন সম্ভব। এখানে প্রায় ১৫ হাজার ডাঁটা থেকেই এক কেজি সুতা পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ছাড়া চাঁপাই বিলে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রচুর পদ্মফুল পাওয়া যায়। পদ্মের ডাঁটা সংগ্রহের পরও নতুন ডাঁটা দ্রুত গজিয়ে ওঠে। ফলে পরিকল্পিতভাবে বিলটির পরিচর্যা ও সংরক্ষণ করা গেলে নিয়মিত কাঁচামাল সরবরাহ নিশ্চিত করার সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক বাজারে পদ্মরেশমের দামও বেশ আকর্ষণীয়। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি কেজি লোটাস সিল্ক সুতা ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলারে বিক্রি হতে পারে। অন্যদিকে এই সুতা দিয়ে তৈরি কাপড়ের দাম মান ও ধরন অনুযায়ী প্রতি গজ ২৫ থেকে ১ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। সাধারণ রেশম ও সুতি কাপড়ের তুলনায় এর বিশেষ বৈশিষ্ট্য ও সীমিত উৎপাদন একে বিলাসবহুল পণ্যের বাজারে আলাদা অবস্থান দিয়েছে।

তবে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও ফরিদপুরের এই উদ্যোগ এখনো বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি। স্থানীয় কারিগরদের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালে দেশে পদ্মফুলের বাণিজ্যিক ব্যবহার নিয়ে গবেষণার অংশ হিসেবে চাঁপাই বিলের পাড়ে নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও ধারাবাহিক উদ্যোগের অভাবে পরবর্তী সময়ে কার্যক্রমটি প্রত্যাশিত গতি পায়নি। এই কাজ শেখা রাজবংশী পরিবারটির বর্তমান আর্থিক অবস্থাও ভালো নয়। অন্যদিকে, বিলটির যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের অভাবে মূল্যবান প্রাকৃতিক সম্পদটি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রনকাইল গ্রামের নারী কারিগর রেখা রানী জানান, সংসারের কাজের পাশাপাশি পদ্মের ডাঁটা থেকে সুতা তৈরি করে তারা বাড়তি আয়ের চেষ্টা করছেন। অবহেলিত পদ্মকে কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করার সুযোগ তৈরি হলেও এখনো এই কাজ থেকে আশানুরূপ লাভ পাচ্ছেন না তারা। প্রয়োজনীয় সহায়তা ও বাজারব্যবস্থা নিশ্চিত করা গেলে আরও বেশি নারী এই কাজে যুক্ত হতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, পদ্মফুলের মধ্যে এমন মূল্যবান উপাদান রয়েছে, তা আগে স্থানীয় অনেকেরই জানা ছিল না। চাঁপাই বিলের পদ্মফুলকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে এলাকার অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখা সম্ভব।

এদিকে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ সম্প্রতি সরেজমিনে চাঁপাই বিলের পদ্মফুল ও সুতা তৈরির কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি জানান, এই উদ্যোগকে এগিয়ে নিতে বর্তমান সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করা হবে। স্থানীয় নারীদের পাশে দাঁড়ানো এবং পদ্মরেশম শিল্পকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, ফরিদপুরে পদ্মরেশম শিল্পের বিকাশ ঘটাতে হলে কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রথমত, পদ্মবিলের সংরক্ষণ ও পরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, সুতা উৎপাদনের জন্য আধুনিক চরকা ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে হবে। পাশাপাশি নারী কারিগরদের নিয়মিত প্রশিক্ষণ, উৎপাদিত সুতার মান নিয়ন্ত্রণ, সহজ অর্থায়ন এবং সরাসরি আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই উদ্যোগকে বিচ্ছিন্ন একটি গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প হিসেবে না দেখে সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি ও তাঁতশিল্পের সঙ্গে পদ্মরেশমের সমন্বয় ঘটানো গেলে আন্তর্জাতিক বিলাসবহুল বস্ত্রবাজারে দেশের নতুন পরিচিতি তৈরি হতে পারে।

ফরিদপুরের চাঁপাই বিলের পদ্ম এখন তাই শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সম্ভাবনাময় একটি শিল্পের কাঁচামাল। যথাযথ সরকারি-বেসরকারি উদ্যোগ, বিনিয়োগ ও বাজারসংযোগ নিশ্চিত করা গেলে পদ্মের ডাঁটা থেকে তৈরি এই বিশেষ সুতা একদিকে যেমন গ্রামের নারীদের স্বাবলম্বী করতে পারে, অন্যদিকে বাংলাদেশের রপ্তানি আয়ের নতুন ক্ষেত্রও তৈরি করতে পারে।

সূত্রঃ টিবিএস

এমকে

আরো পড়ুন

তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহে রাজি আদানি

কোরিয়ান ভাষার পরীক্ষা ছাড়াই দক্ষিণ কোরিয়ার ই-৭-৪ ভিসার সুযোগঃ বড় সুবিধা পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা