TV3 BANGLA
বাংলাদেশ

গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৩২) সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, একজন এএসআই ও কনস্টেবল আনোয়ার সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাদের ওপর কয়েকজন হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার মারা গেছেন।

তিনি আরও জানান, ঘটনার সময় আনোয়ারের সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার দৌড়ে প্রাণে বাঁচলেও তার শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আগেও অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতার করেছে। এ হামলার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনও চক্র জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।
সূত্র: বাংলা ট্রিবিউন

আরো পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

গুলশানে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

ফুয়েল ট্যাঙ্কের দুটি স্ক্রু ছাড়াই বাংলাদেশ বিমানের ওমান যাত্রা!