ভারতের বেঙ্গালুরুতে এক মুসলিম ভাঙারি সংগ্রাহককে হাত-পা বেঁধে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সৈয়দ হাজী নামের ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি গৃহহীন ছিলেন। ভাঙারি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। মৃত্যুর আগে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে হামলার ভয়াবহ বিবরণ দিয়ে গেছেন তিনি। পাশাপাশি হামলাকারী দুই ব্যক্তিকে সামনে দেখলে চিনতে পারবেন বলেও পুলিশকে জানিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোরে বেঙ্গালুরুর গিরিনগর থানা এলাকার বীরভদ্রনগরে ভগবান মহাবীর জৈন হাসপাতালের বিপরীত পাশে একটি নির্জন জায়গায় এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শরীরের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দি অনুযায়ী, ১৭ নভেম্বর রাতে হালে গুড্ডাদাহাল্লির ইন্দিরা ক্যান্টিনের কাছে ঘুমিয়ে ছিলেন সৈয়দ হাজী। পরদিন ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে ভাঙারি সংগ্রহের উদ্দেশ্যে বের হন। স্যাটেলাইট বাসস্ট্যান্ড থেকে বীরভদ্রনগরের দিকে যাওয়ার সময় ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ভগবান মহাবীর জৈন হাসপাতালের সামনের রাস্তায় দুই অপরিচিত ব্যক্তি তার কাছে আসে।
ওই দুই ব্যক্তি রাস্তার পাশের একটি টিলায় প্রচুর প্লাস্টিক ও কার্ডবোর্ড পড়ে আছে বলে তাকে জানায়। ভাঙারি সংগ্রহের আশায় তাদের সঙ্গে সেখানে যান হাজী। কিন্তু নির্জন জায়গায় পৌঁছানোর পরই তার ওপর হামলা চালানো হয়।
জবানবন্দিতে হাজী জানান, দুই ব্যক্তির একজন পেছন থেকে তাকে শক্ত করে ধরে ফেলে। এরপর কাপড় দিয়ে তার হাত-পা বেঁধে মুখ চেপে দেওয়া হয়। পরে সঙ্গে থাকা একটি বোতল থেকে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।
শরীরে আগুন জ্বলতে থাকা অবস্থায় প্রাণ বাঁচাতে ছটফট করতে করতে তিনি টিলার ঢাল বেয়ে নিচের রাস্তার দিকে গড়িয়ে আসেন। একপর্যায়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তার শরীরের আগুন হাত-পা থেকে বুকের দিকেও ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে গিরিনগর থানার পুলিশের একটি হয়সালা টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বেঙ্গালুরু সাউথ ডিভিশনের ডেপুটি কমিশনার অব পুলিশ কে বংশী কৃষ্ণ জানান, প্রথমে হাজীর হাত ও পায়ে আগুন ধরেছিল। পরে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামার সময় আগুন তার বুকেও ছড়িয়ে পড়ে।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে সৈয়দ হাজী আরও জানান, হামলার পর অভিযুক্ত দুই ব্যক্তি তার কাছে থাকা নগদ ৬০০ রুপি এবং পরিচয়পত্র নিয়ে যায়। তার ভাষ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তির মুখ তিনি দেখেছিলেন এবং আবার সামনে পেলে তাদের শনাক্ত করতে পারবেন।
হামলাকারীদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধও জানিয়েছিলেন তিনি। তবে জবানবন্দি দেওয়ার কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়।
চিকিৎসক চিন্ময়ের উপস্থিতিতে হাসপাতালে হাজীর এই জবানবন্দি নেওয়া হয়। তার বক্তব্যের ভিত্তিতে ১৮ নভেম্বর গিরিনগর থানায় এফআইআর নম্বর ৩০৮/২০২৬ নথিভুক্ত করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১০৯(১) ধারা অনুযায়ী হত্যাচেষ্টা এবং ৩(৫) ধারা অনুযায়ী অভিন্ন উদ্দেশ্যে অপরাধ সংঘটনের অভিযোগে অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সে সময় হাজী জীবিত থাকায় মামলাটি হত্যাচেষ্টা হিসেবে নথিভুক্ত হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সৈয়দ হাজী দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় প্লাস্টিকের বোতল, কার্ডবোর্ড ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রী সংগ্রহ করে বিক্রি করতেন। প্রায় ১০ বছর ধরে এই কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।
জবানবন্দিতে নিজের পরিচয় সম্পর্কে হাজী জানান, তার জন্ম বেঙ্গালুরুর গোরিপালায়ায়। প্রায় ৩০ বছর আগে তিনি বাড়ি ছেড়ে চলে আসেন। কখনো স্কুলে পড়াশোনা করেননি এবং বিয়েও করেননি। শহরের রাস্তায় ঘুরে ভাঙারি সংগ্রহ করাই ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন।
তার বাবা সৈয়দ মোহাম্মদ ও মা ভানুমা আগেই মারা গেছেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার তিন ভাইয়ের নাম বাবু পাশা, এজাজ পাশা ও মুনাওয়ার পাশা।
ঘটনার প্রাথমিক প্রতিবেদন এবং পুলিশের এফআইআরে কিছু তথ্যের পার্থক্য পাওয়া গেছে। প্রাথমিক প্রতিবেদনে সৈয়দ হাজীর বয়স ৪৫ বছর এবং তাকে পাদারায়ণাপুরা এলাকার বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছিল। ঘটনাস্থল হিসেবে বলা হয়েছিল কুল্লান্না গুড্ডা।
অন্যদিকে, এফআইআরে তার বয়স ৪৪ বছর এবং আদি নিবাস গোরিপালায়া উল্লেখ করা হয়েছে। ঘটনার স্থান হিসেবে নথিভুক্ত করা হয়েছে উত্তরা হাল্লির বিএসকে তৃতীয় পর্যায়ের বীরভদ্রনগরে ভগবান মহাবীর জৈন হাসপাতালের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গা, যার নাম এরান্না গুড্ডে।
এফআইআর অনুযায়ী, ১৮ নভেম্বর ভোর ৫টা ৪৫ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিটের মধ্যে হামলার ঘটনা ঘটে। পুলিশ দুপুর ১২টা ১৫ মিনিটে মৌখিকভাবে খবর পায় এবং দুপুর ১২টা ৪৫ মিনিটে সংশ্লিষ্ট আদালতে এফআইআর পাঠানো হয়।
সৈয়দ হাজীর মৃত্যুর পরও তার মরদেহ গ্রহণের জন্য এখন পর্যন্ত কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। দীর্ঘদিন গৃহহীন অবস্থায় জীবনযাপন করায় তার পরিবারের সদস্যদের খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, তার পরিবারের সদস্য বা আত্মীয়স্বজনের সন্ধান পাওয়ার আশায় জানাজা সম্পন্ন করার আগে আরও কিছু সময় অপেক্ষা করা হবে। প্রয়োজনীয় পুলিশি চাহিদাপত্র না পাওয়ায় সংশ্লিষ্ট বিভাগ এখনো ময়নাতদন্ত সম্পন্ন করতে পারেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটসের (এপিসিআর) কর্ণাটক ইউনিটের একটি প্রতিনিধি দল গিরিনগর থানা ও মর্গ পরিদর্শন করেছে। সংগঠনটি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি সহায়তা এবং অন্যান্য সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।
সূত্রঃ দ্য নিউজ মিনিট
এমকে

