TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

স্টুডেন্ট লোন পরিশোধ না করলে বিদেশি গ্র্যাজুয়েটদের ফেরত পাঠাবে রিফর্ম পার্টি

যুক্তরাজ্যে পড়াশোনা শেষে স্টুডেন্ট লোনের কিস্তি পরিশোধ না করা বিদেশি গ্র্যাজুয়েটদের দেশটিতে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে রিফর্ম ইউকে। একই সঙ্গে যারা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন, কিন্তু বকেয়া শিক্ষাঋণ পরিশোধ করছেন না, তাদের বহিষ্কারের প্রস্তাবও দিয়েছে দলটি।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, রিফর্ম ইউকের নতুন এই নীতির কথা জানিয়েছেন দলটির স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ। নাইজেল ফারাজের নেতৃত্বাধীন দলটির পরিকল্পনা অনুযায়ী, বিদেশি গ্র্যাজুয়েটদের ঋণের কিস্তি বকেয়া থাকলে তা পরিশোধ না করা পর্যন্ত তারা যুক্তরাজ্যে ফিরতে পারবেন না।

সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে যুক্তরাজ্যে পড়াশোনা শেষে বিদেশে বসবাসরত প্রায় ৪৪ হাজার ইউরোপীয় ইউনিয়নের গ্র্যাজুয়েট স্টুডেন্ট লোনের কিস্তি পরিশোধ করেননি।

রিফর্ম ইউকের বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাজ্যে পড়াশোনা করা ১ লাখ ৭২ হাজার ইউরোপীয় ইউনিয়নের নাগরিকের মোট শিক্ষাঋণের পরিমাণ ৬২৩ কোটি পাউন্ড। ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসজুড়ে এই ঋণ বকেয়া রয়েছে।

দলটির দাবি, এসব ঋণ আদায় করা না গেলে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো ১৫০ কোটি পাউন্ডের বেশি অর্থ হারাতে পারে।

রিফর্ম ইউকে শুধু বকেয়া ঋণ আদায় নয়, বিদেশি শিক্ষার্থীদের সরকারি অর্থায়নে শিক্ষাঋণ দেওয়ার ব্যবস্থাও বন্ধ করতে চায়। দলটির পরিকল্পনা অনুযায়ী, এই অর্থ দিয়ে ব্রিটিশ তরুণদের জন্য ৬ লাখ শিক্ষানবিশির সুযোগ তৈরি করা হবে।

জিয়া ইউসুফ বলেন, ব্রিটিশ তরুণরা যখন নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তখন করদাতাদের বিপুল অর্থ বিদেশি নাগরিকদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ঋণ হিসেবে দেওয়া হচ্ছে। তার দাবি, বিদেশি নাগরিকদের মধ্যে প্রায় অর্ধেক গত এক বছরে ঋণের কোনো কিস্তিই পরিশোধ করেননি।

তিনি আরও বলেন, বিদেশি শিক্ষার্থীদের ঋণ নিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার কারণে ব্রিটিশ করদাতাদের প্রায় ১৫০ কোটি পাউন্ড ক্ষতির মুখে পড়তে হতে পারে।

রিফর্ম ইউকের পরিকল্পনায় শিক্ষাঋণ কোম্পানি বা স্টুডেন্ট লোনস কোম্পানিকে হোম অফিসের সঙ্গে তথ্য বিনিময়ে বাধ্য করার বিষয়টিও রয়েছে। যেসব ইউরোপীয় গ্র্যাজুয়েট ঋণের কিস্তি পরিশোধ করছেন না, তাদের তথ্য হোম অফিসকে দেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের বছরে সর্বোচ্চ ১৩ হাজার পাউন্ড পর্যন্ত শিক্ষাঋণ পাওয়ার সংখ্যা ৬০ শতাংশ বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ২ লাখ ৬২ হাজার বিদেশি শিক্ষার্থী এ ধরনের ঋণ পেয়েছেন। তাদের মধ্যে সাতটি ইউরোপীয় দেশের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লাখ ৬৬ হাজার।

দেশগুলো হলো রোমানিয়া, পোল্যান্ড, ইতালি, বুলগেরিয়া, পর্তুগাল, স্পেন ও স্লোভাকিয়া।

রিফর্ম ইউকের শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রেভারম্যান বলেছেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণ বন্ধ করা, বকেয়া অর্থ আদায় এবং ব্রিটিশ শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষানবিশির সুযোগ তৈরির পরিকল্পনা বাস্তবায়নে তারা পিছপা হবেন না।

এদিকে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্প্রতি ১৮ থেকে ৩১ বছর বয়সী ১ লাখ ইউরোপীয় নাগরিকের জন্য তিন বছর পর্যন্ত যুক্তরাজ্যে বসবাস, কাজ ও পড়াশোনার সুযোগ দিয়ে একটি পারস্পরিক যুব চলাচল চুক্তি হয়েছে।

তবে ইউরোপীয় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্যে পড়তে আসা তাদের শিক্ষার্থীদের বার্ষিক টিউশন ফি ৩৮ হাজার পাউন্ড থেকে কমিয়ে ব্রিটিশ শিক্ষার্থীদের সমপরিমাণ ৯ হাজার ৯৭০ পাউন্ড করার দাবি জানিয়েছে। এ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে ছয় মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে নতুন আবাসন লক্ষ্যমাত্রা

নিউজ ডেস্ক

ব্রিটিনে হাজারো রোগীর ব্যবহৃত রক্তচাপের ওষুধে ঘাটতিঃ সরবরাহে নিষেধাজ্ঞা

মন্দা কাটিয়ে প্রবৃদ্ধিতে ফিরেছে যুক্তরাজ্য