TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের ম্যানচেস্টার কনসার্টে ‘টিয়ার গ্যাস’ আতঙ্কঃ হাসপাতালে একজন

ব্রিটেনের ম্যানচেস্টারে মার্কিন র‍্যাপার ডন টলিভারের কনসার্টে অজ্ঞাত একটি রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার ঘটনায় অন্তত ৫০ জন অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জরুরি পরিস্থিতি ঘোষণা করে ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়েছে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে ম্যানচেস্টারের কো-অপ লাইভ অ্যারেনায় এ ঘটনা ঘটে। ওই সময় সেখানে মার্কিন সংগীতশিল্পী ডন টলিভারের পরিবেশনা চলছিল। দর্শকদের ভিড়ের মধ্যে অজ্ঞাত পদার্থটি ছড়িয়ে পড়ার পর অনেককে কাশি দিতে, চোখে জ্বালাপোড়া অনুভব করতে এবং মুখ ঢেকে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছিল, ঘটনাস্থলে টিয়ার গ্যাস ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে পুলিশ জানায়, পদার্থটির প্রকৃত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই কনসার্ট বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে উপস্থিত ১২ হাজারের বেশি দর্শককে নিরাপদে বের করে আনা হয়। পরিস্থিতি মোকাবিলায় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ‘মেজর ইনসিডেন্ট’ বা বড় ধরনের জরুরি পরিস্থিতি ঘোষণা করে। এতে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন জরুরি সেবা সংস্থা সমন্বিতভাবে কাজ শুরু করে।

নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে ৫০ জনের বেশি মানুষকে চিকিৎসাকর্মীরা পরীক্ষা করেছেন। তাদের কয়েকজনের চোখ ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। একজনকে অধিকতর চিকিৎসার জন্য ম্যানচেস্টার রয়্যাল ইনফার্মারিতে পাঠানো হয়েছে।

এ ছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশেষায়িত বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে জীবাণুমুক্তকরণ ও দূষণমুক্ত করার কার্যক্রম পরিচালনা করে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সহকারী প্রধান কনস্টেবল স্টেফ পার্কার বলেন, কনসার্টে উপস্থিত প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল তাদের প্রধান অগ্রাধিকার। দর্শকদের নিরাপদে বের করে আনতে জরুরি সেবা সংস্থাগুলো একযোগে কাজ করেছে।

তিনি আরও বলেন, কী ধরনের পদার্থ ছড়িয়ে পড়েছিল এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করা হবে। কনসার্ট থেকে চলে যাওয়ার পরও কেউ অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে কনসার্টে নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। কয়েকজন দর্শকের অভিযোগ, অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় তাদের ব্যাগ যথাযথভাবে তল্লাশি করা হয়নি। বিবিসি রেডিও ফোরকে দেওয়া সাক্ষাৎকারে ড্যারিয়াস নামের এক দর্শক জানান, নিরাপত্তা তল্লাশিতে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হলেও ব্যাগ পরীক্ষা করা হয়নি বলে তার মনে হয়েছে।

ম্যানচেস্টার ইভনিং নিউজকে জেসিকা নামের আরেক দর্শক জানান, তার এক বন্ধু নিরাপত্তা তল্লাশি এড়িয়ে একটি ফ্লেয়ার বা আগুনের সংকেত দেওয়ার সরঞ্জাম ভেতরে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন বলে তিনি জানতে পেরেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

কো-অপ লাইভ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার কারণ শনাক্ত করতে তারা গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্য হাউস অব লর্ডসের সদস্য পদ সরিয়ে দেয়া হয়েছে সাবেক উপ-প্রধানমন্ত্রীকে

লন্ডন হতে আগত বিমান বাংলাদেশ ফ্লাইটে বিশৃঙ্খলা, মদ্যপ যাত্রী আটক সিলেটে অবতরণের পর

বিলেতের বাহিরে থেকে প্রপার্টি মার্কেটে বিনিয়োগ করা

নিউজ ডেস্ক