ব্রিটেনের হাল শহরে আশ্রয়প্রার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত একটি হোটেলে অগ্নিসংযোগ করে ভয়াবহ হামলা চালানোর পরিকল্পনার দায়ে ২৪ বছর বয়সী এক উগ্র ডানপন্থিকে দোষী সাব্যস্ত করেছে আদালত। হামলার মাধ্যমে হোটেলে থাকা যত বেশি সম্ভব মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন মিক্কা অ্যান্ডারসন।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, নিউক্যাসলের ক্রাউন কোর্টে অ্যান্ডারসনের বিরুদ্ধে আনা সন্ত্রাসী হামলার প্রস্তুতি ও ষড়যন্ত্রের অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করা হয়। তিনি আশ্রয়প্রার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত হোটেলটিকে লক্ষ্যবস্তু করেছিলেন।
পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে বডি আর্মার, নিজ হাতে তৈরি ফিউজ, ক্রসবো, চাপাতি এবং ‘জম্বি নাইফ’সহ বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করে। এ ছাড়া সম্ভাব্য বিস্ফোরক হিসেবে ন্যাপাম, ব্ল্যাক পাউডার এবং আগে থেকেই তৈরি একটি পেট্রলবোমাও পাওয়া যায়। এসব পদার্থ উদ্ধারের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের ডাকা হয়।
আদালতে উপস্থাপিত অ্যান্ডারসনের মোবাইল ফোনের তথ্য-প্রমাণে তার চরম উগ্র ডানপন্থি ও নব্য নাৎসিবাদী মতাদর্শের পরিচয় পাওয়া যায়। অভিবাসীদের প্রতি তার তীব্র বিদ্বেষ ছিল। তিনি অনলাইনে একই ধরনের উগ্র মতাদর্শে বিশ্বাসীদের বিভিন্ন গ্রুপে যুক্ত হন এবং হামলার পরিকল্পনা বাস্তবায়নে সহযোগী সংগ্রহের চেষ্টা করেন।
পুলিশ জানায়, অ্যান্ডারসন হামলার জন্য নির্ধারিত হোটেলটি সম্পর্কে আগেই তথ্য সংগ্রহ করেছিলেন। এমনকি সেখানে প্রাথমিক পর্যায়ের নজরদারি চালানো এবং পরিকল্পিত হামলায় ব্যবহারের জন্য অস্ত্র পরীক্ষা করার প্রমাণও পাওয়া গেছে।
তার বাড়িতে পাওয়া ব্যক্তিগত ডায়েরিতেও উগ্র মতাদর্শের বিভিন্ন প্রমাণ রয়েছে। একটি লেখায় জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে ‘অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি’ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ নামে পরিচিত ষড়যন্ত্র তত্ত্বের প্রতিও সমর্থনের ইঙ্গিত পাওয়া যায়।
আদালতে নিজের পক্ষে যুক্তি দিতে গিয়ে অ্যান্ডারসন দাবি করেন, কাউকে আঘাত করার ইচ্ছা তার ছিল না; তিনি কেবল একজন ‘সারভাইভালিস্ট’ বা প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার প্রস্তুতি নেওয়া ব্যক্তি।
তবে তদন্তে পাওয়া তথ্য-প্রমাণে তার হামলার প্রস্তুতি ও পরিকল্পনার বিষয়টি উঠে আসে।
কাউন্টার টেররিজম পুলিশিং নর্থ ইস্টের কর্মকর্তা ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট জেমস ডানকারলি বলেন, অ্যান্ডারসনের চরম উগ্র ডানপন্থি মতাদর্শ তাকে অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করতে প্ররোচিত করেছিল।
তিনি আরও বলেন, কাউন্টার টেররিজম পুলিশ ও সহযোগী সংস্থাগুলো গভীর তদন্তের মাধ্যমে অ্যান্ডারসনের হুমকির মাত্রা শনাক্ত করে। ফলে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই তাকে আটক করা সম্ভব হয়।
জননিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, সমাজের জন্য সম্ভাব্য হুমকির কোনো তথ্য পাওয়া গেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সন্দেহজনক কিছু চোখে পড়লে কর্তৃপক্ষকে জানানোর আহ্বানও জানান তিনি।
সূত্রঃ মেট্রো \ প্রেস অ্যাসোসিয়েশন (পিএ)
এমকে

