15.7 C
London
September 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশ হতে লন্ডনফেরত বিমানে দুই যাত্রীর হাতাহাতিঃ আতঙ্কে অন্য যাত্রীরা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন থেকে বাংলাদেশগামী একটি ফ্লাইটে দুই বাংলাদেশি যাত্রীর মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই ব্যক্তি প্রথমে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে দুজনই পরস্পরকে মারধর করতে থাকেন। এ সময় একজনের টি-শার্ট ছিঁড়ে যেতে দেখা যায়।

ফ্লাইটের ভেতরে এমন পরিস্থিতিতে অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রু এবং বিমানে থাকা অন্য যাত্রীরা এগিয়ে আসেন। তারা দুই যাত্রীকে থামানোর পাশাপাশি আলাদা করার চেষ্টা করেন। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়।

তবে দুই যাত্রীর মধ্যে কী কারণে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়েছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। একইভাবে মারামারির ঘটনায় ফ্লাইটের স্বাভাবিক চলাচলে কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন ঘটেছিল কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদের সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখার কথা জানান।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিমানযাত্রায় যাত্রীদের আচরণ ও উড়োজাহাজের ভেতরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া \ এমটিনিউজ২৪

এমকে

আরো পড়ুন

এলডিসি উত্তরণ তিন বছর পেছাতে বাংলাদেশের আবেদন

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, কী তার পরিচয়

বৌদ্ধদের মহাশশ্মানের ব্যবস্থা করে দিলো ডঃ ইউনুসের সরকার