TV3 BANGLA
বাংলাদেশ

অক্সফোর্ডে হাসনাত-সাদিককে ঘিরে সমর্থকদের জমায়েতঃ পাল্টা বিক্ষোভে আওয়ামী লীগ

অক্সফোর্ডে একটি পূর্বনির্ধারিত বিতর্ক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েমকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জড়ো হয়েছেন। একই সময়ে তাদের উপস্থিতির প্রতিবাদ জানাতে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন। ফলে অনুষ্ঠানস্থলের সামনে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

রবিবার (স্থানীয় সময়) বিকেল ৬টার কিছু আগে ইংল্যান্ডের অক্সফোর্ডে অনুষ্ঠিতব্য বিতর্ক অনুষ্ঠানের ভেন্যুর সামনে এনসিপি এবং জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক জড়ো হন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েমকে স্বাগত জানান।

অন্যদিকে, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে একটি দোতলা বাসে করে কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় বিতর্ক অনুষ্ঠানের ভেন্যুর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় সময় বিকেল ৬টা ১৫ মিনিট পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করে উভয় পক্ষকে নিয়ন্ত্রণে রাখে এবং জনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এদিকে, গত শুক্রবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) আয়োজিত একটি সমাবেশে অংশ নিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। ওই সমাবেশের দুই দিন পর রবিবার একই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়, যা যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অক্সফোর্ডের এই আয়োজনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক বিভাজনের প্রতিফলন দেখা গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল বলে জানা গেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

‘আগে রিকশায় চড়তেন, এখন প্রাডোতে’— জুলাই চেতনা বিক্রির অভিযোগে সংসদে বাচ্চুর কড়া মন্তব্য

সীসা দূষণের ফলে বাংলাদেশে শিশুদের বাড়ছে রোগ

অক্সফোর্ডের গবেষণায় সুযোগ পেলেন বাংলাদেশের আতাউল