15.2 C
London
August 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষায় ব্রিটেনের ব্যবস্থা ভঙ্গুরঃ জরুরি সংস্কারের দাবি

যুক্তরাজ্যে অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থান অধিকার রক্ষায় বিদ্যমান ব্যবস্থার বড় ধরনের দুর্বলতা সামনে এসেছে।

শ্রমিক অধিকারকর্মীরা সতর্ক করে বলেছেন, কার্যকর সংস্কার না আনা হলে অভিবাসী কর্মীদের জন্য আইনি সুরক্ষা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ হয়ে পড়বে।

সম্প্রতি এক কর্মসংস্থান ট্রাইব্যুনালের রায়ে ভারতীয় বংশোদ্ভূত শ্রমিক শাবিন শাজিকে প্রায় ৩০ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ ছিল, তার নিয়োগকর্তা প্রতিশ্রুত কাজ দিতে ব্যর্থ হয়েছে। এই রায়কে অভিবাসী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ভুক্তভোগী কখনোই আদালত বা ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারেন না।

কর্মসংস্থান আইনি সহায়তা নেটওয়ার্কের পরিচালক এমা উইলকিনসনের মতে, শাবিন শাজির মামলাটি ব্যতিক্রমী। কারণ অধিকাংশ অভিবাসী শ্রমিক প্রয়োজনীয় আইনি সহায়তা পান না। অনেকেই বৈধভাবে যুক্তরাজ্যে অবস্থান করলেও নিজেদের অভিবাসন মর্যাদা ঝুঁকিতে পড়ার আশঙ্কায় নিয়োগকর্তার বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পান না।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার দায়িত্ব শুধু ব্যক্তিগত মামলার ওপর নির্ভরশীল হতে পারে না। এ ক্ষেত্রে সদ্য প্রতিষ্ঠিত ফেয়ার ওয়ার্ক এজেন্সির আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। তবে কার্যকরভাবে কাজ করতে হলে সংস্থাটিকে পর্যাপ্ত অর্থায়ন ও জনবল সরবরাহ করতে হবে।

এদিকে যুক্তরাজ্যের কর্মসংস্থান ট্রাইব্যুনাল ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, অনেক সাধারণ মামলার শুনানির তারিখ এখন ২০২৯ কিংবা ২০৩০ সালে নির্ধারণ করা হচ্ছে। দীর্ঘ এই বিলম্বের কারণে অসাধু নিয়োগকর্তারা কার্যত উৎসাহিত হচ্ছেন। কারণ মামলার নিষ্পত্তির আগেই অনেক অভিবাসী কর্মী চাকরি হারিয়ে বা ভিসার মেয়াদ শেষ হয়ে দেশ ছেড়ে যেতে বাধ্য হন।

শ্রমিক অধিকারকর্মীরা আরও জানিয়েছেন, ট্রাইব্যুনালে জয়ী হওয়ার পরও ক্ষতিপূরণ আদায় করা কঠিন হয়ে পড়ে। পরিসংখ্যান অনুযায়ী, ট্রাইব্যুনালের রায়ে প্রদত্ত প্রায় অর্ধেক ক্ষতিপূরণই সম্পূর্ণভাবে পরিশোধ করা হয় না। ফলে বিচার পেলেও অনেক শ্রমিক বাস্তবে তার সুফল ভোগ করতে পারেন না।

বিশেষজ্ঞদের মতে, অভিবাসী শ্রমিকদের শোষণ রোধ, দ্রুত বিচার নিশ্চিত করা এবং ট্রাইব্যুনালের রায় কার্যকরভাবে বাস্তবায়নের জন্য যুক্তরাজ্যের শ্রম অধিকার ব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন। অন্যথায় কর্মীদের জন্য বিদ্যমান অধিকার ও সুরক্ষা বাস্তব অর্থে অকার্যকর হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

ইমিগ্র্যান্ট সংখ্যা কমছে, তবু ব্রিটেনে অভিবাসন ইস্যু এখনো রাজনীতির কেন্দ্রবিন্দু

যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে যাচ্ছে ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন হিজবুত তাহরির

আকস্মিক সফরে যুক্তরাজ্যে জেলেনস্কি