9.8 C
London
February 28, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অসুস্থতা ও মানসিক চাপে তিন মাসেই প্রাইমারি স্কুলের চাকরি ছাড়লেন নাদিয়া হোসেন

দ্য গ্রেট ব্রিটিশ বেইক অফ বিজয়ী নাদিয়া হোসেন মিল্টন কিনসের গাইলস ব্রুক প্রাইমারি স্কুল-এ শিক্ষক সহকারী পদ থেকে সরে দাঁড়িয়েছেন। প্রায় তিন মাস দায়িত্ব পালনের পর তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

২০১৫ সালে দ্য গ্রেট ব্রিটিশ বেইক অফ-এ বিজয়ী হওয়ার পর নাদিয়া হোসেন দীর্ঘ সময় টেলিভিশনে কাজ করেছেন। তবে গত বছর বিবিসি তার রান্নাবিষয়ক অনুষ্ঠান পুনরায় চালু না করার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি পেশাগত জীবনে নতুন পথ খুঁজতে শুরু করেন। সেই সময় তিনি একটি প্রাইমারি স্কুলে শিক্ষক সহকারী হিসেবে যোগ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিওবার্তায় তিনি জানান, এই সিদ্ধান্ত ছিল তার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত। স্কুলের পরিবেশে নিয়মিত সর্দি-কাশি ও বিভিন্ন সংক্রমণের কারণে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছিলেন না।

২০২৪ সালে তার ফাইব্রোমায়ালজিয়া ধরা পড়ে, যা দীর্ঘমেয়াদি শরীরব্যাপী ব্যথা ও ক্লান্তির কারণ। পাশাপাশি তিনি অন্ত্রসংক্রান্ত অটোইমিউন সমস্যায় ভুগছেন, যার ফলে শরীরে প্রয়োজনীয় ভিটামিন শোষণে জটিলতা তৈরি হয়। ক্রমাগত অসুস্থতা তার মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে শুরু করে। তিনি জানান, সব সময় অসুস্থ থাকায় দায়িত্ব পালনে নিজের সর্বোচ্চটা দিতে পারছিলেন না।

নাদিয়া হোসেন বলেন, ছোট শিশুদের সঙ্গে কাজ করা ছিল তার দীর্ঘদিনের ইচ্ছা। প্রাইমারি স্কুলে কাজ করার অভিজ্ঞতাকে তিনি নিজের তিন সন্তানকে বড় করার পর জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। প্রতিদিন সকালে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করার আগ্রহ তাকে উজ্জীবিত করত।

টেলিভিশনে তার উপস্থাপিত অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল ‘নাদিয়া বেইকস’, ‘নাদিয়ার ফাস্ট ফ্লেভারস’ এবং ‘নাদিয়ার সিম্পল স্পাইসেস’। বিভিন্ন সম্প্রচারমাধ্যম থেকে প্রস্তাব পেলেও তিনি শিক্ষা খাতে কাজ করার সিদ্ধান্ত নেন। তবে শারীরিক সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত তাকে সেই দায়িত্ব ছাড়তে হয়েছে।

সামাজিক মাধ্যমে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে সমর্থন জানিয়েছেন। অভিনেত্রী লিসা ফকনার, চিকিৎসক আমির খান , দ্য গ্রেট ব্রিটিশ বেইক অফ তারকা জন হোয়াইট এবং সাবেক বিজয়ী রাহুল মণ্ডল তার এই সিদ্ধান্তে সমর্থন জানিয়ে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্বাস্থ্যগত চ্যালেঞ্জ সত্ত্বেও ভবিষ্যতে শিশুদের সঙ্গে অন্য কোনো উপায়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন নাদিয়া

সূত্রঃ জিবি নিউজ

এম.কে

আরো পড়ুন

ওয়াটারলু থেকে লুইশ্যাম নতুন বাস রুট ‘বেকারলুপ’ চালুঃ প্রথম সপ্তাহে ভাড়া একেবারে ফ্রি

ইংল্যান্ডে ক্যান্সার আক্রান্ত’রা প্রতিবন্ধী ভাতার জন্য সাত মাস অপেক্ষা করছেঃ গবেষণা

যুক্তরাজ্য জুড়ে আগের চেয়ে অনেক বেশি শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করছেঃপরিসংখ্যান