TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডে কনসালট্যান্ট চিকিৎসকদের ধর্মঘটের পক্ষে ভোটঃ এনএইচএসে ফের সেবা ব্যাহত হওয়ার শঙ্কা

বেতন বৃদ্ধি, দীর্ঘমেয়াদি বেতন চুক্তি এবং সাপ্তাহিক কর্মঘণ্টা কমানোর দাবিতে ইংল্যান্ডের কনসালট্যান্ট চিকিৎসকরা ধর্মঘটের পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে আগামী এক বছরে যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এ নতুন করে অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে।

ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত ব্যালটে অংশ নেওয়া কনসালট্যান্ট চিকিৎসকদের ৭৫.৮ শতাংশ ধর্মঘটের পক্ষে মত দিয়েছেন। যদিও এখনো কোনো ধর্মঘটের তারিখ ঘোষণা করা হয়নি, তবে চিকিৎসকদের হাতে আগামী ১২ মাসের জন্য শিল্প আন্দোলনের (ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন) আইনগত ম্যান্ডেট থাকায় সরকার ও চিকিৎসকদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বিএমএর তথ্য অনুযায়ী, সংগঠনটির ৩৫ হাজার ৬৭ জন কনসালট্যান্ট সদস্যের মধ্যে ১৮ হাজার ৬৯ জন ভোট দেন। ভোটদানের হার ছিল ৫১.৫ শতাংশ, যা যুক্তরাজ্যের শ্রম আইন অনুযায়ী ধর্মঘটের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৫০ শতাংশের সামান্য বেশি। ভোটদাতাদের মধ্যে ১৩ হাজার ৬৯৫ জন ধর্মঘটের পক্ষে এবং ৪ হাজার ৩৬৯ জন বিপক্ষে মত দেন।

এই ভোটাভুটি এমন সময় হলো, যখন মাত্র এক সপ্তাহ আগে ইংল্যান্ডের রেসিডেন্ট (সাবেক জুনিয়র) চিকিৎসকেরা সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব গ্রহণ করে দীর্ঘদিনের আন্দোলনের ইতি টেনেছেন। ফলে নতুন করে কনসালট্যান্টদের আন্দোলন এনএইচএসের ওপর আবারও চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কনসালট্যান্ট চিকিৎসকদের দাবি, ২০০৮-০৯ সালের পর থেকে মূল্যস্ফীতির কারণে তাদের বেতনের প্রকৃত মূল্য প্রায় ২৫ শতাংশ কমে গেছে। তাই তারা একাধিক বছরের বেতন চুক্তি, অফিস সময়ের বাইরে কাজের জন্য বেশি পারিশ্রমিক এবং সাপ্তাহিক কর্মঘণ্টা ৪০ ঘণ্টা থেকে কমিয়ে ৩৭.৫ ঘণ্টা করার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা সরাসরি রোগী দেখার সময় কিছুটা কমিয়ে গবেষণা, উদ্ভাবন ও স্বাস্থ্যসেবার উন্নয়নে বেশি সময় দিতে চান।

বর্তমানে ইংল্যান্ডে একজন কনসালট্যান্ট চিকিৎসকের মূল বার্ষিক বেতন ১ লাখ ১৩ হাজার ৫৬৫ পাউন্ড থেকে ১ লাখ ৫০ হাজার ৫৬৯ পাউন্ডের মধ্যে। অতিরিক্ত দায়িত্ব, ওভারটাইম এবং ক্লিনিক্যাল উৎকর্ষতার জন্য বিভিন্ন ভাতা যুক্ত হলে গড় আয় প্রায় ১ লাখ ৫২ হাজার পাউন্ডে পৌঁছায়।

বিএমএর কনসালট্যান্টস কমিটির সহ-সভাপতি ডা. হেলেন নিয়ারি ও ডা. শানু দত্ত এক যৌথ বিবৃতিতে বলেন, এই ফলাফল স্পষ্টভাবে প্রমাণ করে যে কনসালট্যান্ট চিকিৎসকেরা তাদের বেতন ও পেশাগত মর্যাদার অবমূল্যায়ন আর মেনে নিতে রাজি নন। সরকার সমস্যার সমাধান করলে ধর্মঘটের প্রয়োজন হবে না, তবে প্রয়োজনে তারা এই ম্যান্ডেট ব্যবহার করবেন।

অন্যদিকে যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব জেমস মারে চিকিৎসকদের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, গত চার বছরে কনসালট্যান্টদের প্রাথমিক বেতন ২৮.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে তারা দেশের সর্বোচ্চ আয়ের শীর্ষ ২ শতাংশ মানুষের মধ্যে রয়েছেন। তাই আরও বেতনের দাবিতে ধর্মঘটের কোনো যৌক্তিকতা নেই।

তিনি বলেন, সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত ৩.৫ শতাংশ বেতন বৃদ্ধি পুনর্বিবেচনা করবে না এবং চিকিৎসকদের প্রতি রোগীদের দুর্ভোগ বাড়ানোর পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানান।

স্বাস্থ্য সচিবের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ইংল্যান্ডের মোট ৬৬ হাজার ৭৫৯ জন কনসালট্যান্ট চিকিৎসকের তুলনায় ধর্মঘটের পক্ষে ভোট দিয়েছেন তুলনামূলকভাবে অল্পসংখ্যক চিকিৎসক। তাদের মতে, বিএমএর সদস্যদের মধ্যেও দুই-পঞ্চমাংশের কম চিকিৎসক ধর্মঘটকে সমর্থন করেছেন।

এদিকে এনএইচএস ট্রাস্টগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন এনএইচএস অ্যালায়েন্স উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, কনসালট্যান্টদের সম্ভাব্য ধর্মঘট বাস্তবায়িত হলে আবারও গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা ব্যাহত হবে এবং রোগীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।

সংস্থাটির প্রধান নির্বাহী সিয়ারান ডেভেন বলেন, চিকিৎসকদের উদ্বেগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে সরকার ও বিএমএর উচিত আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান খুঁজে বের করা, যাতে রোগীদের চিকিৎসাসেবা আর কোনোভাবে ব্যাহত না হয়।

সরকার ও চিকিৎসকদের মধ্যে আলোচনা ফলপ্রসূ না হলে আগামী এক বছরের যেকোনো সময় ইংল্যান্ডে কনসালট্যান্ট চিকিৎসকদের ধর্মঘট শুরু হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতি তৈরি হলে এনএইচএসে অপেক্ষমাণ রোগীদের চিকিৎসা, অস্ত্রোপচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা আবারও বড় ধরনের চাপের মুখে পড়বে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

পেঁয়াজু দিয়ে মাস্টারশেফ ইউকেতে বাংলাদেশের সাবিনার ঝড়, প্রথম হিট জিতে কোয়ার্টার ফাইনালে

ব্রিটিশ-বাংলাদেশী তারেক মিয়ার বিরুদ্ধে ৪ ধর্ষণসহ একাধিক যৌন অপরাধের চার্জ

আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতঃ টিউলিপ সিদ্দিক