ইংল্যান্ডে দোকান চুরি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে অপরাধ দমনে বড় ধরনের অভিযান শুরু করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। দেশজুড়ে সবচেয়ে বেশি দোকান চুরির সঙ্গে জড়িত ৫০০ অপরাধীকে বিশেষভাবে চিহ্নিত করে নজরদারিতে রাখবে পুলিশ। অপরাধীদের নিয়ন্ত্রণে জিপিএস ট্যাগ, শহরের প্রধান বাণিজ্যিক এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা এবং কঠোর কারাদণ্ডের মতো ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ইংল্যান্ডের সর্বোচ্চ ১৭টি পুলিশ বাহিনী নিজ নিজ এলাকায় বারবার দোকান চুরির সঙ্গে জড়িত অপরাধীদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করবে। তাদের বিরুদ্ধে অপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ করে আদালতে কঠোর সাজা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ কর্মসূচির জন্য অতিরিক্ত ২৫ লাখ পাউন্ড বরাদ্দ দিয়েছে সরকার।
অভিযানের আওতায় অপরাধীদের বিরুদ্ধে ক্রিমিনাল বিহেভিয়ার অর্ডার আরও ব্যাপকভাবে প্রয়োগ করা হবে। এর মাধ্যমে নির্দিষ্ট অপরাধীদের হাইস্ট্রিট ও শহরের বাণিজ্যিক কেন্দ্রগুলোতে প্রবেশ নিষিদ্ধ করা যাবে। পাশাপাশি তাদের চলাচল পর্যবেক্ষণে জিপিএস ট্যাগ ব্যবহার এবং নিয়মিত আদালতে হাজিরা নিশ্চিত করতে বিশেষ তদারকি ব্যবস্থা চালু করা হবে।
আদালতের নির্দেশনা অমান্য করা কিংবা নিষেধাজ্ঞা ভঙ্গ করলে গুরুতর ক্ষেত্রে অপরাধীদের কারাদণ্ড দেওয়া হতে পারে। অন্যদিকে, দোকান চুরির সঙ্গে জড়িত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানিয়েছে সরকার।
শাবানা মাহমুদ বলেন, অল্পসংখ্যক অপরাধী বিপুলসংখ্যক দোকান চুরির ঘটনা ঘটিয়ে সমাজে ব্যাপক ক্ষতি করছে। তারা হাইস্ট্রিটের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আর্থিক ক্ষতির মুখে ফেলছে এবং দোকানের কর্মীদের মধ্যে কর্মস্থলে নিরাপত্তাহীনতা তৈরি করছে। এসব অপরাধীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে তাদের অপরাধের বাস্তব পরিণতির মুখোমুখি করাই সরকারের লক্ষ্য।
সরকার জানিয়েছে, ২০২৫ সালে লন্ডনের ব্রোমলিতে পরিচালিত ‘অপারেশন কেলেহার’-এর সাফল্য অনুসরণ করে নতুন এই অভিযান সাজানো হয়েছে। ওই অভিযানে মাত্র ১০ জন চিহ্নিত দোকানচোরকে লক্ষ্য করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের পর সংশ্লিষ্ট এলাকায় নথিভুক্ত খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে অপরাধের হার ৭০ শতাংশ কমে যায়।
পরিসংখ্যান অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে ২০২৪ সালে পুলিশের নথিভুক্ত দোকান চুরির ঘটনা পাঁচ লাখ ছাড়িয়ে যায়, যা ছিল রেকর্ড সর্বোচ্চ। ২০২৫ সালে এই সংখ্যা ২ শতাংশ কমলেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। মেট্রোপলিটন পুলিশের তথ্য বলছে, গত দুই বছরে মাত্র ১০৪ জন নিয়মিত অপরাধী ৫ হাজার ৩০০টিরও বেশি দোকান চুরির ঘটনায় জড়িত ছিল।
দেশটির সুপারমার্কেট চেইন সেইন্সবারির প্রধান নির্বাহী সাইমন রবার্টস খুচরা ব্যবসায় অপরাধ পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, দোকানে চুরি, কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, আগ্রাসী আচরণ ও সহিংসতার ঘটনা প্রতিদিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার পাশাপাশি সরকারের নতুন পদক্ষেপ বাস্তবায়নে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
তবে অপরাধ দমনের পাশাপাশি এর পেছনের কারণগুলো মোকাবিলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সাবেক দোকানচোরদের অভিজ্ঞতা এবং বিভিন্ন দাতব্য সংস্থার বক্তব্য অনুযায়ী, মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা বারবার দোকান চুরির অন্যতম কারণ। তাই শুধু গ্রেপ্তার ও শাস্তি নয়, মাদক ও অ্যালকোহল আসক্তি থেকে মুক্তির জন্য সহায়তা বাড়ানোর কথাও জানিয়েছে সরকার।
পুনর্বাসন নিয়ে কাজ করা দাতব্য সংস্থা রিভলভিং ডোরস বলেছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি আসক্তি, মানসিক অসুস্থতা ও গৃহহীনতার মতো সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদি সহায়তা প্রয়োজন। সংস্থাটির মতে, অভিযানের প্রকৃত সাফল্য নির্ধারিত হওয়া উচিত পুনরায় অপরাধের সংখ্যা কমা, জননিরাপত্তা বৃদ্ধি এবং অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরির মাধ্যমে।
ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়ামের প্রধান নির্বাহী হেলেন ডিকিনসনও বলেছেন, অল্পসংখ্যক নিয়মিত অপরাধী যে বিপুলসংখ্যক অপরাধের জন্য দায়ী, তাদের নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠোর আইন প্রয়োগের পাশাপাশি অপরাধের মূল কারণ মোকাবিলায় লক্ষ্যভিত্তিক সহায়তা দেওয়া গেলে দেশটির হাইস্ট্রিট ও স্থানীয় জনপদে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

