19.9 C
London
October 1, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইইউতে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনাও বিবেচনায় যুক্তরাজ্যঃ অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি ইউরোপনীতি নতুন করে সাজানোর সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বার্নহাম বলেন, ব্রেক্সিটের বর্তমান ব্যবস্থা যুক্তরাজ্যের জন্য ‘লাভের চেয়ে বেশি ক্ষতি’ করেছে। ইউরোপের সঙ্গে সম্পর্ক কীভাবে মেরামত করা যায় এবং কোন পদক্ষেপ বাস্তবায়নযোগ্য, তা সরকারকে খতিয়ে দেখতে হবে বলে জানান তিনি।

লেবার পার্টির সম্মেলনে মঙ্গলবার দেওয়া বক্তব্যের পর তার এই মন্তব্য আসে। সেখানে তিনি চলতি বছরের শেষ দিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অনুষ্ঠেয় বিলম্বিত শীর্ষ সম্মেলনে যুক্তরাজ্য ও ইইউর সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিভিন্ন বিকল্প পর্যালোচনার কথা জানান।

বিবিসি জানিয়েছে, বার্নহামের এই অবস্থান আগামী সাধারণ নির্বাচনে যুক্তরাজ্যের ইউরোপনীতি নিয়ে বড় ধরনের রাজনৈতিক বিতর্কের ক্ষেত্র তৈরি করতে পারে। কনজারভেটিভ পার্টি অভিযোগ করেছে, লেবার সরকার ব্রেক্সিটের সময়কার পুরোনো বিতর্ক আবার সামনে আনতে চাইছে।

বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ অনুষ্ঠানে বার্নহাম বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের প্রশ্নটি অনির্দিষ্ট অবস্থায় রেখে দিতে চান না। আগামী দশকে ব্রিটেন কোন দিকে এগোবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি করা প্রয়োজন বলেও তিনি জানান।

যুক্তরাজ্য আবার ইইউতে যোগ দেবে কি না—এমন প্রশ্নের জবাবে বার্নহাম বলেন, তিনি সম্ভাব্য বিকল্পগুলো পর্যালোচনা করতে চান। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাজ্য বর্তমান অবস্থায় থাকতে পারে, আবার কাস্টমস ইউনিয়নে যোগ দেওয়া কিংবা একক বাজারে যুক্ত হওয়ার মতো বিকল্পও বিবেচনা করা যেতে পারে।

তিনি বলেন, যুক্তরাজ্য চাইলে ‘পুরো পথ’ এগিয়ে গিয়ে ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে পারে। তবে কোন ব্যবস্থা বাস্তবায়নযোগ্য এবং প্রতিটি বিকল্পের সুবিধা ও অসুবিধা কী—তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানান তিনি।

যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জুক্কা সালোভারা বলেন, ইইউর সঙ্গে সহযোগিতা আরও গভীর করার ক্ষেত্রে দরজা খোলা রয়েছে। তবে যুক্তরাজ্যের জনগণকেই ইউরোপের সঙ্গে সম্পর্ক কতটা গভীর করতে চায়, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেভি বলেন, তার দল একক বাজার ও কাস্টমস ইউনিয়নে যুক্ত হওয়ার মাধ্যমে অর্থনীতি শক্তিশালী করা, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং মানুষের কর কমানোর জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছে।

তবে লিবারেল ডেমোক্র্যাটদের ইউরোপবিষয়ক মুখপাত্র আল পিঙ্কারটন বলেন, বর্তমানে ইইউতে পুনরায় যোগ দেওয়ার কোনো প্রস্তাব আলোচনায় নেই। তার মতে, যুক্তরাজ্য আবার ইইউতে যোগ দিতে চাইলে তাকে কার্যত নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হতে পারে।

রিফর্ম ইউকের ডেপুটি নেতা রিচার্ড টাইস বার্নহামের অবস্থানের সমালোচনা করে অভিযোগ করেন, তিনি ‘পেছনের দরজা দিয়ে’ যুক্তরাজ্যকে আবার ব্রাসেলসের দিকে নিয়ে যেতে চাইছেন। ব্রেক্সিটের কারণে ক্ষতির যে দাবি বার্নহাম করেছেন, তার সঙ্গেও তিনি দ্বিমত পোষণ করেন।

কনজারভেটিভ পার্টির ডেপুটি নেতা অ্যালেক্স বার্গহার্ট বলেন, লেবার সরকার তাদের অর্থনৈতিক সিদ্ধান্তের দায় এক দশকেরও বেশি আগে অনুষ্ঠিত ব্রেক্সিট গণভোটের ওপর চাপাতে পারে না। তিনি আরও অভিযোগ করেন, লেবার সরকারের ইইউ পুনঃসম্পর্ক স্থাপনের উদ্যোগ যুক্তরাজ্যকে ‘পেছনের দরজা দিয়ে’ ইউরোপীয় ইউনিয়নের দিকে নিয়ে যাচ্ছে।

এর আগে মঙ্গলবার লেবার পার্টির সম্মেলনে বার্নহাম ব্রেক্সিটকে অভিবাসন ও অর্থনীতির ওপর যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে যুক্ত করেন। ইউরোপের সঙ্গে বর্তমান সম্পর্ক যথেষ্ট ভালো নয় বলেও তিনি মন্তব্য করেন।

বার্নহাম জানান, বছরের শেষ দিকে ইইউর সঙ্গে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনকে কাজে লাগিয়ে যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপের দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্য বিভিন্ন বিকল্প তুলে ধরতে চান তিনি। একই সঙ্গে যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট করতে একটি বিকল্প নিয়ে ঐকমত্য তৈরির কথাও বলেন তিনি।

যুক্তরাজ্যের ২০২৪ সালের লেবার নির্বাচনী ইশতেহারে ব্রেক্সিটকে কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং ইইউর কাস্টমস ইউনিয়ন বা একক বাজারে পুনরায় যোগ দেওয়ার বিষয়টি নাকচ করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বরং খাদ্যমানের সমন্বয়, তরুণদের জন্য ভিসা চুক্তি এবং ইইউর কার্বন ট্রেডিং ব্যবস্থার সঙ্গে ব্রিটিশ শিল্পকে যুক্ত করার মতো সীমিত পরিসরের সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন।

স্টারমার প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ইইউর সঙ্গে নির্ধারিত গ্রীষ্মকালীন শীর্ষ সম্মেলন পিছিয়ে যায়। বার্নহাম জানিয়েছেন, বছরের শেষ দিকে অনুষ্ঠেয় ওই সম্মেলনে তিনি যুক্তরাজ্যের অর্থনীতিকে রূপান্তরের জন্য ১০ বছরের একটি পরিকল্পনাও প্রকাশ করতে চান।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের স্কুলে নতুন ইউনিফর্ম নীতিঃ অভিভাবকদের খরচ কমাতে বড় সিদ্ধান্ত

যুক্তরাজ্যে ছোট্ট গ্রামে ১,২৫০ অভিবাসী রাখার পরিকল্পনাঃ লেবার সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

ইউরোপে সবুজ জমি হারানোর দৌড়ে যুক্তরাজ্য পঞ্চম স্থানে