ইউরোপীয় ইউনিয়নের বাইরে অনিয়মিত অভিবাসীদের জন্য প্রথম ‘রিটার্ন হাব’ বা প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের চুক্তি ঘোষণা করতে যাচ্ছে ইইউর পাঁচটি সদস্য রাষ্ট্র। আজ সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস—এই পাঁচটি দেশ যৌথভাবে এ উদ্যোগে যুক্ত। ইউরোপ থেকে বহিষ্কৃত অনিয়মিত অভিবাসীদের সাময়িকভাবে রাখার জন্য রুয়ান্ডায় কেন্দ্রটি স্থাপনের বিষয়ে তারা রুয়ান্ডা সরকারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরে এটিই হবে প্রথম এ ধরনের কেন্দ্র।
কূটনৈতিক সূত্র ও আলোচনার সঙ্গে পরিচিত একাধিক সূত্র জানিয়েছে, রুয়ান্ডাকেই চূড়ান্ত গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। চলতি বছরের আগস্টে রুয়ান্ডা সরকার নিশ্চিত করেছিল যে কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে এ বিষয়ে ‘প্রাথমিক আলোচনা’ শুরু হয়েছে। ভিয়েনায় অভিবাসনবিষয়ক সম্মেলনে অংশ নিতে রুয়ান্ডার একটি প্রতিনিধিদলও পাঠানো হয়েছে।
শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেছিলেন, “আগামী সপ্তাহে ভিয়েনায় বিষয়টি দেখা যাবে।”
এই উদ্যোগ ২০২৪ সাল থেকে শুরু হওয়া ইইউর বহিষ্কার কার্যক্রম জোরদারের বৃহত্তর প্রচেষ্টার অংশ। অভিবাসন নিয়ে ইউরোপীয় জনমনে অসন্তোষ এবং কট্টর ডানপন্থি দলগুলোর নির্বাচনী সাফল্যের প্রেক্ষাপটে নীতিনির্ধারকরা প্রত্যাবাসন ব্যবস্থা উন্নত করার দিকে মনোযোগ দিয়েছেন।
বর্তমানে ইইউ থেকে বহিষ্কারের নির্দেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে মাত্র ৩০ শতাংশেরও কমকে প্রকৃতপক্ষে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে। চলতি বছরের শুরুতে ইইউর একটি সংস্কার প্রস্তাব অনুমোদিত হয়েছে, যার আওতায় কর্তৃপক্ষের আটক করার ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় ভূখণ্ডের বাইরে প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের সুযোগ রাখা হয়েছে।
সমর্থকদের মতে, এ ধরনের কেন্দ্র বহিষ্কৃত অভিবাসীদের চূড়ান্ত গন্তব্য বা অন্য দেশে পাঠানোর আগে স্থানান্তর কেন্দ্র হিসেবে কাজ করবে। এতে প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ হবে এবং অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা নিরুৎসাহিত হবে।
মানবাধিকার সংগঠনগুলো এ উদ্যোগ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। তারা আশঙ্কা করছে, যথাযথ তদারকি ছাড়াই এসব কেন্দ্র ‘আইনি অন্ধকার গহ্বর’ হয়ে উঠতে পারে এবং অভিবাসীরা দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে আটকে থাকতে পারেন।
হিউম্যান রাইটস ওয়াচ রুয়ান্ডার মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। সংস্থাটির জ্যেষ্ঠ আফ্রিকাবিষয়ক গবেষক ক্লেমেন্টিন দ্য মঁজোয়া বলেছেন, “বহিষ্কার কার্যক্রম পরিচালনার জন্য কিগালিকে অর্থ দেওয়া হলে শুধু বহিষ্কৃত ব্যক্তিদের দুর্ভোগ ও ক্ষতিই হবে না, বরং দেশের ভেতরে ও বাইরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী একটি সরকারকে অর্থায়ন এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগও দেওয়া হবে।”
২০২২ সালে যুক্তরাজ্যের সঙ্গে রুয়ান্ডার অনুরূপ একটি চুক্তি হয়েছিল, যা পরে লন্ডন বাতিল করে দেয়। বর্তমান ইইউ উদ্যোগের সঙ্গে তার একটি পার্থক্য হলো—এখানে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদেরই পাঠানো হবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গত সপ্তাহে জানিয়েছেন, ইউরোপীয় এ উদ্যোগ ‘আগ্রহের সঙ্গে’ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে নিজেদের পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তা করা হচ্ছে।
পাঁচটি দেশ আশা করছে ২০২৭ সালের মধ্যে কেন্দ্রটি চালু করা সম্ভব হবে। শুরুতে পরীক্ষামূলকভাবে প্রায় ১০০ জন অভিবাসীকে রাখার পরিকল্পনা রয়েছে। প্রতিটি দেশ থেকে প্রায় ২০ জন করে পাঠানো হতে পারে।
কেন্দ্রটি প্রচলিত অর্থে কোনো আটককেন্দ্র হবে না। রুয়ান্ডার কর্তৃপক্ষ এটিকে ‘অভ্যর্থনা কেন্দ্র’ হিসেবে নামকরণ করতে আগ্রহী। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, কিছু অভিবাসীর দেশটিতে থেকে যাওয়া ও কাজ করার সুযোগও থাকতে পারে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করতে পারে। আইওএমের এক মুখপাত্র বলেছেন, “ট্রানজিট পরিস্থিতিতে থাকা অভিবাসীদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে আইওএমের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে জটিল পরিস্থিতিও অন্তর্ভুক্ত।” সংস্থাটি কয়েকটি ইইউভুক্ত দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালাচ্ছে।
অভিবাসন এখনো ইউরোপের অন্যতম বিতর্কিত রাজনৈতিক ইস্যু। গত কয়েক বছরে অভিবাসী আগমন কমেছে এবং আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে ইইউ চুক্তি করেছে। তবুও বহিষ্কার হার বাড়ানোর চাপ অব্যাহত রয়েছে। রুয়ান্ডায় প্রস্তাবিত কেন্দ্রটি সেই চাপ মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
সূত্রঃ ইনফোমাইগ্র্যান্টস
এমকে

