ব্রেক্সিটের পর যুক্তরাজ্যে বসবাসের অনুমতি পাওয়া প্রায় ১ হাজার ৫০০ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নাগরিকের পূর্ণ অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে হোম অফিসের বিরুদ্ধে মামলা করেছে নাগরিক অধিকারবিষয়ক প্রচার সংগঠন ‘দ্য থ্রি মিলিয়ন’। সংগঠনটির অভিযোগ, প্রি-সেটলড স্ট্যাটাস পাওয়া এসব নাগরিককে সম্প্রতি জানানো হয়েছে, তাদের বসবাসের অনুমতি ভুলবশত দেওয়া হয়েছিল। এভাবে তাদের বসবাসের অধিকারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাতিল করা ব্রেক্সিট প্রত্যাহার চুক্তির পরিপন্থী।
শুক্রবার হাইকোর্টে মামলার নথি জমা দিয়েছে সংগঠনটি। তাদের দাবি, হোম অফিস যেসব নাগরিকের প্রি-সেটলড স্ট্যাটাস বাতিল করেছে বা তাদের কিছু অধিকার কেড়ে নিয়েছে, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রত্যাহার চুক্তিতে নির্ধারিত আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়নি। এসব সুরক্ষার মধ্যে রয়েছে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকার এবং সিদ্ধান্তটি সংশ্লিষ্ট ব্যক্তির জন্য কতটা যুক্তিসংগত বা আনুপাতিক, তা যাচাই করা।
সংগঠনটির মতে, অনেক ইইউ নাগরিক হোম অফিসের দেওয়া বসবাসের অনুমতির ওপর ভিত্তি করে যুক্তরাজ্যে নিজেদের জীবন গড়ে তুলেছেন। তাদের চাকরি, পরিবার ও সামাজিক জীবন এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর হঠাৎ করে আগের সিদ্ধান্তকে ভুল ঘোষণা করে অধিকার কেড়ে নেওয়া গুরুতর প্রভাব ফেলতে পারে।
এ ধরনের ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৩৩ বছর বয়সী এক ব্রাজিলীয়-ইতালীয় প্রকৌশলী। ২০১৮ সাল থেকে তিনি লন্ডনে বসবাস করছেন। প্রথমে হোম অফিস তাকে জানায়, তার সেটলড স্ট্যাটাস পাওয়ার কথা ছিল না। তাকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়া হলেও তার ব্রাজিলীয় স্ত্রীকে থাকার অধিকার দেওয়া হয়নি। তবে আপত্তি ওঠার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
আরেকজন আক্রান্ত নারী যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসে কাজ করেন এবং দন্তচিকিৎসায় পিএইচডি করছেন। হোম অফিসের নোটিশ পাওয়ার পর তার জীবন ওলটপালট হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
ইতালীয় বংশোদ্ভূত ব্রাজিলীয় নাগরিকদের কয়েকটি ঘটনা সামনে আসার পর হোম অফিসের নীতির বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে। ইতালির আইনে যাদের বাবা-মা বা দাদা-দাদি-নানা-নানি ইতালীয়, তাদের অনেকে জন্মসূত্রে ইতালীয় নাগরিক হিসেবে বিবেচিত হন। এই নাগরিকত্বকে বলা হয় ‘জুরে সাঙ্গুইনিস’। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদের আবেদনের সময় ইতালীয় পাসপোর্ট না থাকায় হোম অফিস তাদের নাগরিকত্বের প্রমাণ নিয়ে প্রশ্ন তোলে এবং তাদের দেওয়া বসবাসের অনুমতিকে ভুল বলে দাবি করে।
তবে ২০২৬ সালের অক্টোবরে হোম অফিস নীতিতে পরিবর্তন আনে। কর্তৃপক্ষ জানায়, কেউ তার ইতালীয় নাগরিকত্ব এবং ‘জুরে সাঙ্গুইনিস’ পদ্ধতিতে নাগরিকত্ব অর্জনের প্রমাণ দিতে পারলে তাকে জন্ম থেকেই ইতালীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। করোনাভাইরাস মহামারির সময় সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই ইতালীয় পাসপোর্ট সংগ্রহ করতে পারেননি বলে অভিযোগ রয়েছে।
দ্য থ্রি মিলিয়নের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মনিক হকিন্স বলেন, হোম অফিস প্রত্যাহার চুক্তিতে নিশ্চিত করা আইনি সুরক্ষা থেকে নাগরিকদের বঞ্চিত করছে। তার ভাষায়, কর্তৃপক্ষ বলছে সংশ্লিষ্ট ব্যক্তিরা চুক্তির আওতায় পড়েন না, তাই তাদের ন্যায্য মূল্যায়ন কিংবা আপিলের সুযোগ দেওয়ার প্রয়োজন নেই। এটি এমন একটি অবস্থানের মতো, যেখানে কাউকে ‘স্পষ্টতই দোষী’ দাবি করে বিচার পাওয়ার অধিকার অস্বীকার করা হচ্ছে।
হকিন্স আরও বলেন, ইতালীয় নাগরিকত্বের বিষয়ে হোম অফিসের সাম্প্রতিক নীতিগত পরিবর্তন প্রমাণ করে, ভুল ধরিয়ে দেওয়া হলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। ২০২৫ সালের শুরু থেকে তারা এ বিষয়ে হোম অফিসের সঙ্গে যোগাযোগ ও প্রচেষ্টা চালালেও নীতিতে পরিবর্তন না আসায় আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন।
মামলায় সংগঠনটি আদালতের কাছে হোম অফিসের ‘ভুলবশত অনুমতি প্রদান’ নীতিকে বেআইনি ঘোষণার আবেদন জানিয়েছে। তাদের দাবি, এই নীতি ব্রেক্সিট প্রত্যাহার চুক্তি এবং যুক্তরাজ্যের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে নীতির বেআইনি অংশগুলো বাতিল করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ারও আবেদন করা হয়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, ব্রেক্সিটের পর ইইউ নাগরিকদের জন্য চালু করা সেটলমেন্ট স্কিমে যুক্তরাজ্য অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় ন্যূনতম শর্তের চেয়েও নমনীয় ছিল। আবেদনকারীদের ক্ষেত্রে প্রমাণপত্র জমা দেওয়ার সুযোগে নমনীয়তা এবং কিছু ক্ষেত্রে কর্মকর্তাদের বিবেচনামূলক সিদ্ধান্তের মাধ্যমে অনুমতি দেওয়া হয়েছিল। ফলে অনেকেই এখন নিশ্চিত হতে পারছেন না, তাদের স্ট্যাটাস প্রত্যাহার চুক্তির শর্ত পূরণের ভিত্তিতে দেওয়া হয়েছিল, নাকি যুক্তরাজ্যের অভিবাসন বিধি, প্রমাণপত্রের নমনীয়তা কিংবা কর্মকর্তাদের বিশেষ বিবেচনায় দেওয়া হয়েছিল।
এর আগে ২০২২ সালেও ব্রেক্সিট প্রত্যাহার চুক্তি বাস্তবায়ন নিয়ে হোম অফিসের বিরুদ্ধে মামলা হয়েছিল। সে সময় স্বাধীন পর্যবেক্ষণ সংস্থা ইন্ডিপেনডেন্ট মনিটরিং অথরিটি (আইএমএ), দ্য থ্রি মিলিয়নের সমর্থনে, প্রি-সেটলড স্ট্যাটাসের মেয়াদ শেষ হলে ইইউ নাগরিকদের পুনরায় সেটলড স্ট্যাটাসের আবেদন করতে বাধ্য করার নীতির বিরুদ্ধে আদালতে যায়। ওই নিয়মের কারণে নাগরিকদের কাজ ও বাড়ি ভাড়া নেওয়ার অধিকার ঝুঁকির মুখে পড়তে পারে বলে অভিযোগ করা হয়েছিল। পরে হাইকোর্ট ওই নীতিকে বেআইনি ঘোষণা করেন।
এবারের মামলার বিষয়ে হোম অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন, আদালতে আইনি কার্যক্রম চলমান থাকায় এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে পারবেন না।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

